ভারতের সমুদ্রসীমার মানচিত্র অগ্রহণযোগ্য: দীপু মনি
ভারতের সমুদ্রসীমার মানচিত্রটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে শিগগির তা পরিবর্তনের দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, সমুদ্রসীমা নিয়ে দুই দেশের বিরোধ নিষ্পত্তি করতে শিগগিরই এই মানচিত্রে পরিবর্তন আনা উচিত।
মিসরে ভারতের বহিঃসম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী শশী থারুরের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর পঞ্চদশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে দীপু মনি এখন মিসর অবস্থান করছেন।
ভারতের দেওয়া মানচিত্রটিকে 'খুবই অ্যাগ্রেসিভ' আখ্যা দিয়ে বৈঠকে দীপু মনি বলেন, "আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডে জলসীমা নির্ধারণ করা উচিত।"
বৈঠকে দুই দেশের সীমানা পুনর্র্নিধারণ ও ছিটমহলের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে। গত মে মাসে বাংলাদেশের দাবি করা জলসীমাকে নিজেদের উল্লেখ করে ভারত জাতিসংঘের কাছে একটি মানচিত্র জমা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়, "বৈঠকে দীপু মনি টিপাইমুখ বাঁধ ইস্যু তুলে ধরে বলেছেন, এ বাঁধের ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে- বিষয়টি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ভারতের এ ব্যাপারে অগ্রসর হওয়া ঠিক হবে না।"
জবাবে ভারতের প্রতিমন্ত্রী থারুর বাংলাদেশের স্বার্থে আঘাত হানে এমন কোনো কিছুই তার দেশ করবে না বলে দীপু মনিকে আশ্বস্ত করেন।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ভারতের কাছে মূল্যবান। এমন কিছু করা হবে না যা এই সম্পর্কে ফাটল সৃষ্টি করে।
ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য অসমতার কথা তুলে ধরে দীপু মনি বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা অপসারণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
সূত্র:http://bdnews24.com/bangla/details.php?cid=2&id=53975&hb=top

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


