ভয় নেই, আর মাত্র কটা দিন।
তোমাদের যাবতীয় বিরক্তি সীমা অতিক্রান্ত হবার আগেই
আমি চলে যাচ্ছি। আমার ব্যাগ গোছানো শেষ হয়েছে সবে
অবশ্য আমার যা সম্পত্তি তাতে গোছানোর মতন কিছুই নেই....
মনকেও গুছিয়ে নিয়েছি প্রায়। হু, প্রায় বলছি এখনো
যতই চেষ্টা করতে যাই, কিসের যেন একটা পিছুটান
আমাকে বেধে রাখতে চায়, গ্রাস করে নিতে চায় আপাদমস্তক।
তবু এখনো আমি হার মানিনী।
কোনো এক মন খারাপ করা সন্ধ্যাবেলা আমি উঠে পরবো বাসে
হৃদয়পুর থেকে মৌন-ঘাটা অথবা
সপ্নপুর থেকে বাস্তব নগর।
তারপর এক এক করে ভুলতে থাকবো সব
পিছনের সমস্ত গ্লানি,
সেই লক্ষ্মী মেয়েটা,
জানালার গ্রীলে মাঝ রাতের নরম আলো
এবং আমার জন্ম গ্রহণের ইতিহাস।
পরিচয় হারিয়ে পূনর্জন্মে আমি আগন্তুক হব এক!
হয়তো ওড়াও আমাকে ছুড়ে ফেলবে, যেমন করে ছুড়ে ফেলেছিল
ক্ষুধার্ত নেকড়ে আমার অস্থি-মজ্জা সেই বরফ যুগে।
আমি প্রস্তুতি নিচ্ছি। আল্লার কসম, ভগবানের কিরা,
আমাকে আর কটা দিন সময় দাও, মাত্র কটা দিন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


