কি আশ্চর্য অবলীলায় আমাকে গ্রাস করে নিলে তুমি
ঘর-দোর, চৌকাঠের আগল পেরিয়ে
অনায়াস দক্ষতায় আমার অস্তিত্বে গেঁথে দিলে তোমার পতাকা।
আমাকে ঠুঁটো জগন্নাথ করে ছিঁড়ে খুঁড়ে ভরে নিলে
বুকের গহীনে। বাকি ছিল কেবল স্মৃতিগুলো
প্যান্ডোরার বাক্সে বন্দী শেষ অনুভূতি, সেটার দিকেও যখন
চোখ ফেললে, আমি আলগোছে নিজেকে সমর্পণ করে দিলাম
তোমার হাতে। সমস্ত লুকনো সিন্দুকের দোর খুলে দিয়ে
বললাম "নিয়ে যাও"।
আমাকে নিংড়ে রিক্ত করে নিয়ে তুমি বললে, "আমিও যে তোমার মতোই নিঃস্ব!"
চলে যাচ্ছিলে, চৌকাঠে পা বাজলো কি? হোঁচট খেলে?
অজান্তেই আঙ্গুলের ফাঁক গলে ছোট্ট একটা স্মৃতি পরে রইল আমার উঠোনে।
ধুলো ঝেড়ে নিয়ে তুলতেই দেখি
আমাদের সেই অলৌকিক চুক্তি পত্র, যেখানে আজো জ্বল জ্বল করছে তিনটি
স্বাক্ষর; তোমার, আমার আর আমাদের মিলিত স্বপ্নের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



