সংকোচে জানাই আজ
একবার মুগ্ধ হতে চাই।
তাকিয়েছি দুর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি
এতদিন সাহস ছিলনা কোন ঝর্না জলে লুন্ঠিত হবার।
আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে।
জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ।
তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক
ফেলে রেখে গেছে পথে
জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালার মত এখনও জড়িয়ে রাখ চুলে
আজ যদি বলি
সেই মালার কঙ্কালগ্রন্থি ছিন্ন করবার জন্য আমি অধিকার চাইতে এসেছি
যদি বলি, দেখ আমিই সেই পুরুষ যার জন্য এতকাল অক্ষত রেখেছ ঐ রোমাঞ্চিত যমুনা তোমার।
শোন, আমি রাত্রিচর
আমি এ সভ্যতার মাঝে এখনও গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা।
সমস্ত যৌবন ধরে ব্যধি ঘোর কাটেনি আমার,
আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যর পাশে বসে
আমি জন্মান্ধ মেয়েকে জোৎস্নার ধারনা দেব বলে রাত্রির এই মরুভুমিকে এখনও জাগিয়ে রেখেছি।
দেখ সেই মরু রাত্রির চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত
যদি বুঝে থাক তবে একবার মুগ্ধ কর এই বধির কবিকে
সে যদি সংকোচ করে তবে লোকসম্মুখের আড়ালে তাকে অন্ধ কর
তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার
পৃথিবী দেখুক এক তীব্র সুর্যের সামনে দাড়িয়ে তুমি
ক্লান্ত পথচারিদের আগুনে স্তম্ভিত করে রেখে
উন্মাদ কবির সঙ্গে স্নান করছ
প্রকাশ্য ঝর্নায়।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



