[লেখাটা উতসর্গ করা হলো চরম ফুটবলপ্রেমীদের]
সময়টা ২০০৫ সাল। কোন এক টার্ম ফাইনালের কিছুদিন আগে।হলে থেকে পড়াশোনা করার চেষ্টা করে যাচ্ছি,যদিও পড়াশোনা তেমন হয়না,যা হয় তা হলো অন্যদের রুমে ঘুরে ঘুরে আড্ডা আর এদিক-ওদিক ঘুরাঘুরি।এর মাঝে এসে গেলো চ্যাম্পিয়নস লীগের ফাইনাল,খেলা হবে এসি মিলান আর লিভারপুলের মাঝে। বড় কোন টুর্নামেন্টের ফাইনাল ভার্সিটির হলে কেমন উত্তেজনা সৃষ্টি করে,যারা হলে থাকে তারাই বোঝে,সারাদিন কাজকর্ম বাদ দিয়ে দুই দলের আগাগোড়া পোস্টমর্টেম করলাম,রাতে সবাই জড়ো হলাম রশীদ হলের টিভি রুমে। ভয়াবহ গরম,সেটাকে আরো গরম করে তুলেছে দুই দলের সমর্থকরা,যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে,হুইসেল,ডুগডুগি,টিনের কিছু একটা,আর যারা কিছু পায়নি,তাদের সম্বল চাপার জোর। খেলা চলছে,সাথে তুমুল হট্টগোল,ছোটখাটো স্টেডিয়াম।আমার পাশে এক বন্ধু,২ জনই এসি মিলানের হয়ে গলা ফাটাচ্ছি। এসি মিলান ১ম হাফেই ৩ গোল দিয়ে দিল,লিভারপুলের সমর্থকরা ঝিম মেরে গেছে,খেলার ফলাফল নিয়ে কারো তেমন কোন সংশয় নেই।পাশ থেকে বন্ধু বললো,এই সিজনে যতদিন খেলা দেখসি হলে সবদিন হারসি,আজকে জিতমু,যাক। ১ম হাফ শেষ,ভাবলাম,যাই রুম থেকে ঘুরে আসি,শেষ দিকে এসে বাকিটা দেখবো,যা গরম।
কিন্তু ভুলে গিয়েছিলাম খেলাটা ক্রিকেট না,ফুটবল,এখানে উঠে গেলেন তো ঠকে গেলেন। ২ বন্ধু মিলে রুমে গিয়ে মাত্র বসেছি,সাথে সাথে "গোওওওওল" বলে বিকট চিতকার,আর 'লিভারপুল,লিভারপুল' হল্লাতে বুঝলাম,গেলো ১টা বল মিলানের জালে। ৩ তলায় আমাদের রুম,আবার নিচে নেমে ২ তলায় টিভি রুম,যাবো কি যাবোনা ভাবতে ভাবতেই আবার "গোওওওওওওল"। এবার আর কোন কথা নেই,২ জনই ভোঁ দৌড়। টিভি রুমে ঢোকা মাত্রই আবার আমাদের থামিয়ে দিয়ে বল আরেকবার মিলানের জালে,৩-৩। আমরা মোটামুটি হতভম্ব,৯ মিনিটে ৩টা গোল দেখে। বাকি সময়টা লিভারপুল সমর্থকদের আস্ফালন দেখে খেলা দেখলাম,শেষটা আরো করুণ,টাইব্রেকারে খেলা জিতলো লিভারপুলই,আমরা মুখ চুন করে রুমে ফিরলাম। কাকে দোষ দিবো বুঝতে না পেরে,তখনকার মতো বন্ধুটার উপরই দোষ,তুই শালা কুফা,নাইলে আজকে জিততোই মিলান,তোর দোষ। সে রাতের পড়া বাতিল,বাকি রাত গেলো খেলা নিয়ে তুমুল তর্কে।
আজকে আবার চ্যাম্পিয়নস লীগের ফাইনাল,আবারো মুখোমুখি এসি মিলান আর লিভারপুল। ভাবছি,আজ কি হবে,গতবারের মতই মুখ চুন করে ঘুমাতে আসবো,নাকি গলাবাজিটা এবার ডাবল করে আগেরবারের শোধ তুলে নিতে পারবো?
[হ্যাঁ,এইবারে শোধ উঠেছে,এসি মিলান ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে দিয়ে ২০০৭ এর চ্যাম্পিয়নস লীগ জিতে নিলো,মালদিনির শেষ(সম্ভবত) চ্যাম্পিয়নস লীগটা বিজয় দিয়েই শেষ হলো]
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



