আমার প্রিয় পোস্ট

বিষণ্নতা

১৩ ই মে, ২০০৮ রাত ১:১৬

শেয়ারঃ
0 0 0

এই অনিন্দ্যসুন্দরী প্রস্টিটিউট নগরীতে,ঝাঁ চকচকে পিতলরঙা লু হাওয়া বিকেলে,আজ আমার মন খারাপ। নীলচে রঙা খারাপ না,হলদে রঙা অসুস্থ রকমের খারাপ। সেটা মাত্র ১ দিন বেশি ছুটি কাটানোর অপরাধে আজ সকালে চাকরি চলে যাওয়া অফিস এক্সিকিউটিভ ছেলেটার জন্যেও হতে পারে,যদিও সেটাতে আমার কোন কিছু করার নেই,যার গেছে তারও পিতৃদত্ত সম্পদের অভাব নেই,কিন্তু নিজে পরাজিত মানুষ বলেই কারো অপমান,কারো হেরে যাওয়া ঠিক হজম হয়না,কেমন যেন খচমচ করে ভেতরে। কিংবা নিজের একমাত্র অবলম্বন চাকরিটাও যে কোন মুহূর্তে চলে যাবার শংকাতেও হতে পারে,হতে পারে টানা ৩টা ইন্টারভিউতে পরে যোগাযোগ করবো বলে ফিরিয়ে দেবার গ্লানিতেও,যদিও এখানে স্মর্তব্য যে অনেকদিন ধরেই আমাকে সবাই ফিরিয়েই দিচ্ছে সবকিছু থেকেই,মনখারাপ সেক্ষেত্রে একটা দুঃখবিলাস বলেই গন্য হবে। রাস্তায় আড়াআড়ি পড়ে থাকা নির্বাক ক্রাচওয়ালা লোকটা,যার ঠিক ভিক্ষা চাইবার মত সামর্থ্যও ছিল বলে মনে হয়না দাবদাহ বা খিদের অত্যাচারে,যাকে আমার চোখদু'টো আবিষ্কার করেছে রিকশা খোঁজার সময় কিন্তু মনটা এগিয়ে যায়নি সাহায্য করতে,সেই লোকটাও মনখারাপের ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে,ভেবে দেখলে।

কিন্তু যাই ঘটুক না কেন,আমার মন খারাপ। এতটাই খারাপ যে,প্রেসক্লাবের মোড়ে দাঁড়িয়ে রিকশাতে দ্রুত চলে যাওয়া দারুণ সুন্দরী হলেও হতে পারতো মডেল মেয়েটার হাসি হাসি চোখে চোখ পড়ার পরেও দারুণ বিরক্তির একটা চাহনি দিয়ে দিই। এতটাই খারাপ যে প্রেসক্লাব থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটারে যাবার রাস্তার দিকে মাথা নিচু করে হাঁটা ধরে অল্পের জন্য রিকশাচাপা থেকে বেঁচে গিয়ে রিকশাওয়ালার গরগরানিটাও কানে যায়না। এমন মন খারাপের বেলায় কনে দেখা
আলোকেও ডাইনির রক্তচোখ মনে হয়,এমন মন খারাপের বিকেলে সবুজ গাছের ধুসর ডালগুলোকেও ভাবতে হয় শকুনের থাবা। এমন বিষন্ন বিকেলে রিকশাভাড়া নিয়ে দরাদরি করতে ইচ্ছে করে না,রাস্তার দামী গাড়িগুলো দেখে ঈর্ষা করতেও ভাল লাগে না। পাশ থেকে কোন এক হাহাকার করা গানের সুর ভেসে আসে,মেরে দেয়া সুরটা,যেমন হয় আরকি,হয়তো এনিগমা থেকে,কিন্তু বারবার এমন কোন সুর শুনতে মন আনচান করে ওঠে। অন্যদিন বাসায় ফেরার সময় দু'পাশে অন্ধকারে ডুবে থাকা লোডশেডিং নগরীর অন্ধত্ব দেখে মাথায় একটা বিদ্রোহ জেগে ওঠে,কিন্তু এমন একঘেয়ে সন্ধ্যায় শুধু উটের মত মুখ গুঁজে পড়ে থাকতে ইচ্ছে করে। একটানা অন্ধকারে ছুটে চলা বাহনে অনন্তকাল বসে বুক দুমড়ানো সুরটা শুনতে ইচ্ছে করে,অধরা কোন অতৃপ্তিকে সাথে করে।

আজ আমি রামগড়ুরের মতই গোমড়াথেরিয়াম। ঘাড় শক্ত করে চোখ সামনে মেলে রিকশাতে করে বাসায় চলে এসেছি,কাল বিকালে দেখেছিলাম মৌচাক মোড়ে নতুন একটা বিজ্ঞাপনের হোর্ডিং টানানো হয়েছে,বেশ চিকমিকে চেহারার দু'টো ছেলেমেয়ে ছিল যেন সেটায়,বিজ্ঞাপনটা কি মোবাইলের নাকি কোল্ড ড্রিংকসের সেটা নিশ্চিত হব আজ ভেবে রেখেছিলাম,দেখা হল না আজকে। ঘুম ঘুম ভাবনা নিয়ে বাসায় ঢুকে আজকে লোডশেডিংয়ের উপর রাগ করে ব্যাগটা ছুঁড়ে ফেলতেও ভুলে গেছি,এই বালের দেশের কিসু হইবো না বলে মুখ খারাপ করতেও আজ আলসেমি করেছি। চালের বাজারদর নিয়ে আজকে মাথার ঘাম ফেলিনি,দেশের মসীহা দুর্দিনের স্বঘোষিত কাণ্ডারি ফখরুদ্দিন তাঁর ভাষণে কি বললেন সেটা জানারো দরকার মনে করিনি এই গুমোট রাতে। একুশে টিভির খবর বন্ধ হবার গরম খবরও আজ আমাকে স্পর্শ করে না,আজ শুধুই আমার মনখারাপের দিন,মানবচিন্তার চেয়ে আজ আমার মত স্বার্থপরের ব্যক্তিচিন্তাই বড়। পাশের বাড়ির ছাদে অনবরত ডিজুস প্রেম চালিয়ে যাওয়া ছেলেছোকরাগুলোকে আজ দেখার সময়
পাইনি,নিচতলার নেশাড়ু ছোকরার রাতবিরাতের গান শুনেও ভুরু কুঁচকাইনি। অন্ধকারে প্যানপ্যান করা মশার কামড়ে মেয়রের ১৪ গুষ্ঠী উদ্ধার করার সুযোগও হয়নি। আগামীকাল নিয়ে ভাবিনি,গতকালটাকে ফিরিয়ে আনিনি। পায়ের লম্বা নখ উলটে যাওয়া নিয়ে চিন্তা করিনি,সাতদিনের গজানো দাড়িটাও চুলকাইনি একবারো। কারো সাথে ঝগড়া ছাড়া পার করে দিলাম একটা দিন,হাসি ছাড়া পার করে দিলাম একটা রাত। দেশটা রসাতলে যাবে কিনা অথবা আমি আগামীকাল বেঁচে থাকব কিনা,কিংবা চারপাশের অসংখ্য জিনিয়াসের ভিড়ে আমি একাই
মিডিওকোর কিনা, এমন ফাঁকা দার্শনিক চিন্তা ছাড়াও প্রেসার কুকারে ঢোকানো একটা বিকেল কাটিয়ে দিলাম।

আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না।,আজ আমি আর কিছু ভাববো না।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এলোমেলো ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মে, ২০০৮ রাত ১:২২
একরামুল হক শামীম বলেছেন:

আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না।,আজ আমি আর কিছু ভাববো না।

আমিও তাই। মন খারাপ হয়ে আছে। কিন্তু ঠিক ধরতে পারছি না কেন!!
১৩ ই মে, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: অকাজেও মাঝে মাঝে মন খারাপ হয়,শামু ভাইয়ের মনে হয় তাই হইসে,বিয়া কইরা ফালান:)

২. ১৩ ই মে, ২০০৮ রাত ১:২৬
হনলুলু বলেছেন: মন খারাপ টা ভাল্লাগছে ........
তবুও মন খারাপ কৈরেন না ..........
১৩ ই মে, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: চেষ্টা করতাসি না করার,এই জন্যই এইখানে বইসা আসি।

১৩ ই মে, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: ক্যান,আপনের না মন খারাপ কিন্তু কারণ পাইতাসেন না? বিয়া করেন বউ আইলে আশা করা যায় এইসব ভূত ঘাড় থাইকা নামায়া দিবে:)

১৩ ই মে, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক।

৫. ১৩ ই মে, ২০০৮ রাত ১:৪৯
শফিউল আলম ইমন বলেছেন: অসাধারন লেখা।
মন খারাপ করা লেখা। আপনার মন খারাপের কারণ অনুধাবন করতে পারছি।
মন ভালো করার চেষ্টা করেন। নিজে আশাহত হয়ে আপনাকে আশার বাণী শুনাতে চাচ্ছিনা। তবে, যখন যা আসে সেটা সহজভাবে মেনে নেয়াই ভালো। আমার মন খারাপ হইতে হইতে এমন অবস্থা এখন অনুভূতি ভোঁতা হয়ে গেছে। বুঝতেও পারিনা কখন, কেন মন খারাপ।

তারপরও ভালো থাকুন যতটুকু সম্ভব।
চিয়ার আপ বস।
১৩ ই মে, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: আজকে আর চিয়ার আপ হচ্ছে না,শেষমেশ বিষ ঝাড়লাম ব্লগের উপর:(

৬. ১৩ ই মে, ২০০৮ রাত ১:৫১
একরামুল হক শামীম বলেছেন: মিয়া প্যাচে ফালাইতে চান! নিজে বিয়া না কইরা আমারে কন!!! মামলা করুম আপনার নামে।
১৩ ই মে, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: আমার নিজের খাওয়ার পয়সা নাই,আবার বিয়া। আপনে করেন,এক বেলা আরাম কইরা খাওয়াদাওয়া করমু:)

৭. ১৩ ই মে, ২০০৮ রাত ১:৫২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এরকম মন খারাপ হওয়া ভালো ! এরকম মন খারাপ হলে এরকম চমৎকার লেখা পাওয়া যায় ।

মন খারাপ ভাব কেটে যাক । মন ভালো হয়ে যাক ।
১৩ ই মে, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: আপনের কথা শুইনা মনে পড়লো,একবার আলুর গুদামে আগুন লাগসিলো (কসম জেনারেল মইনের আলুর গুদাম না),তো গোপাল ভাঁড় সেই আগুনে পোড়া আলু খাইতে খাইতে মালিকরে জিগায় আহারে আবার কবে আগুন লাগবো? আমার তো ঐ অবস্থা হইসে দেখি:(

৮. ১৩ ই মে, ২০০৮ রাত ১:৫২
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আপনার মন খারাপ এর বর্ননা দেখে মনে হচ্ছে দেশে আমি একাই খারাপ নাই। বেশ শান্তি শান্তি লাগলো! :P ...আশা করছি খুব তাড়াতাড়ি মন ভাল হয়ে যাবে ! :)
১৩ ই মে, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: হ,আরেকজনের মন খারাপ দেখলে শান্তি লাগেই:( আপনার আশা সত্যি হোক।:)

৯. ১৩ ই মে, ২০০৮ রাত ২:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক দিন মন খারাপ করি না , কেন হয় না ?

ব্লগে যত ব্লগার লগড-ইন আছে সবার চাইতে তোমার মন খারাপ , ঢাকা শহরে এত রাতে যতজন জেগে আছে , তাদের সবার চাইতেও তোমার মন খারাপ (মজা করলাম না কোন , সিরিয়াস)
১৩ ই মে, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: হুম,তোমার ফূর্তি দেইখা এখন আমার মেজাজও খারাপ:(

১০. ১৩ ই মে, ২০০৮ রাত ২:০৬
ত্রিভুজ বলেছেন: এরকম মন খারাপ হওয়া ভালো ! এরকম মন খারাপ হলে এরকম চমৎকার লেখা পাওয়া যায় । ......
১৩ ই মে, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন: মন ভালো করার একটা প্রোগ্রাম বানায়া ফেলেন:(

১১. ১৩ ই মে, ২০০৮ রাত ২:৩৪
মুরগী চোর বলেছেন: ভাই, অসাধারন লিখেছেন । বিষণ্ণতার সাথে ক্ষোভ মিশে গেছে । অপূর্ব ।
১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১২. ১৩ ই মে, ২০০৮ রাত ২:৩৮
শেরিফ আল সায়ার বলেছেন: মন খারাপ দেখে কিছুই করবেন না? আজ রাতের অর্ধ চাঁদটাকে দেখেন।
১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: লোডশেডিংয়ের নগরীতে দেখার জন্য শুধু চাঁদটাই থাকে,রোজই দেখি:(

১৩. ১৩ ই মে, ২০০৮ ভোর ৪:২৪
নিলা বলেছেন: আবারও মন খারাপের কেচাল!!!!!!!! X(


হয়েছে কি?! মন খারাপ কেনো?
১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: কারণ তো অনেক থাকে,কিন্তু কারণ শোনার সময় আজকাল কারো নেই,কাজেই সেগুলো না বলি।

১৪. ১৩ ই মে, ২০০৮ সকাল ৭:২৭
মু্ক্ত মানব বলেছেন: মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে,
দুরে কোথাও দু'এক পশলা বৃ্ষ্টি হচ্ছে,

মন খারাপ করা রাত মানেই কোথাও বাজছে পাখোয়াজ,
বেহাগের করুন সুর, ডাকিছে সানাই ,
হায়, সে নাই,
সে নাই
১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: "মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে,
দুরে কোথাও দু'এক পশলা বৃ্ষ্টি হচ্ছে"
কোথাও তো হচ্ছেই,আকাশে না হোক মনে।

১৫. ১৩ ই মে, ২০০৮ সকাল ৭:২৯
মু্ক্ত মানব বলেছেন: আমার আজ মন খারাপ চীনের গতকালের ভূমিকম্পের শিকার মানুষদের জন্য।
১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ঘূর্ণিঝড়,ভূমিকম্প,দুর্ভিক্ষ,সব মিলে ভাল খবর যেন আসেই না। কে কার দোষে ভুগছে,কে জানে!

১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: সবার মন খারাপ কেন?:(

১৭. ১৩ ই মে, ২০০৮ দুপুর ১২:৩১
কণা বলেছেন: হুমমম........

বিষন্নতা পিছু ছাড়ে না....


১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: আমারটা ছেড়ে দেয় তাড়াতাড়িই,যেমন জেঁকেও বসে আরো তাড়াতাড়ি।

১৮. ১৩ ই মে, ২০০৮ দুপুর ১:৩২
মুনিয়া বলেছেন: হুমম, আমার কথাগুলো মাঝে মাঝে আর কেউ লিখে দেয়...
১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: হুম,মনখারাপের তো আর কপিরাইট নেই,কি আর করা!

১৯. ১৩ ই মে, ২০০৮ দুপুর ১:৪৫
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: মাঝে মাঝে হয়তো কোন কারণ ছাড়াই মন খারাপ হয়, কিন্তু মন ভালো করার মতও কোন কারণ খুঁজে পাই না.......অদ্ভুত একটা নিস্পৃহতা ভর করে এই মনটার উপর। মনে হয় চুলোয় যাক ভালো থাকা...চুলোয় যাক যত অভিযোগ..........আমিও চুপচাপ পড়ে থাকি...থাকি....থাকি......
১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: ঠিক! অদ্ভুত একটা নিস্পৃহতা ভর করে এই মনটার উপর। মনে হয় চুলোয় যাক ভালো থাকা...চুলোয় যাক যত অভিযোগ,সবকিছু চুলোয় যাক।

২০. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৩:৪১
মানব মানিক বলেছেন: " আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না।,আজ আমি আর কিছু ভাববো না। "



ভালো লাগলো .....
কারো মন খারাপ হলেএমন সহজ ভাবে বলা যায়....।
১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ। মানুষের মন খারাপ কিন্তু খুব সহজেই হয়,ভাল হওয়াটাই কঠিন।

২১. ১৩ ই মে, ২০০৮ বিকাল ৫:৫৭
আকাশচুরি বলেছেন: আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না।,আজ আমি আর কিছু ভাববো না।
+++
১৪ ই মে, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২২. ১৪ ই মে, ২০০৮ রাত ৩:৩২
ফেরারী ফেরদৌস বলেছেন: কে যেন বলেছিল, বিষণ্ণতা সৃষ্টিশীলতায় সহায়ক? নাকি আমার কথাই কে যেন বলে চালিয়ে দিলাম! সে যাই হোক, ভাই তুমি বেশ ভাল লিখেছ। মন খারাপ আর ভাল যাই হোক, লিখে যাও আমাদের জন্য। মন আপনাতেই ভাল হয়ে যাবে।
১৪ ই মে, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: মন আজকে আরো বেশি খারাপ,ঢাকার বাইরে যেতে হচ্ছে।

২৩. ১৪ ই মে, ২০০৮ রাত ৩:৪৭
ইফতেখার ইনান বলেছেন: তোর গদ্য চমৎকার.. অতি অতি চমৎকার.. তোর লেখা পড়ে মুগ্ধ থেকে মুগ্ধতর হচ্ছি... :)
১৪ ই মে, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: তোর মত এত ভালনা:)

২৪. ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:১৩
প্রণব আচার্য্য বলেছেন: কেমন আছেন দাউদ ভাই?

ইদানিং ব্লগে ঢুকতে পারি না;

১৫ ই মে, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: ভাল নাই রে ভাই,একদমই ভাল নাই।

২৫. ১৫ ই মে, ২০০৮ বিকাল ৫:১৫
মাজুল হাসান বলেছেন: আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না।,আজ আমি আর কিছু ভাববো না।

এতো শূন্যতা কেনো?

আমাদের বন্ধুজন সুমন সাজ্জাদের একটা কবিতা ছিলো এরকম....
একটি দগদগে শূন্যতাকে কাটলে তুমি;
কিন্তু সে হাসলো,.....
..... এবং সে কাদলোও।

একটি শূন্যতাকেই কাটলে তুমি
অথচ ছুরিতে তার দাগ ছিল-
এক টুকরো শূন্যতার...

ভাল থাকুন। তবু ভাল থাকুন।
১৫ ই মে, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: কারণ আর অকারণ মিলে মাঝে মাঝেই শূন্যতায় ডুবে যাই সবাই,মানুষ তো! তবু ভাল থাকার চেষ্টায় আছি।

২৬. ১৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
কোলাহল বলেছেন: শিরোনাম দেখে আমারও মন খারাপ হয়েছিলো। কিন্তু পড়তে পড়তে একসময় তা পরিনত হল ইর্ষায়।

আমার মন যদি এমন খারাপ হতে পারতো মাঝে মাঝে!
১৮ ই মে, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: নারে ভাই,এমন মন খারাপ হওয়া ভাল না,দুনিয়াটাই অর্থহীন লাগে।

২৭. ১৮ ই মে, ২০০৮ রাত ২:৪৫
উত্তরাধিকার বলেছেন:
মন্তব্য করতে কিঞ্চিৎ দ্বিধা হচ্ছে, তথাপি...
আপনি নিয়ম করে দুই দিন পর পর মন খারাপ করে রাখবেন ফারহান।
আর এই বাড়ীতে এসে আমদের উড়িয়ে নিয়ে যাবেন আপনার দুর্দান্ত মন খারাপ করা ঝরে।
আমরা তখন আকাশে বাতাসে আপনার সৃষ্টির 'সুখ উল্লাস' কুড়িয়ে বেড়াবো। কেমন?
নিয়মিত মন খারাপ রাখুন।
;)
১৮ ই মে, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: এটা একটা কথা বললেন??:(

২৮. ১৮ ই মে, ২০০৮ সকাল ৯:৩৫
মাহবুবা আখতার বলেছেন:
আমি ডেইলি এরকম মন খারাপ করতে রাজি আছি, যদি সেটা থেকে এরকম লেখা বের হয় :)। ++++++
১৮ ই মে, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: মাস দেড়েকের সুখের সময়ের পরে এখন মন খারাপের কাল যাচ্ছে,চারদিকে শুধু খারাপ খবর আর বিষন্ন দিন,আর ভাল্লাগে না।

২৯. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: মনটা বেশ খারাপ..........তাই আবার পড়লাম। বিষে বিষক্ষয়- এই প্রবাদটা যদি সত্য হয়ে যায়, এই আশায়।
২৭ শে মে, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: সব বিষে কি বিষক্ষয় হয়? হলে তো ভাল,কিন্তু বিষের ওভারডোজ যেন না হয়ে যায়,খেয়াল রাখা ভাল:) সবাই সুখী হোক,মনের ভেতর বৃষ্টি নামুক,মনখারাপ ধুয়েমুছে যাক।

২৭ শে মে, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন: ভাবতে থাকেন,মগজের উন্নতি হইব,বানর থাইকা মানুষের বোধে উঠবেন।

৩১. ০১ লা জুন, ২০০৮ দুপুর ২:৫৭
সীমান্ত আহমেদ বলেছেন: প্রমথ চৌধুরী বলেছিলেন,মনোজগতে যার নাম আনন্দ তারই আরেক নাম বেদনা(উদ্বৃতি ভুল হতে পারে তবে ভাব ঠিক আছে)।

তাই আপনার এই বিষন্নতাকে আনন্দায়ী ভাবতে দোষ নেই।এমন অর্থহীন বিষন্নতা কিন্তু জন্ম দিয়েছে অনেক সুন্দর সাহিত্যের।

আমি একজন দুঃখবিলাসী হিসাবে আপনার এ বিষন্নতায় ভাগ বসাচ্ছি।
০২ রা জুন, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: ভাগ বসানোর জন্য ধন্যবাদ। তবে আমি বিষন্ন থাকতে চাই না,শুধু কিভাবে যেন ঘিরে ধরে কখনো কখনো।

৩২. ১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪১
চিটি (হামিদা রহমান) বলেছেন: আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না।,আজ আমি আর কিছু ভাববো না।
মন খারাপ!!!!!!!!!!!!!!

ভালো লাগলো
শুভেচ্ছা থাকলো।
১০ ই জুন, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: আমার মন খারাপ,আর আপনার ভাল লাগল:( শুভেচ্ছা নিলাম:)

৩৩. ১০ ই জুন, ২০০৮ দুপুর ২:৪০
নূর-ই-হাফসা বলেছেন: মাঝে মাঝে মন খারাপ হওয়া মন্দ না।লেখা ভাল হয়েছে।মন কি এখনো ভাল হয়নি?
১১ ই জুন, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: খুব ১টা না।

১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৫. ১০ ই জুলাই, ২০০৮ ভোর ৫:০০
তানজু রাহমান বলেছেন: ভাইয়া, আপনার লেখাগুলোতে বেশ সুন্দর!
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: সবই পাঠকের মহানুভবতা,অনেক ধন্যবাদ:)

৩৬. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০০
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
বাংলা বানানের ব্যাপারে সতর্কতা কাম্য।
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: এহহে, দাঁড়ান ঠিক করে দিচ্ছি। :|

৩৮. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪
প্রতীক্ষা বলেছেন: কিন্তু এমন একঘেয়ে সন্ধ্যায় শুধু উটের মত মুখ গুঁজে পড়ে থাকতে ইচ্ছে করে।
কারো সাথে ঝগড়া ছাড়া পার করে দিলাম একটা দিন,হাসি ছাড়া পার করে দিলাম একটা রাত।



++
১১ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৩৯. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৩১
ছন্দ্বহীন বলেছেন: পাখির মত আমি উড়ে বেড়াই আকাশে...
প্রতিদিন মন খারাপ করা বাতাসে আমি ডুবে যাই।
আহা! আমি কেন সাঁতার শিখিনি।

মাছের মত আমি ভেসে বেড়াই সমুদ্র জলে
প্রতিদিন আমার পালক খসে পরে মন খারাপ করা দগ্ধ চৈত্রে।
আহা! আমি কেন উড়তে শিখিনি।

----------------------------------------------------
আমার যা নেই,তা কেন নেই বলে আমার মন খারাপ।
আমার যা আছে, তা কেন আছে বলেও আমার মন খারাপ।

মন খারাপ! মন খারাপ! মন খারাপ!
----------------------------------------------------
আপনার মন খারাপের কারণ আমি জেনে গেছি!!

এখন বলেন তো আপনার কেন মন খারাপ?
আর আমি সেটা কখন জানলাম এবং কিভাবে?

উপরোক্ত তিনটি প্রশ্নের উত্তর হাসি সহযোগে দেন, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে অনেক খানি।

কিন্তু যদি বিরক্ত হয়ে দেন বা না হাসেন তবে মন খারাপ কিন্তু আরো বাড়বে, তার সাথে মেজাজের অবশিষ্ট অংশটুকু্ও যাবে ক্ষ্যাতা পুরিতে!!

তাই প্লিজ একটু হাসুন!! =p~ :P :-B :#) :D
১১ ই এপ্রিল, ২০১০ রাত ৩:২৯

লেখক বলেছেন: এই মুহূর্তে মন না, মেজাজ খারাপ। গরম আর লোডশেডিংয়ে ফ্রেন্ঞ্চফ্রাই হয়ে গেলাম।

৪০. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৩
রিদা বলেছেন: ইশ, এত্ত সুন্দর লেখা! আপনার সাথে আমার অনেক মিল। আমি আপনার ১৪ ফেব্রুয়ারির লেখাটা পড়েও মুগ্ধ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: ভাই কবে কি লিখেছি তো মনে নেই, পড়ার জন্য অনেক ধন্যবাদ। :)

৪১. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৭
সোহায়লা রিদওয়ান বলেছেন: আজ আমার মন ভালো না,আজ আমি কোথাও যাবো না,আজ আমি কাউকে কোন অনুযোগ করবো না। আর আজ আমি আর কিছু ভাববো না ... ... ...

 

মোট সময় লেগেছে ১.০৪৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ