আমার প্রিয় পোস্ট

সামহোয়্যারে বাংলা বানান বিভ্রাট: চাই একটু সচেতনতা

১০ ই জুন, ২০০৯ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0 0

বেশি ভণিতা না করে আসল কথায় চলে আসি। সামহোয়্যারইন ব্লগে থাকার সময় হয়ে গেল আড়াই বছর,যা না লিখেছি পড়েছি তার অনেকগুণ বেশি। এইটুকু বলতে পারি,কাজকর্ম নেই বলে প্রায় সব
ব্লগারের ব্লগেই ঢুঁ মারা হয়,ব্লগ নিয়ে নানারকম গবেষণা করার সময়ও মেলে। লেখার মান নিয়ে মন্তব্য করার যোগ্যতা নিজের নেই বলেই মনে করি,তাছাড়া বিষয়টা আপেক্ষিকও,কার কাছে কোনটা ভালো লাগে সেটা সংজ্ঞায়িত করাও অসম্ভব। বড় কথা হচ্ছে, লেখার মান নিয়ে কেউ খোদকারি করতে আসবে না বলেই ব্লগে লেখা, এটা আমার যা-ইচ্ছা-তাই-লেখার খাতা,অন্যের সেখানে মাতব্বরির অধিকার নেই।

তবে ২-১টা বিষয় আছে যেটা মোটামুটি একটা মান স্থির করা সম্ভব, বানান জিনিসটা তার মাঝে একটা। নিজে ছিলাম বাংলা বানান আর ব্যাকরণে বেশ দুর্বল, সারাজীবন পরীক্ষায় এই বিষয়ে বাঁশ খেয়ে এসেছি। তবে ব্লগে এসে দেখলাম, বেশিরভাগ ব্লগারই এই পথের যাত্রী। অবশ্যই, ব্লগে যেসব "ব্লগীয়" পরিভাষার সৃষ্টি হয়েছে ব্লগারদের মন্তব্য আর কথোপকথন বা ব্যঙ্গাত্মক লেখার মাধ্যমে,সেগুলোর কথা বলছি না। ফান পোস্টে ইচ্ছাকৃতভাবেই ব্লগীয় পরিভাষা ব্যবহার করি আমরা,সেটার কথাও বাদ। পারস্পরিক কথোপকথনে "কর্তাসি, পার্লামনা, ব্লগাইতাসি, ক্যাম্নে
কি" এধরণের শব্দ বা বানান নিজেও ব্যবহার করি,অন্যকে ব্যবহার করতে দেখলেও পরিবেশটা বেশ সহজ লাগে। কিন্তু এখানে বলা হচ্ছে লেখার মাঝে বানান বিভ্রাটের কথা, যে শব্দগুলো অভিধানে আছে সেগুলো ভুল বানানে লেখার কথা। অর্থাৎ কিনা,ইচ্ছাকৃতভাবে যে শব্দগুলো আমরা ভুল বানানে লিখতে চাই না সেগুলোর কথা। একটু উদাহরণ দেয়া যাক। কেউ হয়তো একটা চমৎকার গল্প লিখলেন,বা কবিতা,বা একটা গুরুগম্ভীর প্রবন্ধ, যেটায় কোন ব্লগার তার একটা বক্তব্য আমাদের কাছে পৌঁছাতে চাইছেন বা কোন তথ্য দিতে চাইছেন।সেখানে একগাদা বানান ভুল হোক, সেটা নিশ্চয়ই লেখক নিজেও চাইছেন না,পাঠকের জন্যও সেটা খুব একটা দৃষ্টিসুখকর অভিজ্ঞতা নয়।

এতো গেল ব্লগারদের কথা। কিন্তু ব্লগাররা নিজের অজান্তেই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছেন আরো অনেকের কাছে। নিজের কথা বলতে পারি, আমি নিজে আজকাল রেফারেন্সের জন্য অন্য অনেক মাধ্যম বাদ দিয়ে
সরাসরি ব্লগের রেফারেন্স দিয়ে থাকি। একটা ঘটনা বলার লোভ সামলাতে পারছি না,বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য চলমান অর্থনৈতিক মন্দার উপর ভাল ২-১টা প্রবন্ধ খুঁজছিলাম। ইন্টারনেটে
বাংলা আর্টিকেলের যাচ্ছেতাই অবস্থা,খুঁজলে একটাও মেলে না, সোজা ব্লগে খোঁজা শুরু করলাম। মিলেও গেল,শওকত হোসেন মাসুম, দিনমজুরের ব্লগে চমৎকার ২-৩টা লেখা মন্দার উপর, ওদিকে সচলায়তনে পেলাম সুবিনয় মুস্তফির আরো একটা দারুণ সিরিজ। কৃতজ্ঞতা তাঁদের কাছে,পরীক্ষায় মন্দার ওপর যে ক'টা প্রশ্ন এসেছে, প্রতিটার জবাবই তাঁদের লেখাগুলোর উপর ভিত্তি করে ভালোভাবেই
দিয়ে এসেছি।

ঘটনাটা উল্লেখ করার কারণটা হলো,আজ আমি ব্লগে পড়াশোনার বিষয়বস্তু খোঁজ করছি,হয়তো আরো বেশ কিছু ব্লগার সেটা করেন,ক'দিন পর আরো কিছু নেট ব্যবহারকারী আমাদের পথ ধরে এখানে খুঁজবেন, একটা সময় ব্লগ পড়ে না এমন লোকজনও খুঁজবেন। এটা এখন আমাদের অনেকেরই জানা যে গুগলে বাংলাতে লিখে কোন কিছু সার্চ দিলে সাধারণত প্রথম লিংকটাই আসে উইকি বা ৩-৪টা বাংলা ব্লগের কোন পোস্টের লিংক। এই পোস্টগুলো হয়ে যাচ্ছে একেকটা তথ্যভাণ্ডার, পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ। ভেবে দেখুন অমি পিয়ালের মুক্তিযুদ্ধের আর্কাইভের কথা,ব্লগার ম্যাভেরিকের শব্দ আর গণিত বিষয়ক পোস্টের কথা,অথবা আমাদের নিজেদেরো অনেক পোস্ট আছে যেগুলো ভবিষ্যতে কারো না কারো জন্য রেফারেন্স হিসেবে কাজ করবে। অথবা বাদ দিলাম এসব,কারো একটা গল্প-কবিতা বা যে কোন পোস্ট ভাল লেগে গেলেই আমরা সেটা শেয়ার করছি ফেসবুকে, মেসেন্ঞ্জারে,গ্রুপে। ব্লগে আসছেন প্রতিষ্ঠিত লেখকরাও,কেউ কেউ। এরকম কোন পোস্টে এসে বাইরের একজন পাঠক যখন দেখবেন অসংখ্য বানান ভুল,সংশ্লিষ্ট ব্লগারের জন্যই সেটা একটা বিব্রতকর অভিজ্ঞতা হবে। এমন না যে সবসময় ব্লগার বানানটা জানেন না বলেই ভুল করেন, টাইপিংয়ের ভুল বা তাড়াহুড়োর জন্যও ভুল থেকে যায়,আমার নিজেরও সেটা ঘটে। কিন্তু ব্যাপারটা দৃষ্টিকটু,ব্লগারদের দিকে পূর্ণ সম্মান রেখেই বলছি। বিশেষ করে লেখাটা যদি ভাল হয়,এমন কোন লেখা যেটা কেউ
মনোযোগ দিয়ে পড়ছে,সেখানে কিন্তু পাঠকের বাড়তি মনোযোগের কারণে ভুলগুলো আরো বেশি করে ধরা পড়ে। নিজের কথাই বলি,লেখার সময় দাঁড়ি-কমা বিশেষ দিতাম না,ব্লগার আশরাফ ভাই ক'দিন পেছনে লাগলেন,বিরামচিহ্ণ নিজ উদ্যোগে ঠিক করে দিলেন। ঠিক করে নেবার পরে দেখি,আসলেই তো,পোস্ট টা দেখতে বা পড়তে এখন বেশ আরাম হচ্ছে,আমি যে বিরামচিহ্ণের ব্যাপারে একেবারেও অসচেতন,সেটাও বেশ চাপা পড়লো।:)

আমাদের কি করণীয়,সে ব্যাপারে সম্মানিত ব্লগারদের কোন পরামর্শ দেয়ার ধৃষ্টতা আমি করবো না। শুধু বলবো,নিজেরাই একবার ভাবুন। আপনার লেখাটি পড়ছে আপনারই কোন বন্ধু,প্রিয়জন,হয়তো আপনাদেরই কোন অনুজ বা সহপাঠী। পড়ছে আপনার অচেনা কোন পাঠক,লেখাটি ভাল লাগলে সে হয়তো পাঠাচ্ছে আরো অনেকের কাছে। লেখাটির আবেদন কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না,১০-১৫ বছর পরেও হয়তো নেটে কোন একটি বিষয় সার্চ করে কেউ একজন আপনার লেখাটিই খুঁজে বের করলো। সেখানে কি বানান ভুল থাকাটা আপনাকে খুব আনন্দ দেবে? না, ভাষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা হচ্ছে না,আন্ঞ্চলিক ভাষাতে কিছু লেখা হলে সেটার কথা আলাদা,কিন্তু অভিধানে আছে এমন শব্দগুলো তো আমরা শুদ্ধ করে লিখতে পারি,লেখা দরকারও। প্রয়োজন শুধু একটুখানি সচেতনতা,একটুখানি মনোযোগ। জোর দিয়েই বলতে পারি,ব্লগাররা এখন ইন্টারনেটে বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেন। না,আন্দাজে বলা নয়,জেনেশুনেই বলা। তাদের লেখাগুলো দেশে-বিদেশে পঠিত হয়,এবং নিশ্চিতভাবেই বলা যায়,ব্লগের বিকাশের মাত্রই শুরু,আরো অনেক অনেকদূর যাবে। কাজেই ব্লগের মাধ্যমে আন্তর্জালে সঠিকভাবে বাংলাভাষাকে তুলে ধরার দায়িত্বকে আমরা কোনভাবেই এড়িয়ে যেতে পারি না।

প্যাঁচাল শেষ করি। বানানটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়,সেটা ধরা শুরু করেন সামহোয়্যারে সম্ভবত ব্লগার নুশেরা এবং আহমেদ মোস্তফা কামাল। অত্যন্ত বিনয়ের সাথে নানাজনের লেখায় বানান বিভ্রাটগুলো
ধরিয়ে দিতে থাকেন তাঁরা,ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতই। তাঁদের এই পদ্ধতিই বেশ কার্যকর হতে পারে,যদি আমরা একটু বড় পরিসরে কাজটা করি। খুব সাধারণ বানানও কিন্তু আমরা ভুল করি, অসচেতনভাবে লেখার কারণে। আবার বাংলা ব্যাকরণবিদও হয়তো কোন একটা বানান ভুল করে বসেন,যেটা হয়তও আমাদের মত সাধারণ কোন ব্লগার ধরিয়ে দিতে পারেন। কেন আমরা সেটা করবো না? লাভ ছাড়া ক্ষতি তো নেই। মনে হয়না কোন ব্লগার এতে খুব বেশি মনোক্ষুণ্ন হবেন,আখেরে আমাদের সবারই তাতে উপকারই হচ্ছে,আমরাও হয়তো বানানটা জানতাম না,মুফতে শেখা হয়ে গেল। নুশেরা আপা আর আহমেদ মোস্তফা কামালের কল্যাণে আমারো বেশ কিছু বানান শেখা হয়েছে,শেখা হয়েছে বেশ কিছু নতুন শব্দও। শিখতে নিশ্চয়ই আমাদের আপত্তি নেই,তাই না? বরং অন্য জায়গার তুলনায় ব্লগারদের এ ব্যাপারে যথেষ্টই উদার মনে হয়েছে।

আচ্ছা,বানানের গোলমালটা কোথায় সবচেয়ে বেশি? পর্যবেক্ষণ আর নিজস্ব দুর্বলতা থেকে জানি,সবচেয়ে ভেজাল হয় ণ-ত্ব আর ষ-ত্ব বিধানে। কোন একজন ব্লগার এটা নিয়েই একটা পোস্ট দিয়ে ফেলুন না! দরকার হলে বাংলা ব্যাকরণ বই থেকেই অধ্যায়টা তুলে দিন। পড়ার দরকার নেই,শুধু যখন সন্দেহ হবে,নাহয় একবার মিলিয়ে নেবেন সবাই সেখান থেকে। সন্দেহ জাগে এমন বেশ কিছু বানান নিয়ে ব্লগার ম্যাভেরিক একবার প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার পোস্ট টি দিয়েছিলেন, সংগ্রহে রাখতে পারেন সেটিও,নিজেও দিতে পারেন এমন একটা পোস্ট, সবার কাজে লাগবে। সবচেয়ে বড় কথা,লেখাটা প্রকাশ করার আগে একবার নিজে পড়ুন,টাইপোগুলো থাকবে না। না,নিজের জন্য নয়,আমাদের পাঠকদের কথা ভেবে একটু কষ্ট করুন,কারণ আপনি যখন একজন ব্লগার,আপনার দায়িত্ব আমাদের পাঠকদের জন্য সামান্য হলেও বেড়ে যাচ্ছে কিন্তু। সেই সাথে,আবারো বলি,অন্যের ব্লগে বানান বিভ্রাট দেখলে শুদ্ধ করে দিন,নিজের ব্লগেও সেটা করতে উৎসাহ দিন,দরকার হলে দল বেঁধে করুন। দল বেঁধে আমরা তো কত কিছুই করি,নাহয় এবার একটু শিক্ষাই দিলাম। সবার স্বার্থে নিজের ভুলটা শুধরে নিতে নিশ্চয়ই আমাদের খারাপ লাগা উচিৎ নয়,তাই না?

[ডিসক্লেইমার: দয়া করে এটাকে কেউ উপদেশ বা পরামর্শমূলক লেখা ভাববেন না,সেক্ষেত্রে ক্ষমাপ্রার্থী। এটাকে অনুরোধমূলক পোস্ট হিসেবে দেখলে এবং অনুরোধটা সদয় বিবেচনার মাঝে রাখলে কৃতজ্ঞ
হবো]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ভাষা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:২১
সৌম্য বলেছেন: জনহিতকর পোস্ট। প্লাস।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: ঠিক জনহিতকর না,নিজের জন্যও হিতকর। একটু রিভাইজ দিলে কিন্তু এই ভুলগুলা হয় না,সবাই একটু কষ্ট করেন না ভাই।:|

১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: আপনেরে কই নাই বস,খালি কইলাম ভাল এখটা লেখায় বানান ভুল দেখলে চোখে পড়ে,কারণ সেইগুলা আরো মনোযোগ দিয়া পড়া হয়। তাছাড়া ব্লগের অনেক লেখার লিংক নানা জায়গায় দেই,জিনিসটা কিন্তু এখন আর খালি আমাদের ব্লগারদের মাঝে নাই। একটু এইটা অন্তত ভাইবা দেখলে ভাল হয়।

৩. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৬
অ্যামাটার বলেছেন: বানান বিভ্রাট আমার খুব বেশি হয়। তবে এর সিংহভাগই টাইপ করতে গিয়ে অসাবধানতা বশত, কেননা সেই শুরু থেকেই অভ্র আর ফনেটিকে ডিগবাজি খাচ্ছি, নির্দিষ্ট করে কোনওটাতেই থিতু হতে পারিনি। আর বাদবাকি কিছু ভুল হয় অজ্ঞতাবশত, কোনও কোনওটা শিশুতোষ, যা খুবই বিব্রতকর। কি যে করি:(
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: লেখার পরে একটা রিভাইজ দিলেই কিন্তু ৭০ ভাগ ঠিক হয়ে যায়,আসেন সবাই একটু কষ্ট করি।

১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: দাদা কি একমত?:)

৫. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৮
শয়তান বলেছেন: ণ-ত্ব আর ষ-ত্ব বিধানের পাশাপাশি যুক্তাক্ষরও একটা সমস্যা ।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: যুক্তাক্ষর একটা বিশাল ভেজাল। ম্যাভেরিকের পোস্ট টা একটু দেখতে পারেন। আরেকটা ব্যাপার হইলো,আমরা ভাবি বানান ভুল ধরলে লেখক মাইন্ড খাইলেন কিনা। হয়তো মাইন্ড খানও,কিন্তু এই মানসিকতাটা বদলানো জরুরি। যেইটা বললাম,ব্লগ কিন্তু এখন খালি ব্লগাররাই পড়ে না,আরো অনেকেই পড়ে,এইটা মাথায় রাইখা যদি--

৬. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:৩০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: :(

বেশি কিছু লিখুম না........যদি আবার :#)
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: লেখা লাগবো না,বানান ভুল ধরো।

৭. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:৪৯
জেনারেল বলেছেন: লেখায় পিলাচ
দাউদ চলো প্রথম আলোর মত শপথ করি

সবার আগে নিজের বানান ঠিক করতে হবে, জীবনে আর কোন বানান ভুল লিখব না।

তবে শুরু হয়ে যাক..........।
১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: জেনারেল,ম্যালাদিন পরে,কিমুন আচো?
আর যে শপথ রাখতে পারমু না ঐটা করি না,এইখানে কাউরে শপথ নিতে কই নাই,খালি একটু বেশি কষ্ট কইরা বানান গুলা খয়াল করতে অনুরোধ করলাম। বানান আমারো ম্যালা ভুল হয়,কেউ ধরায়া দিলে খারাপ লাগে না।

৮. ১০ ই জুন, ২০০৯ রাত ১:০২
জেনারেল বলেছেন: পিয়াজ কাটার মৌসুম শ্যাষের দিকে তাই আচি দৌড়ের উপ্রে।

কথা সত্য যে শপথ রাখা যাইবো না তা কইরা ভাঙ্গাতে কোন অসুবিধা নাইকা।


সামুতে মাঝে সাঁজে চিপা চুপা দিয়ে ফুচকি দিই মাগার লগ ইন করি না।
১০ ই জুন, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: জান লয়া দৌড়ে থাকলে ব্লগে আসার সময় থাকে না কথা সত্যি। কয়দিন দৌড় কম,যেকোনদিন আবার শুরু হইতে পারে,ততদিন একটু ব্লগায়া নেই।

৯. ১০ ই জুন, ২০০৯ রাত ১:০২
কালপুরুষ বলেছেন: খুব ভাল লিখেছেন। বক্তব্যের সাথে সহমত পোষণ করছি। আমি নিজেও বানান ভুল করি তবুও আমার প্রিয় ব্লগারদের বানান ত্রুটি ধরিয়ে দিতে বা শুধরে দিতে চেষ্টা করি। একটা ভাল পোস্টে অশুদ্ধ বানান পীড়া দেয়। তবে অনেকেই আছেন যারা অনিচ্ছাকৃতভাবেই বানান ভুল করেন এবং শুদ্ধ বানান তারে শুধরে নিতে আগ্রহ প্রকাশ করেন।
১০ ই জুন, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: বাংলা এমন একটা জটিল ভাষা যে পুরোপুরি নিখুঁত বানানে লিখে যাওয়া খুবই কঠিন, ভুল থাকবেই এবং সেটা মেনে নিতেই হবে। তবে যতটা পারা যায় নিজে শুদ্ধ করা এবং সেক্ষেত্রে অন্যের সাহায্য নিলে মনে হয় কারো মান-সম্মান যাবেনা। অন্তত,অন্যদের কথা ভেবে হলেও আমাদের এটা একটু খেয়াল করা দরকার।

১০. ১০ ই জুন, ২০০৯ রাত ১:০৩
আশরাফ মাহমুদ বলেছেন: এসব বিষয়ে কয়েক জায়গায় বলে মান-সম্মান হারানোর উপক্রম হয়েছিল!

(আপনি এখনো কমার ব্যবহার শিখলেন না! কমার পরে স্পেস বা ফাঁক দিতে হয়। :P)
১০ ই জুন, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: পরে যখন নেক্সট জেনারেশন আমাদের ব্লগ পড়ে বলবে এরা বানান জানে না,তখন কি খুব মান-সম্মান থাকবে? :)
এই বিরামচিহ্ণ গুলি নিয়ে খুব ঝামেলায় আছি,ঠিক করার চেষ্টা করছি। :( দিচ্ছি দাঁড়ান।

১১. ১০ ই জুন, ২০০৯ রাত ১:০৭
শয়তান বলেছেন: আরেকটা ব্যপার । ব্লগের লেখায় টাইপো হয় প্রচুর । এবং তা কম বেশী সবারই । টাইপো গুলোকে আমরা কি বানান ভুল বলবো ?
১০ ই জুন, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: টাইপোগুলো বানান ভুল না, আর সেজন্যই ওগুলো শুধরে নেয়া আরো সহজ। নিজের লেখাটা একবার মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু সেগুলো ধরা পড়ে যায়,এইটুকু কষ্ট মনে হয় পাঠকদের কথা ভেবে আমাদের করা উচিত,কি বলেন? আপনার লেখাটা কিন্তু শুধু আমরা বা আপনার বন্ধুবান্ধব পড়ছে না,ঘরে আমরা আউলা থাকতে পারি,কিন্তু জনগণের সামনে গেলে কিন্তু একটু গুছায়াই যাই,তাই না?

১২. ১০ ই জুন, ২০০৯ রাত ১:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: Amar banan idaning besh vul hoi bole dharona. Confused thaki. Keu thik kore dile kritoggo thakbo(mobile theke banglish likhi)
১০ ই জুন, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: ঐটাই। আমরা অনেকেই দ্বিধান্বিত,বানান ঠিকমত লিখছি কিনা, আমি নিজেও বেশিরভাগ সময় নিশ্চিত না। ব্লগাররাই যদি একটু ঘরের খেয়ে বানানের মোষটা ঠিক করে দেন,তো কৃতজ্ঞ না থাকার কারণ নেই।

১৩. ১০ ই জুন, ২০০৯ রাত ১:২৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: একমত -- বাংলা বানানে ভুল করা কোনো গর্বের বিষয় না ।

-----------------------------------------------

ফিউশন ফাইভ ৪ মাস বয়সী ব্লগারদের অভিযোগ করার রাইট নাই বলেছেন , কারণ তারা হাফপ্যান্ট ব্লগার ,(নোটিশবোর্ড আর বিডি আইডল এর পোস্টে --) এই কাহিনী ।:)
১০ ই জুন, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: অন্তত সিরিয়াস লেখা লেখলে একটু খেয়াল করা মনে হয় দরকার,ফান বা আলাপচারিতা বাদ দিলাম।

অফটপিক: ইগনোর করেন,মারামারি করার চাইতে লেখা চালায়া গেলে সময় নষ্ট কম হবে,সময়ের দাম আছে।

১৪. ১০ ই জুন, ২০০৯ রাত ১:২৫
হাসান মাহবুব বলেছেন: আমি চেষ্টা করি বানান ঠিক রাখতে। আর কেউ ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞতা বোধ করি।
১৫. ১০ ই জুন, ২০০৯ রাত ১:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: পোস্টটা স্টিকি করা হোক বললে তো ভাববেন ফাজলেমী করতেছি। আসলে ব্লগে একটা নতুন পরিভাষা ও বানানরীতি যে সৃষ্টি হইছে এইটা সত্যি। আমার সর্বশেষ পোস্টের শিরোনামে আমি মন চায় রে মঞ্চায় লেখছি, নিজের কাছেই দৃষ্টিকটু লাগে, কারণ এই একটা ব্যাপারে আমি বেশ সচেতন থাকার চেষ্টা করি যেই ফরমেটেই লেখি না কেনো (সাধু ও চলিত, উল্লেখ্য একসময়কার চলিতরূপ বর্তমানে সাধুতা পাইছে)। যে যুক্তি দিছেন তাতে অবশ্যই পোস্টটা ধোপের। তবে ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করি সিরিয়াস লেখাগুলোতে বানানশুদ্ধ থাকতে
১০ ই জুন, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: "তবে ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করি সিরিয়াস লেখাগুলোতে বানানশুদ্ধ থাকতে"---
পিয়াল ভাই,আমি ঐ অনুরোধটাই করেছি। মন্তব্যে কে কিভাবে বললাম,বা ফান পোস্টে ব্যক্তিগত পোস্টে একটু নিজের মত করে লিখলাম,সেটা কেউ ধরবে না,এমনকি লেখনীর রীতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারটাও ছেড়ে দিলাম,কিন্তু যখন সিরিয়াস কিছু নিয়ে লিখছি,যেটা এমনকি অনেক সময়ই ব্লগের বাইরের পাঠকগোষ্ঠীর কাছেও চলে যায়, তখন একটু সচেতন থাকার অনুরোধটা মনে হয় করা যায়। আর এইটাও সত্যি যে বাংলার মত একটা ভাষায় নিজের চেষ্টায় পণ্ডিত হওয়া মুশকিল,ব্লগাররা নিজেরাই একে অপরের বানান বা ভাষারীতিগুলো একটু ঠিক করে দিলে আমরা সবাই উপকৃত হই।

১৬. ১০ ই জুন, ২০০৯ রাত ১:৩২
একরামুল হক শামীম বলেছেন: আমারো বানান ভুল হয়। মনোযোগী হতে হৈবেক :)
১০ ই জুন, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: খালি নিজের না,অন্যের বানানের ব্যাপারেও মনোযোগী হন,এই জিনিস একলা ঠিক করা জীবনেও সম্ভব না।

১৭. ১০ ই জুন, ২০০৯ রাত ১:৩২
অমি রহমান পিয়াল বলেছেন: একলব্যের পুনর্জন্ম @ উনি তো নোটিশের সেই পোস্টে স্বপ্নজয়রে কয়টা বানান ভুল লিখছে সেইটাও ধরায়া দিছে।
১০ ই জুন, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: সব মিলায়া দেখি যুদ্ধাবস্থা। পিটানির লাইগা ছাগল না থাকলে কি সারাক্ষণই নিজেরা লাইগা থাকা লাগবো? :|

১৮. ১০ ই জুন, ২০০৯ রাত ১:৪২
শয়তান বলেছেন: ব্লগে একটা বিল্টইন বাংলা স্পেল চেকার থাকলে মন্দ হতো না । অটো সচেতন হতে পারতাম আমরা সবাই । ডেভেলপাররা কি নজর দেবেন এ নিয়ে ?
১০ ই জুন, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: এইরকম ২-১ টা বাংলা স্পেলচেকার নাই? কাজটা বোরিং সন্দেহ নাই, এইটার দিকে এই জন্যই মনে হয় নজর কম।

১৯. ১০ ই জুন, ২০০৯ রাত ১:৫৯
অদ্রোহ বলেছেন: সকল ব্লগারদের ভাষা প্রতিযোগে অংশগ্রহণ বাধ্যতামূলক করা প্রয়োজন:)
১০ ই জুন, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: আলুর প্রতিযোগে যামু না,সামু ব্লগেই ব্লগারদের মাঝে প্রতিযোগ আয়োজন করা হোক।:)

২০. ১০ ই জুন, ২০০৯ রাত ২:১৩
অপরিচিত_আবির বলেছেন: আড় বাণাণ ভূল হবে ণা।;)

@অদ্রোহ, ঐ ভাষাবিদ, এক আধবার প্রতিযোগে গেছিস তো এইখানেও ভাব মারছিস!! ধিক্ তোকে!

১০ ই জুন, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: আমাগো পোলাপানের কিন্তু বদনাম আছে বাংলা আর বানানের ব্যাপারে:(

২১. ১০ ই জুন, ২০০৯ রাত ২:২৭
অদ্রোহ বলেছেন: সামু ব্লগে আয়োজনের আইডিয়াটা তো খারাপ না,না কি কন? :)
১০ ই জুন, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: কেউ শুরু করুক,প্রস্তাবনা থাকলো:)

২২. ১০ ই জুন, ২০০৯ রাত ২:৩৮
নাজিম উদদীন বলেছেন: বানানের রীতি দিনদিন ফ্লেক্সিবল হবে।
১০ ই জুন, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: তা হবে,হোক,কিন্তু সেটাও একটা রীতি মেনে হওয়া ভালো।

২৩. ১০ ই জুন, ২০০৯ রাত ২:৪২
জেনন বলেছেন: শয়তান বলেছেন: ব্লগে একটা বিল্টইন বাংলা স্পেল চেকার থাকলে মন্দ হতো না । অটো সচেতন হতে পারতাম আমরা সবাই । ডেভেলপাররা কি নজর দেবেন এ নিয়ে ?

একমত>>>>>>>>>>>>>>>>.
১০ ই জুন, ২০০৯ রাত ৩:২৩

লেখক বলেছেন: ডেভেলপাররা ভেবে দেখতে পারেন একটু।

২৪. ১০ ই জুন, ২০০৯ রাত ৩:০৮
জাতেমাতাল বলেছেন: ফারহান খুবই ভাল এবং প্রয়োজনীয় উদ্যোগ। আমরা ব্লগে কথ্য ভাষা নিয়ে অনেক মস্করা করি, সেটা ভিন্ন জিনিষ, কিন্ত প্রমিত বাংলা লিখতে গেলে আমাদের ভাষা যথাযথ হওয়াই উচিত।

আমি নিজেও আমার বানান এবং যতি চিহ্নের ব্যবহার নিয়ে বিব্রত থাকি। খুব সাধারন ভুল করে ফেলি। আমার শিখার অনেক বাকি আছে বুঝতে পারি। তবে যে কেউ বিনা দ্বিধায় আমার ভুল গুলো দেখিয়ে দিলে কৃতজ্ঞই থাকবো।

ম্যভেরিকের পোষ্টটা দেখলাম। খুবই কাজের।

আপনার পোষ্টের জন্য অনেক ধন্যবাদ ফারহান। ভাল থাকবেন।
১০ ই জুন, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: কথ্য ভাষায় যেভাবে সুবিধা বলি,সমস্যা নেই,কিন্তু সিরিয়াস কিছু লেখার সময় বানান আর রীতি একটু ঠিক রাখাই উচিত। আর আমরা বানান ভুল ধরি না পোস্ট লেখক কি মনে করবেন এই ভেবে,হয়তো লেখক রাগ করেনও,কিন্তু এই মানসিকতা ২ পক্ষ থেকেই পাল্টানো দরকার।

২৫. ১০ ই জুন, ২০০৯ রাত ৩:১৩
শয়তান বলেছেন: এই পোস্টটা দেখেন Click This Link

বলেন কি অবস্থা :) । ভুল ধরাই তাওকি করে . খিকজ ।
১০ ই জুন, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: খিক খিক:)

২৬. ১০ ই জুন, ২০০৯ ভোর ৪:০৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহা অবশ্যই ইগনোর্ড ফারহান --এটা ফান পোস্ট :)
১০ ই জুন, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: কর্তৃপক্ষের চেয়ারে বসলে লোকজনের সেন্স অভ হিউমার নেগেটিভ হয়া যায়,এইটা খিয়াল কইরা। সবাই ফান বুঝে না, কর্তারা আরো বেশি বুঝে না।

২৭. ১০ ই জুন, ২০০৯ ভোর ৫:৫১
বিহগ বিম্ব বলেছেন: বানান ভুল ধরিয়ে দিলে চক্ষুশূল হয়েছি অনেকের। আমাদের বড় লজ্জা আমরা নিজেরাই ভাষাকে ধষর্ণ করে চলছি।
১০ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৯

লেখক বলেছেন: একটা ব্যাপার খারাপ লাগে,বানান ভুল ধরাইলেই মনে করে ইজ্জত গেল। এইটা কেউ বুঝে না কেন বাংলা এমন একটা ভাষা যেটা নিজে নিজে পুরোপুরি শুদ্ধ করা খুব কঠিন, অন্যে সেখানে সাহায্য করলে ক্ষতি কি? আর ভাষাকে আমরা কি হাল করি? একটু আগেই এক ব্লগার মন্তব্য করলেন যে মেট্রিক পাশ করার পরে আর বানান কাজে লাগে না,আর লেখকদের জন্য তো প্রুফ রিডারই আছে।:|

২৮. ১০ ই জুন, ২০০৯ ভোর ৬:০৫
শয়তান বলেছেন: ঘাটতে ঘাটতে আছহাবুল ইয়ামিনের একটা পোস্টে বাংলা স্পেলচেকিং এ ডেভেলপারদের নিদারুন অনিহার দৃশ্য দেখলাম ।

Click This Link

কষ্ট লাগলো ।
১০ ই জুন, ২০০৯ ভোর ৬:১৩

লেখক বলেছেন: কাজ শুরু হয়ে থেমে যায়,ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোটা একটু কঠিন।
নিদারুন=নিদারুণ,অনিহা=অনীহা। :) আমার মোষ তাড়ানো প্রজেক্টের ৩ নম্বর শিকার হইলেন আপনি:) দয়া কইরা এইটারে জাহির করা বা অন্যভাবে নিয়েন না,আমি শুধু ট্রেন্ডটা চালু করতে চাইতেসি,আপনারা সবাই অংশ নিলে এমনিতেই আমরা সবাই ঠিক হয়ে যাবো। বাংলা বই দেখে শুদ্ধ বানান শেখার চেয়ে ব্লগে ধরে দিলে মনে রাখা সহজ,অন্তত আমার নিজের বেলায় কাজ করসে ভাল এইটা।

২৯. ১০ ই জুন, ২০০৯ ভোর ৬:১১
মুনিয়া বলেছেন: আহ!
এতদিনে আমার মনের কথাগুলো বললেন। ছোটবেলা থেকে ভুল বানান/ ভুল উচ্চারণ দেখলেই/শুনলেই শুধরে দেওয়ার জন্য উসখুস করতে থাকি। আঁতেল পরিবারের অন্যতম আঁতেল আমি + স্কুলে বানানে প্রায়ই সর্বোচ্চ মার্কস পাওয়ার হ্যাবিট ছিল।

কিন্তু কেউ বুঝত না আমার উপদেশের মর্ম। ভুল ধরাতে সবাই খেপে যেত- এমনকি শুদ্ধ উচ্চারণ শুনেও!

এর ফলে এমন হল যে বাংলা ভাষার দুর্দশা দেখলেও আর প্রতিবাদের সাহস পাই না। আর সামুতে তো এমনিতেই আমার মুণ্ডপাত করার লোকের অভাব নেই। ফলে মুখে কুলুপ এঁটেই থাকতাম।

পোস্টের জন্য ধন্যবাদ।

পোস্ট পাঠে অতিশয় বুদ্ধিজীবীয় আনন্দ লাভ করিয়াছি ( সাধুচলিতের মিশ্রণ + ইংলিশ বাংলা রিমিক্স ইন্টেনশনাল!)
১০ ই জুন, ২০০৯ ভোর ৬:১৭

লেখক বলেছেন: মুণ্ডপাত নাকি মুণ্ডুপাত ? বুদ্ধিজীবীয় নাকি বুদ্ধিজীবিয়? আমি নিশ্চিত না। শুরু করে দেখতে পাচ্ছি আমি নিজেই অসম্ভব কনফিউজড(কনফিউজড এর ভাল বাংলা কি? দ্বিধান্বিত?)। এতদিন আমিও কুলুপ এঁটেই ছিলাম,পরে মনে হলো ভীমরুলের চাকে একটু খোঁচা দিয়েই দেখি,বড়জোর কয়টা কামড় খাবো,কিন্তু তাতে নিজের আর অন্যের খানিক কাজে লাগলে মন্দ কি?
আমার উচ্চারণ যথেষ্ট খারাপ,কাজেই ঐ লাইনে আর গেলাম না:|

৩০. ১০ ই জুন, ২০০৯ ভোর ৬:২২
শয়তান বলেছেন: ভুল ধরলে খুশিই হবো ( এ কাজটা আমিও করি )

তবে বাস্তবে ণ-ত্ব বিধান কম ফলো করি আমি নিজেই । ষ-ত্ব বিধানটা চোখে লাগে । সো এটায় জোড় বেশীই দেই ।

ট্রেন্ডটা চালু রাখেন । আমিও কাঁধ দিবো ।
১০ ই জুন, ২০০৯ ভোর ৬:২৫

লেখক বলেছেন: জোড়=জোর। ণ-ত্ব বিধান ভয়ানক ভেজাল,আর ধাতু প্রত্যয় হেনতেন কারণে বানান ভুল হয় আমার সবচেয়ে বেশি,ঐদিন এক সদ্য ইন্টার দেয়া পরীক্ষার্থীর কাছে ধরা খাওয়ার পরে বানান দেইখা নেয়ার লাইগা মাঠে নামলাম।:|

৩১. ১০ ই জুন, ২০০৯ ভোর ৬:৪৭
মুনিয়া বলেছেন: মুণ্ডু কথ্য। তবে লেখাতেও চলে।
জীবিয় কারেক্ট হওয়ার কথা নিয়ম অনুযায়ী! দেখছি আমারও উইক হয়ে গেছে- অর্জিত জ্ঞান ঝালাই করার সুযোগ হল!!
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: দেখতে দেখতে ঝালাই হোক,সেটাই দরকার।

৩২. ১০ ই জুন, ২০০৯ ভোর ৬:৫১
আশরাফ মাহমুদ বলেছেন: আমি কবিতায় নিজস্ব কিছু শব্দ বানানরীতি ব্যবহার করি! এটা অনেকে করে। লেখায়-ও।
আমার কাছে হালনাগাদ করা কোন অভিধান নেই। ফেলে অনেক লাভ হত। অনলাইনে বাংলা অভিধান আছে একাদেমীর?
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: হেহে,বাংলা একাডেমির কোনকিছুই মনে হয় অনলাইন নাই, ঐ আশা বাদ দেন, যা করার নিজেদেরই করতে হবে।

৩৩. ১০ ই জুন, ২০০৯ সকাল ৭:০১
কঁাকন বলেছেন: একমত

কিন্তু আমার শুধু ভুল হয় :(
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: একটু মনোযোগ দিলেই ভুল কমে যাবে।:)

৩৪. ১০ ই জুন, ২০০৯ সকাল ৭:০৩
রিফাত হোসেন বলেছেন: ডিসক্লাইমার ???????

এত সুন্দর বাংলা লিখে শেষ পর্যন্ত ইংরেজীর হাতে খড়ি । হেহেহ
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: ভাল বাংলা পাচ্ছিলাম না,এইজন্যই দিয়ে দিলাম,কেউ যাতে ভাল একটা পরিভাষা দেন:)

৩৫. ১০ ই জুন, ২০০৯ সকাল ৭:০৫
শয়তান বলেছেন: কঁাকন বলেছেন: একমত

খিকজ । যার নামের ভিতরই মস্তবড় একটা ভুলের গোল্লা ।
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: ঐটা পয়লা দিকের সামহোয়্যারে আসার পরের সাধারণ বিভ্রাট,বিজয় স্টাইলে আ-কার ই-কার আগে-পরে হয়ে যাওয়ার ঘটনা মনে হয়:)

৩৬. ১০ ই জুন, ২০০৯ সকাল ৮:২৮
রোবোট বলেছেন: নুশেরাইটিসে যে তোমারে ভালো মত ধরসে ষেইটা স্বপ্নজয়ের পোস্টে বুঝতে পারলাম। বানান বিশারদ হিসেবে তনুজা, আইরিন, এপু এদের নাম বাদ গেলো কেন? মাঝখানে আমিও কয়দিন মোষ তাড়াইলাম। তারপর নিজের পোস্টে কিছু ভয়াবহ ভুল পাওয়ার পর খ্যামা দিসি।
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: বাকি ৩ জন আমার পোস্টে হামলা দেন নাই ঐজন্য:) নিজের পোস্টে ভুল পাওয়ার পরে বাদ দেয়ার তো কিছু নাই, বাংলা ভাষা নিজের চেষ্টায় ১০০ ভাগ শুদ্ধ লেখা খুব কঠিন। মোষ তাড়ানো বন্ধ করে দিলে আপনার মোষও কেউ তাড়াবে না,তখন কিন্তু আপনার ক্ষেতও বানানের মোষে খেয়ে যাবে:)

৩৭. ১০ ই জুন, ২০০৯ সকাল ৮:২৮
রোবোট বলেছেন: ষেইটা না সেইটা হবে।
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: নিজেই নিজের মোষ তাড়াইলেন:)

৩৮. ১০ ই জুন, ২০০৯ সকাল ৮:৫১
জুল ভার্ন বলেছেন: আমি বাংলা লেখায় ভুলের মাস্টার! যারপর নাই আমি সচেতন হতে চেস্টা করি-কিন্তু "জন্মগত" ভাবেই আমার লেখায় ভুল হয়ে যায়। বাংলা টাইপে আমার একমাত্র ভরষা "অভ্র" সফটোয়ার। আমি অভ্র ছাড়া একটি বাংলা হরপও লিখতে পারিনা। অভ্রতে কিছু কিছু বর্ণ মালা লেখা অনেক জটিল-যা আমি এখনো আয়ত্ব করতে পারিনি। আমি চেস্টা করবো আমার ভুল শুধরাতে।

চমতকার গঠন মুলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ। অনেকগুলো প্লাস দেবার সুযোগ থাকলে তাই দিতাম। বারবার পড়ার জন্য লেখাটা প্রিয়তে রেখেদিলাম।
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আমরা সবাই ভুলের মাস্টার, তবে সবাই মিলে সবাইকে শোধরালে উন্নতি অবশ্যম্ভাবী। শুরু করে দিন না,যেখানে যারটা পান, আখেরে কিন্তু সবারই লাভ হবে, লেখকের, আপনার, আর বাকি পাঠকদের তো অবশ্যই।

৩৯. ১০ ই জুন, ২০০৯ সকাল ৯:৫৪
বিডি আইডল বলেছেন: চমৎকার প্রস্তাবনা...আমার শুরুতে প্রচুর বানান ভুল হতো..বিশেষ করে যুক্তাক্ষর...এই দিন দশেক শিখলাম কি করে চন্দ্রবিন্দু দিতে হয়.....শোধরানোর চেষ্টা আর গাইড করলে সবারই বাংলা বানান এবং টাইপিং দুটোরই উন্নতি হবে....সময়ের পরিত্রুমায় সেটা বাংলা কম্পিউটিংয়ে একটা বড় ছাপ রাখতে পারবে আশা করি
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: "শোধরানোর চেষ্টা আর গাইড করলে সবারই বাংলা বানান এবং টাইপিং দুটোরই উন্নতি হবে..."
ঠিক এটাই বলতে চাইছিলাম। এখানে সবাই সবাইকে পথ দেখাবেন, শোধরানোটা সেজন্যই সহজ হবে।

৪০. ১০ ই জুন, ২০০৯ রাত ১১:০৯
নাহিন বলেছেন: কথাগুলো আসলেই ভালো।
কিন্তু অনভ্যাসে লোহা ভাসে- আর আমাদের বানান?
বাংলিশে ব্লগাইতাম ইয়াহুতে- বাংলা ভুলেই গিয়েছিলাম প্রায় :(। একদিন শুদ্ধ বাংলায় লিখতে গিয়ে হোঁচট খেয়েই সামুতে আসা।
এখন চেষ্টা করছি ঠিক করতে - কিন্তু আগের সেই ধার আর পাচ্ছি না ফেরত :(


অ.ট.
আমিও একটু মোষ তাড়াই ;)??

"বিসিএস পরীক্ষার প্রসতুতি নেবার জন্য" - প্রস্তুতি হবে।

১১ ই জুন, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: বাংলিশটা আসলেই ক্ষতিকর,আর উদ্ভট সংক্ষিপ্ত ভাষা। আগে বাংলিশটা সহজে পড়তে পারতাম, এখন বিরক্ত লাগে।
বাজে একটা টাইপো করলাম,ধরানোর জন্য ধন্যবাদ। আরো সাবধান থাকতে হবে এরপর থেকে।

৪১. ১১ ই জুন, ২০০৯ রাত ১২:৩৭
আবু সালেহ বলেছেন:

জনসচেতনতামূলক পুস্টে পেলাচ................


আমিও মাঝে মাঝে বানান ভুল করি....
১১ ই জুন, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: সবাই করে, তবে ভুলটা কমিয়ে আনা যায় চেষ্টা থাকলে।

৪২. ১১ ই জুন, ২০০৯ রাত ১:০১
অনন্ত দিগন্ত বলেছেন: সামু তে আসার পরেই বুঝতে পেরেছি কত দুর্বল আমি বাংলায় , সে সাথে কত সহজ বাংলাও ভুলে গিয়েছি ... সুন্দর একটা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
১১ ই জুন, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: না জানার কারণে ভুল কম,টাইপ করার ভুল অনেক বেশি হয়।:(

৪৩. ১১ ই জুন, ২০০৯ রাত ১:৪৩
ফারহান দাউদ বলেছেন: ভিমরু আর চরণ দাস ২টারেই আটকে দিলাম,কাজের পোস্টে রামছাগলের শিং নাড়ানো ভাল লাগে না,দূরে গিয়ে ম্যাঁ ম্যাঁ কর আর কাজ না থাকলে ঘাস খা:)
৪৪. ১১ ই জুন, ২০০৯ রাত ২:০৪
ফারহান দাউদ বলেছেন: একটা প্রস্তাবনা রাখতে চাই। আইডিয়াটা অন্য ব্লগ থেকে ধার নেয়া,ভাল মনে হয়েছে বলেই ধার করে হলেও নিচ্ছি। বানান ধরা এবং ধরা খাওয়ার ব্যাপারে ব্লগারদের নিজেদের মাঝেই একটা প্রতিযোগিতা হলে ভাল হয়। কারো পোস্টে যে ক'টা ভুল বানান ধরতে পারবেন,পয়েন্ট পাবেন,কিন্তু নিজের বানান ভুল ধরা পড়লে আবার পয়েন্ট কাটা। প্রতিদিন কে ক'টা বানান ভুল ধরলেন,সেটা একটা পোস্টে এসে জানিয়ে যাবেন,(অবশ্যই যে ব্লগারের বানান ধরবেন তার পোস্টেও সেটা ধরিয়ে দেবেন)। এছাড়া কোন পোস্টে ব্যবহৃত কোন ইংরেজি শব্দের ভাল পরিভাষা দিতে পারলে পয়েন্ট বোনাস দেয়া যেতে পারে। চাইলে এর জন্য আলাদা একটা পোস্ট খোলা যায়। যারা অংশ নিতে চান তারা সেখানে নাম লিখে যেতে পারেন,প্রত্যেকের পয়েন্ট প্রতিদিন যোগ এবং বিয়োগের কাজটা সানন্দে করতে রাজি আছি। একটা নির্দিষ্ট সময়ের শেষে (হতে পারে ১ মাস,সাড়া পেলে আরো বেশি) বিজয়ী ঘোষণা করা হবে। ব্লগাররা,একবার বিবেচনা করে দেখবেন কি? কারো যদি মনে হয়, তাঁর পোস্টে বানান ভুল ধরাতে তিনি বিব্রত বোধ করছেন, সেক্ষেত্রে তাঁকে বাদ দেয়া যেতে পারে, নিজেদের শোধরানোই উদ্দেশ্য, কাউকে বিব্রত করা নয়। ধন্যবাদ সবাইকে।
৪৫. ১১ ই জুন, ২০০৯ রাত ২:১৫
ফিউশন ফাইভ বলেছেন: ভাষাটা শুদ্ধ করে লেখা উচিত। তবে ব্লগে "কর্তেছি" "মার্তেছি" "মঞ্চায়"-এর মতো শব্দ চলে, চলতে পারে। ব্লগীয় পরিভাষা হিসেবে একে আমি বাতিল করে দিতে পারি না।
আর একটি জিনিস মাথায় রাখতে হবে, বানানের দিকে সর্বোচ্চ সতর্কতা রাখতে গেলে ব্লগারের স্বতঃস্ফূর্ততা হারিয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকেই যায়। এই স্বতঃস্ফূর্ততা হারিয়ে গেলে সামহোয়্যার হয়তো বাংলা একাডেমি অনুমোদিত একটি সংঘ হয়ে উঠবে, তবে সেটি আর যাই হোক- ব্লগ থাকবে না আর!
১১ ই জুন, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: ব্লগীয় পরিভাষা নিয়ে কোন আপত্তি নেই,সেটা ব্লগারদের স্বতঃস্ফূর্ততার প্রকাশ। তবে কিছুদিন বানান বিভ্রাটগুলো ধরলে সাধারণ ভুলগুলো এমনিতেই শুধরে যাবে, তাতে পরে আর এই ভুলগুলো হবে না। ফলে স্বতঃস্ফূর্ততা নষ্ট হবে বলেও মনে হয় না। মাঝখান দিয়ে আমরা পাঠকরাও অনেকগুলো বানান ভুল শুধরে নেবার সুযোগ পাবো।

৪৬. ১১ ই জুন, ২০০৯ রাত ২:১৭
শয়তান বলেছেন: প্রস্তাবনা মন্দ না ।

তবে প্রশ্ন হলো শুধু কি মুল পোস্ট এই সীমাবদ্ধ থাকবে এই অভিযান নাকি মন্তব্যের বেলাতেও ?

আলাদা পোস্ট দেন এটা নিয়ে ।
১১ ই জুন, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: মন্তব্যে যাবে কিনা এইটা ব্লগাররাই ঠিক করবেন,তবে আমার মত হলো মন্তব্যটা স্বতঃস্ফূর্ত ব্যাপার,ঐখানে না ঘাঁটানোই ভাল। ফানপোস্ট, মন্তব্য ওগুলোতে ইচ্ছা করেই ব্লগাররা শব্দ বদলে দেন,ওগুলো বাদ দেয়া যেতে পারে। তবে সবাই কাজটা শুরু করলে ভাল হয়। যারা নাম লেখাবেন,তাদের নিয়ে শুরু করা যায়, নাম লেখানোর সাথে সাথে তাদের নতুন সব পোস্টে হামলা করা শুরু হবে। তাদের পোস্টগুলোও তাহলে আরো মনোযোগ দিয়ে পড়া হবে(বানান ভুল ধরাও খুব একটা সোজা কাজ না),আর চাইলে যে কেউ যে কোন সময় নাম লিখিয়ে যোগ দিতে পারবেন।

৪৭. ১১ ই জুন, ২০০৯ রাত ২:২৯
অদ্রোহ বলেছেন: আইডিয়াতে জাঝা:),আর এই প্রতিযোগ অবিলম্বে শুরুর দাবি জানাই।
১১ ই জুন, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: সবাই একমত হইলে ২-৩ দিনের মাঝেই শুরু করা যাইতে পারে,প্রাথমিক সময়সীমা এক মাস করা যায়, সবাই মনোযোগ দিলে এর মাঝেই মনে হয় অনেকটা উন্নতি করে ফেলতে পারবো, অন্তত সাধারণ যেসব ভুল করি সেগুলো শুধরে যাবে আশা করা যায়।

৪৮. ১১ ই জুন, ২০০৯ রাত ২:৩১
শয়তান বলেছেন: আমি আছি । কাউন্ট মি ।
১১ ই জুন, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: আশা পাইতেসি, শুরু করার আশা রাখি:)

৪৯. ১১ ই জুন, ২০০৯ রাত ২:৩৮
ইউনুস খান বলেছেন: @ফিউশন ফাইভ সাথে একমত।

তবে ব্লগীয় ভাষা বাদ দিয়ে আমরা যারা মৌলিক পোস্ট দেই সেগুলোর কথা বলতে পারি। যেমন কেউ গল্প লিখছে, কবিতা লিখছে বা প্রবন্ধ। সেগুলোতে আমরা বানানের দিকে ফোকাস করতে পারি।

লেখকের পোস্ট টা ব্যাপক হইছে। ধন্যবাদ জানাচ্ছি বার বার।
১১ ই জুন, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: ব্লগীয় ভাষা, ফান পোস্ট বা মন্তব্যের ব্যাপারে কোন সমস্যা নেই, সেটা সময়ই ঠিক করবে এটা কিভাবে আসবে বা যাবে। কিন্তু অভিধানে যেসব বানান আছে সেগুলো যেন ঠিকভাবে লিখি, সেজন্যই এই প্রচেষ্টা।

১১ ই জুন, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: করা হইলো।:) আমার বানান ভুল ধরা হইসে,সেইটার শোধ তো নিতেই হইবো:)

৫১. ১১ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৪
টুশকি বলেছেন: আপনি কি এখনো পুরকৌশলে পড়েন? নাকি পড়ান? নাকি কৌশলী হয়ে গেসেন?
১১ ই জুন, ২০০৯ ভোর ৫:০৩

লেখক বলেছেন: আমারে বুয়েট বেশিদিন রাখতে রাজি হয় নাই,ঝটপট বের করে দিসে। তারপরে কয়দিন পরে পরেই চাকরি ছাইড়া বেকার হই,আর আজকাল কি করি এইটা মানুষজন জিগাইলেই কই জ্বি পড়াশোনা করি (আসলেই তো,পড়াশোনাই তো করি,তবে ব্লগে:))। কাজেই স্ট্যাটাসটা আর বদলাই না, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র:)

৫২. ১১ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৫
ফেরারী পাখি বলেছেন: তোমার লেখার সাথে একশোতে একশো দশ ভাগ সহমত। আমি যে একটা গবেট তার একটা উদাহরণ দেই।

ব্লগের প্রথম খোঁজ পাই, ব্লগার তাজিনের কাছ থেকে। তার কাছে আমি কৃতজ্ঞ। দুরু দুরু বক্ষে ব্লগে ঢুকে লেখা দিলাম, লিখি তো অশ্বডিম্ব কিন্তু শুরু করলাম বানান ভুল ধরা।

এদিকে নিজের করুণ দশা।

আমাকে এই বুড়ো বয়সে বাঁচিয়ে দিলেন, নুশেরা- মনজুভাই- ফারহানদের মত মানুষেরা।
আমি তাদের কাছে আকণ্ঠ কৃতজ্ঞ।

আমি শপথ করছি, তাড়াহুড়ো করে লেখা ব্লগে দেবো না। আর অনুরোধ রইলো-- যার চোখেই আমার লেখায় বানান ভুল ধরা পড়বে,
দয়া করে জানাবেন।
লিখি খুবই সাধারণ। এই সাধারণ কথাগুলো নিজের মাতৃভাষায় যদি শুদ্ধ করে লিখতে না পারি-- তাহলে এটা আমার জন্য বড় লজ্জার।
১১ ই জুন, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: হেহেহে,এইখানে বলা দরকার যে আপনার ঐ কবোষ্ণ আর অনুষ্টুপ দেখার পরেও মাথায় এলো যে আসলে বাংলার কিছুই এখনো জানি না,এখন বিনা পয়সায় যদি কিছু জানা যায়:) আর আপনার বানান ভুল ধরলে হবে না,বানান ধরা প্রতিযোগিতায় নাম লেখান,অন্যেরটা ধরেও জনসেবা করেন:)

৫৩. ১১ ই জুন, ২০০৯ ভোর ৬:২৮
শফিউল আলম ইমন বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা। আমি ব্লগে এসে অনেক বানান শিখেছি। এখনো কেউ বানান ধরিয়ে দিলে খুশি হই। বানান ধরিয়ে দেয়াটা অপরাধ ধরিয়ে দেয়া তো না, সো এটাতে কেউ কেউ রাগ করেন কেন বুঝি না!
আহমাদ মোস্তফা কামাল ভাই, নুশেরাবু, আশরাফ এই কাজটা করে যাচ্ছেন দেখে ভালো লাগে। সবারই করা উচিত, নিজেদের স্বার্থে।
১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: " বানান ধরিয়ে দেয়াটা অপরাধ ধরিয়ে দেয়া তো না, সো এটাতে কেউ কেউ রাগ করেন কেন বুঝি না! "
হেহে,মন্ত্রীদের দোষ ধরায়া দেয়াও তো অপরাধ না, তাঁরা তাইলে রাগ করেন কেন? :) সমালোচকই সবচেয়ে বড় বন্ধু, এইটা মাথায় রাখলে অনেক কিছুই তো সহজ হয়ে যায়, কয়জন মাথায় রাখে সেটা?

৫৪. ১১ ই জুন, ২০০৯ সকাল ৭:১৫
নুশেরা বলেছেন: এরকম একটা পোস্টের খুব দরকার ছিলো। ফানপোস্ট বা আলাপচারিতা ছাড়া নিজের ভাষা ভুল বানানে লিখে তার যুক্তি খোঁজা অথবা সাফাই গাওয়ার মধ্যে গর্বের কিছু নেই। এ দীনতা কাটিয়ে ওঠা জরুরী। ইংরেজি লেখার সময় বানানের প্রতি যতটা মনোযোগী হই, মাতৃভাষা তার চেয়ে বেশী মনোযোগ দাবী করবেনা কেন!
১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন: মজার একটা ব্যাপার দেখবেন। ইংরেজিতে একটা আর্টিকেল বা মেইল লিখতে গেলে আমরা কিন্তু খুব সাবধান, একটাও বানান বা গ্রামার যেন ভুল না হয়। এখানে অনেকেই ফাইনাল ইয়ারে থিসিস লিখেছেন ইংরেজিতে, একটা বানান ভুল পাওয়া গেলেও কিন্তু সেখানে সুপারভাইজার ঝামেলা করতো। অন্য ভাষায় লিখলে নিখুঁত হতে হবে, নিজের ভাষায় বানান ভুল করাটা মজার বিষয়? সেটার কোন গুরুত্ব নেই? মনে হয় আমাদের একবার ভাবা উচিত।
বানান প্রতিযোগিতায় নিশ্চয়ই আছেন? :)

৫৫. ১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৩
আলী আরাফাত শান্ত বলেছেন: সচেতনতার জন্য দরকার বানান শিক্ষা, কয়জনই আসলটা জানি??
১১ ই জুন, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: জানি কিন্তু অনেকেই, লেখার পরে একবার চোখ বুলালেই অনেক ভুল কমে যায়।

৫৬. ১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৭
নুশেরা বলেছেন: প্রতিযোগিতার বয়স কি আছে রে ভাই! বুড়ো মানুষ; উপদেষ্টার পদটা পেলেই ভালো হয় ;)
১১ ই জুন, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: বয়স আবার যায় নাকি? উপদেষ্টার পদ পাইতে আপনারে চ্যাম্পিয়ন হইতে হবে :)

৫৭. ১১ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪২
শয়তান বলেছেন: ৫৪ এর উত্তরে ফারহানের কথা শতভাগ সত্য । জীবনে টেন্স নিয়া যত সময় ব্যয় করছি ধাতু আর প্রত্যয় এ তত নজর দেই নাই ।
১১ ই জুন, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: কারণ বাংলা ভুল করলে আমরা কই ব্যাপার না, ইংরেজি ভুল করলে খাই ঝাড়ি:)

৫৮. ১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
~স্বপ্নজয়~ বলেছেন: প্রোগ্রামাররা একটা স্পেল চেকার বানান না ভাই, অন্তত ফায়ারফক্স এড অন, আমি জানে বাঁচি :|
১১ ই জুন, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: এইটা তো মোষ না, একবারে বাঘ-সিংহ তাড়ানোর দাবী। আছেন কোন সহৃদয় ডেভেলপার?

৫৯. ১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২০
শয়তান বলেছেন: জুয়েল ওসমান ও একটা বাংলা স্পেল চেকার বানিয়েছিলেন ।

ওর ব্লগ লিংকটা পাচ্ছিনা ।
১১ ই জুন, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: সবাই কাজ মাঝপথে থামিয়ে দিয়েছেন, উৎসাহের অভাবে না অন্য কোন কারণে আর কেউ সেটার উপর হাত চালাননি। ওপেন সোর্স তো, কেউ একটু কষ্ট করেন না:(

১১ ই জুন, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: হ!

৬১. ১১ ই জুন, ২০০৯ রাত ৮:৫৪
মানুষ বলেছেন: ইয়ে মানে কথাগুলো ভাল। তবে কিনা আমি অনেক বাংলা বানান জানিই না :(
১১ ই জুন, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: আমিও জানি না,তো কি? লোকজন হামলা করলে কিছু তো জানতে পারবো:)

৬২. ১১ ই জুন, ২০০৯ রাত ৯:০৬
ম্যাভেরিক বলেছেন: সবার স্বার্থে নিজের ভুলটা শুধরে নিতে নিশ্চয়ই আমাদের খারাপ লাগা উচিৎ নয়,তাই না?

ভালো কথা। বানানে চেষ্টা চলুক নিরন্তর। :)
১১ ই জুন, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাদের সাহায্য থাকবে আশা করি।:)

৬৩. ১২ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৬
ফেরারী পাখি বলেছেন: সময়ের অভাবে, কিছুদিন হল দেশের খবরের কাগজ পড়তে পারি না। যেটুকু সময় পাই, সেটুকু সময় এই সামুতেই দেই।
গতকাল বৃহস্পতিবারের প্রথম আলো পড়ে তো আমি থ।

এত শপথের ছড়াছড়ি। লজ্জাই পেলাম। এই লেখায় একজায়গায় খুব সরল মনে আমিও শপথের কথা লিখেছি। এখন নিজের কাছেই সেটা হাস্যকর মনে হচ্ছে।

শপথের ভালো বাংলা কি? মানে প্রতিশব্দ আর কি-- প্রতিজ্ঞা?

যারাই আমার পূর্ব মন্তব্যটি পড়বেন তারা শপথের জায়গায় দয়া করে মনে মনে প্রতিজ্ঞা শব্দটি পড়ে নেবেন।

আমি একটা হরিপদ টাইপের মানুষ, আমি শপথ করলেই কি? আর প্রতিজ্ঞা করলেই কি? এ প্রশ্ন মনে আসতেই পারে।

(আসলে শপথের মত এত একটা কঠিন শব্দের এত সহজ ব্যবহার দেখলে খুব কষ্ট হয়। কারণ আমরা শপথ করতে যেমন পারদর্শী ভাঙ্গতে তার চেয়ে বেশী পারদর্শী। এটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত।)
১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: প্রথম আলোর ফাজলামি নিয়া কথা বলতে বলতে এখন ক্লান্ত লাগে, আমরা জেনেশুনেই ভুয়া শপথগুলি লিখছি, নিজেরাও জানি কোনটাই পালন করবো না। একটা জাতি যখন ভণ্ডামিকেই আদর্শ হিসেবে ধরে নেয়, তখন সেখানে কথা না বাড়ানোই ভাল।

৬৪. ১৪ ই জুন, ২০০৯ রাত ২:৪৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: দারুণ টপিক, বলাইবাহুল্য। একসময় প্রায় নিয়মিতই মোষ তাড়াতাম আমি, এমনকি নোটিশবোর্ডের পোস্টেও মোষ তাড়িয়েছি (অটো মডারেশন বিষয়ক পোস্টে, দেখেছিলেন?)। মিশ্র অভিজ্ঞতা হয়েছে আমার। অনেকে সহজভাবে নিয়েছেন, অনেকে অনুরোধ করার পরও মুছে দেননি 'মোষ তাড়ানো' মন্তব্যটি/গুলো, ভালোবেসে (এবং - 'অন্যদের কাজে লাগবে' - এই যুক্তি দেখিয়ে) রেখে দিয়েছেন মন্তব্যগুলো; আবার অনেকে ভালোভাবে নেননি, কেউ কেউ বিদ্রুপও করেছেন! 'আমোকা কে ব্লগের 'বানান উপদেষ্টা' পদে নিয়োগ দেয়া হোক' মার্কা বিদ্রুপও শুনেছি। নোটিশ বোর্ডে করা মন্তব্যটির কোনো সৌজন্যমূলক উত্তরও পাইনি! এখন তাই মোষ তাড়ানো কমিয়ে দিয়েছি।

আপনার এই 'সাহসী' উদ্যোগকে সাধুবাদ।

[আপনি বিরামচিহ্নের ব্যবহারে এখন রীতিমতো সেয়ানা হয়ে উঠেছেন, তবে কমার পর স্পেস দেন না বলে দৃষ্টিকটূ লাগে। যেমন, আপনার এই বাক্যটা :

'না,আন্দাজে বলা নয়,জেনেশুনেই বলা। তাদের লেখাগুলো দেশে-বিদেশে পঠিত হয়,এবং নিশ্চিতভাবেই বলা যায়,ব্লগের বিকাশের মাত্রই শুরু,আরো অনেক অনেকদূর যাবে।'

যদি কমার পর স্পেস দিয়ে লিখি তাহলে দেখুন কেমন দেখায় :

'না, আন্দাজে বলা নয়, জেনেশুনেই বলা। তাদের লেখাগুলো দেশে-বিদেশে পঠিত হয়, এবং নিশ্চিতভাবেই বলা যায়, ব্লগের বিকাশের মাত্রই শুরু, আরো অনেক অনেকদূর যাবে।'

পার্থক্যটা কি বোঝা যাচ্ছে?]


ইয়ে, মানে, আমার নামের বানানটা যদি একটু দেখতেন...

১৫ ই জুন, ২০০৯ ভোর ৬:১৯

লেখক বলেছেন: কেউ যদি নিজের ভুল শোধরাতে না চায়, কিছু আসলে বলার বা করার নেই। এখানে সবাই প্রাপ্তবয়স্ক, ঘাড়ে ধরে তো আর কিছু করানো যাবেনা, তবে শিক্ষিত লোকের লেখায় বানান ভুল থাকলে লেখাটাই হাস্যকর লাগে, সেটা নিয়ে কেউ থাকতে চাইলে কিছু বলার নেই। আপত্তি থাকতো কম যদি সব ভাষাতেই আমরা এমনই অসতর্ক থাকতাম, কিন্তু ইংরেজি লিখতে গেলে কয়েকবার দেখেশুনে একটা বানানও যাতে ভুল না থাকে সেটা দেখি, অথচ যে ভাষা প্রাণের বিনিময়ে এসেছে সেটায় ভুল থাকলে সেটা নিয়ে লজ্জিত না হয়ে বরং রসিকতা করে উড়িয়ে দিই, ব্যাপারটা খুবই দুঃখজনক। সবকিছু নিয়ে রসিকতা চলে না, সবকিছু হালকাভাবে নেয়া বা মজা করাও মনে হয় ঠিক না।

নোটিশবোর্ডের মোষ তাড়ানো কিন্তু বিপজ্জনক, শিং দিয়ে গুঁতিয়ে যে কোন সময় জেনারেল পদে উঠিয়ে দিতে পারে:)

আপনার নামের বানান ভুল করায় খুবই খুবই দুঃখিত, আশা করি ভবিষ্যতে এমনটা হবে না। কমার পরে স্পেসের ব্যবহার ঠিক রাখার চেষ্টা করলাম, দেখা যাক কতদূর কি হয়।

১৫ ই জুন, ২০০৯ ভোর ৬:২০

লেখক বলেছেন: ২ দিনের ঝটিকা সফর দিলাম, এখন ঘরে।:)

৬৬. ১৫ ই জুন, ২০০৯ ভোর ৬:৩৭
সাঈফ শেরিফ বলেছেন: বাংলা বা কলা অনুষদের ছাত্র শিক্ষকরাও যখন ব্লগে বানান ভুল করে বসেন, আমরা মিস্ত্রিরা কোন ছার! প্রসঙ্গত উল্লেখ্য, সেগুলো আবার 'টাইপো' ছিলনা, কারণ ভুল ধরিয়ে দিবার পরে উনারা কিছুটা কাল বিলম্ব করেন, হাতের কাছে অভিধানটা খুলে যাচাই করবার জন্য।
১৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ব্যাপার না, মিস্ত্রিরা ভাল বাংলা লিখতে পারবে না এমন কোন নিয়ম তো নাই:)

৬৭. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
এরশাদ বাদশা বলেছেন: সামুতে আসার আগে, যখন কীবোর্ডে লিখতে শুরু করি, তখন রাহী ভাই প্রচুর ভুল ধরিয়ে দিতো। সামুতে আসার পরও ভুলের ঝাঁপি বন্ধ হয় নাই। এখনো সে তার চেষ্টা অব্যাহত রেখেছে, আর আমিও ভুলের ডাল-পালা বন্ধ করিনাই। :P

ব্লগীয় পরিভাষাটা প্রথম দিকে জঘন্য লাগতো। কিন্তু কখন যে, নিজেও এর ব্যবহার শুরু করেছি, টেরই পাইনি।

সত্যিই ব্যাপক কাজের পোস্ট। তবে কুত্তার লেজ যতোক্ষন চুঙ্গার মধ্যে থাকে, ততক্ষনই।:#)

বলেন, এই মন্তব্যে কয়টা ভুল পাইলেন?:D
১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: ব্লগীয় পরিভাষা, বা যতক্ষণ মন্তব্য বা ফান পোস্টে আছি, বানান নিয়ে আপত্তি নেই। কিন্তু যখন সিরিয়াস লেখা লেখি, তখন বানান ভুল করলে দৃষ্টিকটু লাগে, কারণ লেখাগুলো অনেকদিন পরেও কেউ না কেউ পড়বে। আমরা তো মানুষ, কাজেই কিছুদইন চোঙ্গার মাঝে রাখলেই সিধা হয়ে যাবার কথা :)
এই যেমন, আপনার এই মন্তব্যে কোন ভুল নাই:)

৬৮. ১৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৪
জনৈক আরাফাত বলেছেন: জনহিতকর পোস্টের জন্য ধন্যবাদ, জনাব ফারহান!

বানান নিয়ে বলাতে অনতিবিলম্বের বন্ধ হতে যাওয়া ৩৬০-ইয়াহু ব্লগের অনেক মানুষের সংগে সম্পর্ক খারাপ হয়েছে। তবে স্বীকার করুন আর নাই করুন, কবিতার ব্লগ গুলো কিন্তু বানানের ধার ধারেনা।

এটি নাকি ইচ্ছাকরেই করা হয়! (আমার সন্দেহ আছে!)
২০ শে জুন, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: সমালোচনা সহজভাবে নেয়ার মানুষ কম, কি আর করা! মনে হয়না ইচ্ছা করে ভুল করে কবিতায়, নতুন শব্দ আর ভুল বানান এক জিনিস না।

৬৯. ২১ শে জুন, ২০০৯ ভোর ৬:৩৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বানানের ব্যাপারটাতে সচেতন হওয়া খুবই দরকার ।
সমস্যা হলো, দ্রুত টাইপ করতে গিয়ে প্রায়শই টাইপ বিভ্রাট হতে পারে, আর এক্ষেত্রে বানানের প্রতি মনোনিবেশও অনেকটা হ্রাস পায় ।

যাদের বানান ভুল ধরিয়ে দিলে তারা মাইন্ড খাবেন না, অন্তত এরকম ব্লগারদের ভুলগুলো বিনয়ের সঙ্গে তুলে দিয়ে শুধরে নেবার অনুরোধ করা যেতে পারে ।
২১ শে জুন, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: একবার টাইপ করার পরে একটা রিভাইজ (এইটার বাংলা কি?) দিলে টাইপ বিভ্রাট থাকে না, বা কমে যায়, এটা সবাই একটু ভেবে দেখতে পারেন।

সমস্যা হইলো, কে যে মাইন্ড খাবেন আর কে খাবেন না, এিটাই বুঝি না।:(

২২ শে জুন, ২০০৯ ভোর ৪:১৮

লেখক বলেছেন: ধরলাম :)

৭১. ২৩ শে জুন, ২০০৯ রাত ২:০১
না বলা কথা বলেছেন: কেমন আছো ? ভালো উপলব্ধি।


২৩ শে জুন, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: বেঁচে আছি, বরাবরের মতই কাজকর্ম ছাড়া বেকার।

২৩ শে জুন, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: আসলে ঐ উল্লেখ করার ধারাটাই আসেনি, এটাই সমস্যা।

৭২. ২৬ শে জুন, ২০০৯ রাত ৩:২৪
রন্টি চৌধুরী বলেছেন: ভাল উদ্যোগ।
আমার সবসময়ই টাইপ জনিত ভুল হয়। সচরাচর বানান ঠিক রাখার চেষ্টা করি।
২৬ শে জুন, ২০০৯ ভোর ৫:০৬

লেখক বলেছেন: টাইপের ভুলই বেশি হয়, ২য়বার দেখলেই লেখাগুলোতে ভুল অনেক কম হবে।

৭৩. ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৬
আকাশচুরি বলেছেন: ফারহান ভাই, কেমন আছেন?
২৭ শে জুন, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: বেঁচে আছি, এইটুকু জানি। আপনার তো দেখাই পাওয়া যায় না, গ্রহান্তরী হলেন নাকি?

৭৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:১২
রুখসানা তাজীন বলেছেন:
আমার ইদানীং ও-কার জুড়ে দেয়ার একটা বদভ্যাস হয়েছে। যেমন, লাগলো, করলো, বললো, হোলো। মাঝেমাঝে শুদ্ধতা নিয়ে একটু বিভ্রান্ত হয়ে যাই।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: লাগলো, করলো তে কি ও-কার হইবো না? বিভ্রান্ত হয়া গেলাম তো:|

৭৫. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৭
সোহানা মাহবুব বলেছেন: চমৎকার লাগল।আপনার মতের সঙ্গে একমত পোষণ করছি।ভুল বানান একটি অসাধারণ লেখারও মান কমিয়ে দেয়।তাই বানানের প্রতি সচেতন হওয়া জরুরি।
+++
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২৮

লেখক বলেছেন: বানান ভুল ধরিয়ে দেয়া বেশ বিপজ্জনক কাজ, পরোক্ষ রোষের মুখে পড়তে হয়। আপনাদের সবার ইতিবাচক সাড়া দেখে আশাবাদী হচ্ছি, হয়তো সত্যিই বেশি পণ্ডিতি করে ফেলিনি। অনেক ধন্যবাদ।

৭৬. ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:১২
ত্রিভুজ বলেছেন: যেসব কমন বানান আমরা সবাই ভুল করতেছি তার একটা তালিকা তৈরি করতে পারবা? আমি গোটা পঞ্চাশেক তালিকা তৈরি করেছি। বাকিগুলো হারিকেন নিয়া খুঁজতেছি....
০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: ব্লগে যাই পাবো যোগ করে যাবো, মাথায় থাকবে।

৭৭. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৬
শূন্য আরণ্যক বলেছেন: কয়েক জন স্পেল চেকার রাখলে কেমন হয় ?

ব্লগীয় মাষ্টরনীরা বানান ধরা বেলায় অনেক সচেতন ছিলেন ।
তাদের ছাড়া বানান সমস্যা সমধান করা যাবে না ।

নিখিল ব্লগীয় বানান শিক্ষা সমতি নাম প্রস্তাব দিলাম ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

আমাদের কালচারে বানান ভুল ধরয়া দেয়াটা অপমান বিশেষ ধরা হয় । কেন এটা কে জানে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমি মনে সামু বানান ভুলে চ্যাম্পিয়ান হমু ।

তবে এর ৭০% ই টাইপো । মনে আছে মাগার লিখতে গেলে "স্লিপ অব আংগুল" হইয়া যায়।

কয়েকটা ক্লাসিক কেস বলি -- যেমন

না দিতে খেয়াল থাকে না ।

র ছুটে ছুটে যায় ।

য় দিতে খেয়াল থাকে না ।

আরো হাজার টা

কোন সহৃদয় ব্যক্তি সাহায্য করলে কৃতার্থ থাকবো ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ইন ফ্যাক্ট এটা নিয়ে একটা পোষ্ট দিয়ে ফেলমু নাকি চিন্তা করতাসি ।
এমন একটা পোষ্ট দেয়ার ইচ্ছা অনেক দিন যাবত ।

----------------------------------

দেখেন কইতে না কইতে "আমি মনে" --হয়-- দিতে ভুলে গেছি ।

কি যে করি !! :'(
১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: বানান ভুল ধরতে আসলে সাহস পাই না, লোকজন চরম অপমানিত বোধ করে, মনে করে আসছে জ্ঞান ফলাইতে। আমাদের জাতিগত সমস্যা, আমরা ভুল স্বীকার করার চেয়ে ভুলটা নিয়ে চলতে ভালবাসি। তারপরেও সামুর ব্লগাররা অনেকটা পজিটিভ মনে হয়। আপনার পোস্ট টা গিয়ে দেখি দাঁড়ান।

 

মোট সময় লেগেছে ১.০৭৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ