আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশের জনশক্তি ও আন্তর্জাতিক শ্রম অধিকার আইন - ফকির ইলিয়াস
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- সমাজতন্ত্রে মুক্তির উপায়/ প্রতি শ্রদ্ধেয় দিন মজুর - বিহংগ
- নতুন আমল পার করছি পুরনো শিক্ষাব্যবস্থা নিয়ে - ৪ - অনিশ্চিত
- পুঁজিবাদের থাবা,সমাজতন্ত্রের বাঁধা আর ভাষা দিবসে পুতুলের ধাঁধাঁ! - পুতুল
- নতুন আমল পার করছি পুরনো শিক্ষাব্যবস্থা নিয়ে - ১ - অনিশ্চিত
- দিনমজুরের পোস্ট ধরে সন্ধ্যাপ্রদীপের পোস্ট ,সেখানেই আমার উপলব্ধি,উপলক্ষ সমাজতন্ত্রে মুক্তির উপায়। - বিহংগ
- বিশ্ব মানবতার মুক্তির জন্য সমাজতন্ত্রই একমাত্র পথ ?? - সন্ধ্যাপ্রদীপ
- মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মাল্টি ডাইমেনশনাল প্রফিট ও আমাদের হতভাগা দেশের লাভ (একটি সহজ-সরল হিসাব) - বহুরূপী মহাজন
- সাম্যবাদীর পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা - সাম্যবাদী
- টপরেটেড পোস্ট লেখার বুদ্ধি পাইছি-- গ্রামীণ আর সব মোবাইল কোম্পনীগো গালি দিমু - কেএসআমীন
সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি
০৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২১
এক
ইদানীং সারাবিশ্বেই খাদ্য-পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে, সকলকেই অনেক উদ্বেগ-উৎকন্ঠার সাথে বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা, বর্তমান খাদ্য সংকটের কারণ ও উৎস অনুসন্ধানে লিপ্ত থাকতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, বিশ্বজুড়েই খাদ্যশস্যের উৎপাদন কমেছে, খাদ্যশস্যের মজুদও এখন অনেক কম। ফলে, হু হু করে বাড়ছে খাদ্যশস্যের দাম। খাদ্যশস্যের উৎপাদন কমার কারণ হিসাবে বলা হচ্ছে- জলবায়ুগত পরিবর্তনের কথা, বলা হচ্ছে কৃষিজমি হ্রাসের কথা প্রভৃতি। যদিও প্রকৃত কারণ, প্রকৃত অবস্থা এবং প্রকৃত সত্য অনুচ্চারিতই থেকে যাচ্ছে, যেমন করে বায়ুমণ্ডলে আমাদের বসবাস সত্ত্বেও প্রায়ই তা সম্পর্কে আমরা খুব কম সচেতন থাকি।
প্রকৃত সত্যঃ
প্রকৃত সত্য হলো, এখনও দুনিয়ার মোট উৎপাদন মোট চাহিদার তুলনায় বেশী। এটা ঠিক যে, বিগত কিছু সময়ে খাদ্য উৎপাদন কিছু কমেছে, দুনিয়ার খাদ্য মজুদও কমছে। গত বছরে গমের মজুদ কমেছে ১১ শতাংশ। কিন্তু আসলেই কি সবজায়গাতে খাদ্য উৎপাদন কমেছে? উত্তর অবশ্যই না। বরং বেড়েছে। ১৯৮০ সালের তুলনায় বর্তমানে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ৪০ শতাংশ- যা জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় অনেক বেশী, যদিও এসময় দুনিয়াব্যাপী ক্ষুধার্তের (FAO 'ক্ষুধার্ত'কে এভাবে সংজ্ঞায়িত করেঃ একজন যে প্রতিদিন বেঁচে/ টিকে থাকার মত খাবারটুকুও পায় না) সংখ্যা বেড়ে হয়েছে ৮৫৪ মিলিয়ন।
প্রকৃত অবস্থাঃ
কিছু পরিসংখ্যান দিয়ে প্রকৃত চিত্রটি পরিষ্কার করি।
১। গত বছরে দরিদ্র দেশগুলোর খাদ্য আমদানীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে শতকরা ২৫ ভাগ যা ১০৭ মিলিয়ন ডলারের সমপরিমাণ। (বিঃদ্রঃ ১০৭ মিলিয়ন ডলার মোট আমদানী নয় - এটা গত বছরের বাড়তি আমদানী!!)
২। খাদ্য ও কৃষি সংস্থার (FAO) খাদ্য-মূল্য বৃদ্ধির ইনডেক্সে দেখা গেছে শতকরা ৪০ ভাগেরও বেশী মূল্য বৃদ্ধি ঘটেছে।
৩। গম ও তৈলবীজের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গমের মূল্য প্রতি টনে বৃদ্ধি পেয়েছে ১৩০ ডলার, এই বৃদ্ধির হার ৫২ শতাংশ।
৪। গত ৫ বছরে বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য ক্রয় মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
৫। মানব খাদ্য উৎপাদনের পরিবর্তে অ্যাগ্রোফুয়েলের কাঁচামাল উৎপাদনে বিপুল বিনিয়োগ হয়েছে এবং হচ্ছে। পশু খাদ্য উৎপাদনও বেড়েছে।
ফলাফল- পৃথিবীতে ক্ষুধার্তের সংখ্যা দিন দিন বাড়ছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান জ্যাসফ ডাফ জানিয়েছেন- এভাবে চলতে থাকলে খুব অল্প সংখ্যক লোকের খাদ্য কিনে খাওয়ার সক্ষমতা থাকবে।
এর বিপরীতে আরো কয়েকটি চিত্র দেখা যাক।
১। যুক্তরাষ্ট্র বিশ্বের চাল রপ্তানীর ১২ শতাংশ দখল করে আছে। ২০০৬ সালে আমেরিকা প্রায় ১.৮৮ বিলিয়ন ডলারের ধান উৎপাদন করেছে- যার প্রায় অর্ধেক রপ্তানী করে।
২। সাম্প্রতিক সময়ে কৃষি উৎপাদন ও বাজারজাতকারী বহুজাতিক কর্পোরেট কোম্পানীগুলোর অধিকাংশেরই নীট মুনাফা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই বিশ্ব-রপ্তানী বাণিজ্য গুটিকয়েক কোম্পানীর মধ্যেই সীমাবদ্ধ। যেমন- মোট গম রপ্তানীর ৮৫-৯০% অংশীদারিত্ব মাত্র ৩-৬ টি কোম্পানীর, একইভাবে কফি রপ্তানীর ক্ষেত্রে এই হার ৮৫-৯০%, ধানের ক্ষেত্রে ৭০%।
৩। আমেরিকায় সরাসরি খাদ্যের জন্য ৫৮ ভাগ চাল ব্যবহার করা হয়, ১৬ ভাগ ব্যবহার করা হয় প্রক্রিয়াজাত খাদ্য হিসাবে এবং ১০ ভাগ গৃহপালিত পশুর খাদ্য হিসাবে।
৪। ২০০৭ সালে ইউএসডিএ প্রকাশিত প্রতিবেদন মতে যুক্তরাষ্ট্র ৯০.৫ মিলিয়ন একর জমিতে ভুট্টা চাষ করার পরিকল্পনা করে- যা ১৯৪৪ সালের পরের যেকোন সময়ের তুলনায় বেশী। এত বেশী জমি ভুট্টার চাষের আওতায় আনার উদ্দেশ্য অ্যাগ্রোফুয়েল।
প্রকৃত কারণঃ
কৃষি উৎপাদন কমেছে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশসমূহে, তারাই সেকারণে তাদের খাদ্য চাহিদা পূরণের লক্ষে উন্নত দেশসমূহের উদ্বৃত্ত খাদ্যের দিকে হাত বাড়িয়েছে, খাদ্যশস্য আমদানী করতে বাধ্য হচ্ছে। উন্নত বিশ্বও কৃষি উৎপাদন কিছু কমিয়েছে- তবে সেটা বাণিজ্যিক উদ্দেশ্যেই বা কারণেই (অ্যাগ্রোফুয়েল উৎপাদনে, পশুখাদ্য উৎপাদনে মুনাফা অনেক বেশী) কমিয়েছে। উন্নত দেশসমূহ খাদ্য উৎপাদনের ঘাটতি, মজুদ হ্রাস প্রভৃতি প্রচারণা তুলে- নিজেদের উদ্বৃত্ত খাদ্যশস্য চড়া মূল্যে বিক্রি করছে। বাংলাদেশসহ উন্নয়নশীল বা স্বল্পোন্নত বা অনুন্নত দেশসমূহে খাদ্য উৎপাদন হ্রাসে জলবায়ুগত দুর্যোগের প্রভাব থাকলেও তা নগণ্য। এবারে কিছু চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করবো কিভাবে এই দেশসমূহের কৃষি উৎপাদন কমছে।
১। অসম কৃষি ভর্তুকিঃ বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষিচুক্তিতে স্বাক্ষর করার পর থেকে স্বল্পোন্নত/অনুন্নত দেশসমূহ কৃষি ভর্তুকি প্রায় শূণ্যের কোঠায় নিয়ে যেতে বাধ্য হয়। অথচ, যেসব উন্নত অর্থাৎ ওইসিডি দেশে কৃষি ভর্তুকির পরিমাণ ছিল ১৯৯৫ সালে ১৮২ বিলিয়ন মার্কিন ডলার, ১৯৯৭ সালে সেটা বেড়ে দাঁড়ায় ২৮০ বিলিয়ন ডলার, ২০০১ সালে ৩১৫ বিলিয়ন ডলারে, ২০০২ সালে ৩১৮ এবং ২০০৫ সালে এসে দাঁড়ায় কমবেশী ৩০০ বিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ ডলারে ভর্তুকি দিতে হয় ২৫ থেকে ৩০ ডলার। ইউরোপীয় ইউনিয়নে ভর্তুকির পরিমাণ ৪০-৫০ ডলার।
২। মুক্তবাণিজ্যঃ কৃষিক্ষেত্রে কোটা ও উচ্চশুল্ক আরোপ করে তৃতীয় বিশ্বের দেশসমূহ কৃষিপণ্যের আমদানীকে প্রতিরোধ করেছিল। ১৯৯৫ সালে "এগ্রিমেন্ট অন এগ্রিকালচার" কৃষিচুক্তিতে স্বাক্ষর করার পর এই প্রতিরোধ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই কৃষিচুক্তি, কোটা পদ্ধতি বাতিলের মাধ্যমে কৃষিবাজার উন্মুক্ত করতে এবং একটি নির্দিষ্ট পরিমাণ কৃষিপণ্য স্বল্প শুল্কে আমদানী করতে বাধ্য করে।
ফলাফলঃ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ ভর্তুকির কারণে বিশ্বব্যপী কৃষিপণ্যের দাম কমে যায়। আর উল্টো দিকে তৃতীয় বিশ্বে ভর্তুকি হ্রাস, বেসরকারী খাতে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, রাষ্ট্রীয় উদ্যোগ হ্রাস প্রভৃতি কারণে কৃষি উৎপাদনের খরচ বাড়তে থাকে। আবার অন্যদিকে মুক্তবাজারের কারণে উন্নত দেশসমূহের কমদামী পণ্যের সাথে প্রতিযোগীতার মুখে উন্নয়নশীল দেশের পণ্য টিকতে পারে না। ফিলিপিন, ভারত, শ্রীলংকা সহ উন্নয়নশীল দেশসমূহের অসংখ্য চাষী দেউলিয়া হয়ে পড়েছে। ফিলিপন বিশ্লেষক এইলেন কও বলেছেন, শস্যের মূল্য একবার কমে যাওয়ার কারণে দেখা গেছে, প্রতিযোগীতায় টিকতে পারবে না বলে অনেক কৃষক ভুট্টা জমিতেই রেখে এসেছেন এবং সেগুলো জমিতেই পঁচে নষ্ট হয়। ঘানায় মাঠের পর মাঠ পতিত পরে থাকতে দেখা যায়, তারই পাশে দেখা যায়- আমদানীকৃত খাদ্য শস্যের বস্তা। ভারতের অন্ধ্রপ্রদেশে শুল্ক উদারনীতির প্রতিক্রিয়ায় ১৯৯৮ সালে কমপক্ষে ২৩৩ জন কৃষক আত্মহত্যা করে, আর ২০০২ সালে ২৬০০ এর বেশী কৃষক আত্মহত্যা করে।
১৯৯৫-৯৬ অর্থবছরে বাংলাদেশ কৃষিখাতে যে ভর্তুকি দিয়েছে তা মোট কৃষি উৎপাদনের ১.৫৪%। ১৯৯৮-৯৯ এ এই হার নেমে দাঁড়ায় ০.৮৯% এ, আর ২০০১-০২ এ এই হার ছিল ০.৬৭%। এর মানেই হলো বর্তমানে বাংলাদেশে কৃষিতে আসলে তেমন কোনো ভর্তুকি দেয়া হয় না। যেটুকুও বা দেয়া হয় সেচ, সার ও বীজের ক্ষেত্রে তার খুব সামান্যই ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছে। যদিও সাম্প্রতিক বছরগুলিতে কৃষিতে বাজেট বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে- প্রত্যক্ষ সেবা খাতে বাজেট আসলে কমে গেছে। ২০০৪-০৫ অর্থ বছরে কৃষি বাজেট যেখানে ৯০% বেড়েছে, সেখানে কৃষি বিষয়ক প্রশাসনিক কর্মকাণ্ডে বাজেট বেড়েছে ২০০%, আর কৃষি সেবায় কমেছে ১০%।
অন্যদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষিচুক্তির সঙ্গে তাল মিলিয়ে খুলে দেয়া হয় কৃষি পণ্যের বাজার। বাংলাদেশে শুল্ক হ্রাসের প্রবণতা বিশ্বব্যংক, আইএমএফ এর পরামর্শে আরো আগে শুরু হয়েছিল। ১৯৯২-৯৩ এ বাংলাদেশে আমদানী শুল্কের মোট ১৫ টি ধাপ ছিল যেখানে সর্বোচ্চ শুল্ক ছিল ৩০০%। ১৩ বছর পর ২০০৪-০৫ এ এসে বাংলাদেশের সর্বোচ্চ শুল্কহার ২৫% (ধাপ চারটিঃ ০%, ৭.৫%, ১৫% ও ২৫%)।
এই দুই প্রভাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা আরো বেশী ঋণগ্রস্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ভূমিহীন কৃষকের সংখ্যা, কমছে চাষযোগ্য জমির পরিমাণ। ২০০০-০১ সালে মোট কৃষি জমির পরিমাণ ছিল ১ কোটি ৪৮ লাখ হেক্টর যা এই সময়কালে কমে হয়েছে ৮৪ লাখ হেক্টর।
এভাবে উন্নয়নশীল দেশের কৃষকদের সর্বস্বান্ত করে, দেশের কৃষিকে ধ্বংস করে এবং খাদ্যশস্যের জন্য উন্নত দেশসমূহের উপর সম্পূর্ণ নির্ভরশীল বানিয়ে, তারপরে সুযোগ বুঝে খাদ্যশস্যের দাম বাড়িয়ে উন্নত বিশ্ব গড়ে তুলে মুনাফার পাহাড়।
এবারে বাংলাদেশের কৃষির অবস্থাটি একটু বিষদে দেখা যাক..
দুই
ঐতিহাসিকভাবেই বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। যে দেশের মোট জনসংখ্যার ৭৬% বাস করে গ্রামাঞ্চলে। আবার গ্রামাঞ্চলের ৯০% মানুষ জীবিকার জন্য সরাসরি কৃষি খাত ও কৃষিসংশ্লিষ্ট কার্যক্রমের উপর নির্ভরশীল।
এখন পর্যন্ত বাংলাদেশে সর্বাধিক কর্মসংস্থানের খাতটি হচ্ছে কৃষি। বিগত ২০০৫-০৬ অর্থবছরের তথ্য অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের ৫১.৬৯% ই হয়েছে কৃষিখাতে এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান হচ্ছে ২১.৭৭%। সবচেয়ে বড় কথা- দেশের মানুষের অন্ন জোগাতে এই খাতটিই প্রধান ভূমিকা রাখে। তো, বর্তমানে এহেন গুরুত্বপূর্ণ খাতের অবস্থাটি কেমন?
কৃষি খাত অলাভজনক খাত, কৃষকের মাথায় হাতঃ
আমাদের কৃষি, সরকারের বিমাতাসুলভ আচরণে দারুন সংকটে নিমজ্জিত, কিন্তু এই নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা সবচেয়ে কম। সার ও ডিজেল সংকটে কৃষকের আন্দোলনের সময় ব্যাতীত এবং সম্প্রতি খাদ্য ঘাটতির সময় ব্যাতীত আমরা সাধারণত কৃষি নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইনি কখনোই। অথচ, আমাদের অর্থনীতির প্রাণ এই কৃষি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আমাদের কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে প্রচণ্ড পরিশ্রম করে যে উৎপাদন করে, শেষ পর্যন্ত তার উৎপাদন খরচই সে তুলতে পারে না। ফলে অব্যাহত ক্ষতির সম্মুখীন হয়ে সে ঋণের দায়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে তার শেষ অবলম্বন এক টুকরো আবাদী জমি বিক্রি করতে বাধ্য হয়। এভাবে সর্বস্বান্ত ও বেকার হয়ে পড়ে, বাঁচার তাগিদে সে শহরে পাড়ি জমায়।
নীচের সারণীতে এক পলক চোখ বুলালেই আমরা দেখতে পাবো, কিভাবে ধীরে ধীরে কৃষি একটি অলাভজনক খাতে পরিণত হয়েছে।
সারণী-বিভিন্ন ফসলের প্রাপ্তি/ব্যয় অনুপাত
শস্য/বছর--------১৯৮১/৮২-১৯৮৬/৮৭-১৯৯১/৯২-১৯৯৬/৯৭-২০০১/০২-২০০৫/০৬
আউশ (দেশীয়)--০.৯৬------১.০৪------১.০৯------০.৬৬------০.৭৬------০.৬২
আউশ (উফশী)--১.২৮------১.৩৩------১.৩৬------০.৮২------০.৭৬------০.৮১
আমন (এলটি)---১.৪৯------১.৮৫------১.৪৮------১.০৬------১.০৬------০.৯৬
আমন (এম)-----১.২২------১.৭৯------১.৬৫------১.০৯------১.২৭------০.৯৯
বোরো (এলটি)--১.৪৬------১.১৩------০.৯৮------০.৬৫------০.৮৩------০.৭০
বোরো (এম)-----১.৪৪------১.৬৯------১.৩২------০.৯৮------১.০২------০.৮৯
গম (এম)---------১.৩৩------১.১৪------১.১৬------১.০৯------১.০৪------১.০৭
লাভজনক না হওয়ার কারণগুলোঃ
প্রথমত, ফসল উৎপাদন বৃদ্ধির তুলনায় উপকরণ খরচের হার বেড়েছে।
দ্বিতীয়ত, উৎপাদিত পণ্যের দাম বাড়ার হার উপকরণের দাম বাড়ার হারের চেয়ে কম হয়েছে।
তৃতীয়ত, উপকরণ ব্যয় বাড়ার হার অত্যন্ত উচ্চ ও দ্রুত হয়েছে বাজারবিরোধী তৎপরতায় (যেমন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি ও মজুতদারি)।
চতুর্থত, কৃষি উদারীকরণের কারণে বাজার এমনভাবে নিয়ন্ত্রণহীন করা হয়েছে যে বাজার থেকে উৎপাদকরা কম ও ব্যবসায়ীরা অধিক লাভ পেয়েছে। যেহেতু বাজারে ন্যূনতম মূল্য নির্ধারণের কোনো ব্যবস্থা নেই, সেহেতু ব্যবসায়ীরা কৃষক তথা উৎপাদকের কাছ থেকে তুলনামূলক কম দামে পণ্য কিনে নেয়। আর ব্যবসায়ীদেরই বাজারে সরাসরি যোগাযোগ রয়েছে, যা উৎপাদকের নেই।
কৃষিখাতটি এহেন অলাভজনক হওয়ার এই কারণগুলোর আরো গভীরে ঢুকতে চাইলে কয়েকটি বিষয়ে আমাদের দৃষ্টি দেয়া দরকার। নীচে একে একে সংক্ষেপে সে আলোচনাটি করা যাকঃ
বিএডিসি'র ভূমিকাঃ সোনালী(!!) অতীতে
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কার্যত এককভাবেই কৃষি উৎপাদনের বিভিন্ন উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক ও সেচ-যন্ত্রপাতি আমদানী, সংগ্রহ ও বিতরণ-বিপননের কাজগুলো করত। একটা সময়ে ভর্তুকি দিয়ে বিএডিসির মাধ্যমেই এককভাবে সার বিতরণ করা হত। এই ভর্তুকির ব্যবস্থার ফলে ক্ষুদ্র ও গরীব কৃষকদের জন্য কম দামে সার কেনার সুযোগ ছিল। এছাড়াও বিএডিসির তত্ত্বাবধানে সমবায়ভিত্তিক মালিকানা ব্যবস্থায় কৃষকদের পানি-সেচের সুবিধা দেয়া হত। এই ব্যবস্থায় সেচ কার্যক্রমের ব্যয় কম পড়ত বলে দরিদ্র ও প্রান্তিক চাষীরা সহজেই সুযোগটি নিতে পারত। অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচের পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের কাজ দেখভাল করত। ব্যবসায়ী-সিণ্ডিকেটের কারণে বাজারে কোনো সমস্যা দেখা দিলে সেটি এড়াতে বা মোকাবেলায় টিসিবির মাধ্যমে সরকার হস্তক্ষেপ করতে বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারত। এ দেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নামের রাষ্ট্রায়ত্ত সংস্থাটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করতে পারত।
কৃষির বিরাষ্ট্রীয়করণ ও উদারীকরণঃ
উপরের চিত্রটি আজ আর খুঁজে পাওয়া যাবে না। কেন?
১৯৭১-৭২ অর্থবছরে যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কৃষি খাতে সরকারের মূলধনী ব্যয় ছিল ৩১%, সেখানে তা কমতে কমতে ২০০৫-০৬ অর্থবছরে ৩%-এরও নীচে নেমে এসেছে। তেমনিভাবে ১৯৯১ সালে যেখানে কৃষি খাতে সরকারের রাজস্ব ব্যয় ছিল ১০%, সেখানে ২০০৫-০৬ অর্থবছরে তা কমে ১.২%-এ নেমে আসে। এর অর্থ হল, কৃষি খাতে সরকারের ভর্তুকি প্রদান মারাত্মকভাবেই কমেছে। কেন?
কারণ, কৃষির বিরাষ্ট্রীয়করণ ও তথাকথিত উদারীকরণ।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ কৃষি উপকরণ সরবরাহ খাতে উদারীকরণ তথা বিরাষ্ট্রীয়করণ শুরু করে। এটি করা হয় কৃষিতে বেসরকারী খাতের সম্পৃক্ততা বাড়ানো এবং বহির্বাণিজ্য উদারীকরণ মানে আমদানী পর্যায়ের শুল্ক হ্রাস করার মাধ্যমে। বিশ্বব্যাংক ও আইএমএফ এর চাপে ক্রমান্বয়ে কৃষিখাতে ভর্তুকি হ্রাস ও অন্যান্য রাষ্ট্রীয় সেবা সুবিধা কমিয়ে আনার মাধ্যমে বাংলাদেশের কৃষিতে দ্রুততর উদারীকরণ ঘটে।
বিশ্বব্যাংক ১৯৭৯ সালে খাদ্যনীতির ওপর প্রথম একটি প্রতিবেদন প্রকাশ করে। এর বছর তিনেক পরে ১৯৮২ সালে 'বাংলাদেশঃ খাদ্যশস্যে স্বয়ম্ভরতা ও ফসলের বৈচিত্র্যকরণ' শীর্ষক দ্বিতীয় প্রতিবেদন প্রকাশ করে। দুটি প্রতিবেদনেই বিশ্বব্যাংক উৎপাদন বাড়ানো ও খাদ্যশস্যে স্বনির্ভরতা অর্জনের ওপর জোর দিয়ে কৃষি উদারীকরণের পরামর্শ দেয়।
'কাঠামোগত সমন্বয় কর্মসূচি' -স্যাপঃ
এরই মধ্যে অর্থাৎ আশির দশকের গোড়ার দিকে স্যাপ এর আওতায় বাংলাদেশের কৃষি খাতে সংস্কার প্রক্রিয়া শুরু হয়, যা নব্বইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত চলে। এই কর্মসূচির আওতায় বাস্তবায়িত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হচ্ছেঃ
# কৃষিখাতে বিশেষ করে সারে ভর্তুকি হ্রাস/ প্রত্যাহার, সার সরবরাহ- ব্যবস্থার বেসরকারীকরণ,
# আশির দশকের শেষ নাগাদ বেসরকারীভাবে সেচ যন্ত্রপাতি আমদানীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার,
# ১৯৯৫ সালে বেসরকারী খাতে চালসহ খাদ্যশস্য আমদানীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার,
# কৃষি খাতে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সার আমদানী, বিক্রয় ও বিতরণ এবং সেচ কার্যক্রম ও বীজ বিতরণের দায়িত্ব ক্রমান্বয়ে সংকোচন,
# আশির দশকেই সরকারীভাবে খাদ্য বিতরণ ব্যবস্থায় সংস্কার সাধন। পল্লী অঞ্চলে রেশন বন্ধ করে খাদ্য নিরাপত্তার নতুন কর্মসূচি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও ভিজিডি (ভালনারেবল গ্রুপ ফিডিং) পরিচালনার নীতি গ্রহণ করা হয়।
# ১৯৯২ সালে জাতীয় বীজনীতি প্রবর্তন করে তাতে বীজ উৎপাদন বেসরকারী খাতে ছেড়ে দেয়া হয়। তবে পাঁচটি শস্য এককভাবে সরকারের হাতেই রেখে দেয়া হয়।
সুতরাং বোঝাই যাচ্ছে যে, কৃষি খাতের আয় ও লাভ কমে যাওয়ার বিষয়টি একাধারে জটিল ও বহুমুখী। তবে পুরোটাই বাংলাদেশের সরকারী তথা রাষ্ট্রীয় নীতির সঙ্গে সম্পৃক্ত। বিশেষত গত দেড় দশকে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক কৌশলে ক্রমান্বয়ে কৃষি বিষয়ক সবরকম সংরক্ষণমূলক ব্যবস্থা তুলে নেয়ার কাজ করা হয়েছে। "মুক্তবাজার অর্থনীতিতে চাহিদা-যোগানের মিথস্ক্রিয়ায় পণ্য-সামগ্রীর দাম নির্ধারিত হয়", "মুক্তবাজার অর্থনীতিতে সরকার হস্তক্ষেপ করতে পারে না", -এসব তত্ত্বকথা বলে বিশ্বব্যাংকের কথিত কাঠামোগত সমন্বয় কর্মসূচির আওতায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি)সহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্থাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলায়, প্রয়োজনের সময় সরকারের পক্ষে কার্যকরভাবে বাজারে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না।
সমাধানঃ
সমাধান একটাই। বিশ্বব্যাংক-আইএমএফ এর কবল থেকে বেরিয়ে স্বাধীন অর্থনীতি গড়ে তোলা, রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানসমূহকে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা, রাষ্ট্রীয় পরিকল্পনায় ও বাজেটে কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া। এক্ষেত্রে সরকারের ভূমিকা প্রধান। ফলে অতীত সরকারসমূহের ভূমিকা পর্যালোচনা করে, জনগণের উচিত সচেতনতা বৃদ্ধি করা- সর্বাত্মক কৃষি আন্দোলনের মাধ্যে সরকারকে বাধ্য করা এবং প্রয়োজনে কৃষি-বিরোধী সরকারসমূহকে আস্তাকুড়ে নিক্ষেপ করে জনগণের প্রকৃত সরকার গঠন করা!!!
দুনিয়াজুড়ে, কৃষকদের আন্দোলন জোরদার হচ্ছে, কৃষকদের মধ্যে দাবিদাওয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং এ আন্দোলন বিশ্বব্যাংক-আইএমএফ-ডব্লিওটিও এর তাঁবেদার সরকারকে উচ্ছেদের আন্দোলনেও গিয়ে রূপান্তরিত হচ্ছে। কেননা, এটাই একমাত্র সমাধান।
এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে, আসলেই কি দাতাসংস্থার লম্বা হাত এড়ানোর ক্ষমতা আমাদের মত দেশের সরকারগুলোর আছে, যেখানে সরকার নিজেরাই দুর্নীতিবাজ? থাকলে, কিভাবে?
উত্তরে বলবো, অবশ্যই আছে। তবে সেটা যেকোন সামরিক বা সেনা সমর্থিত সররকারের চেয়ে গণতান্ত্রিক সরকারের বেশী আছে। কেননা, এই সামরিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা গণতান্ত্রিক সরকারের চেয়ে কোনো অংশে বেশী থাকতে পারে না- হোক না গণতান্ত্রিক সরকার যতই দুর্নীতিগ্রস্ত!!
আসলে, গণতান্ত্রিক সরকারকে যেহেতু ৫ বছর পরপর হলেও জনগণের কাছে যেতে হয়- ফলে কিছুটা হলেও তার জনগণের কথা ভাবতে হয়। ফলে- সে সর্বদাই থাকে দুধরণের চাপের মধ্যে- একটি আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর, আরেকটি দেশের মানুষের। এখন দেশের মানুষের চাপটি যদি বড় করা যায়- মানুষের লড়াই সংগ্রাম যদি বেশী থাকে, তবে সে আন্তর্জাতিক চাপের কাছে মাথা কম নোয়ায়। কিছু উদাহরণ দেইঃ
স্যাপ কর্মসূচির আওতায়১৯৮৪-৮৫ সালে সার বিপণন বেসরকারীকরণ করা হয় (১৯৮৫ সালের জুলাই মাসের মধ্যে বিএডিসি থানা পর্যায়ের প্রায় ৪২৩টি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়। ১৯৮৮ সালের মাঝামাঝিতে এসে প্রায় ৮০০০ পাইকার ও ডিলারকে প্রত্যাহার করা হয়), এবং মার্চ ১৯৮৯ সালে কারখানা থেকেও বেসরকারীভাবে সার সংগ্রহ ও বিপণনের অনুমতি দেয়া হয়।
কিন্তু ১৯৯৫ সালে আবার সরকার বাধ্য হয় ইউরিয়া সারের বিপণন ও বিতরণ পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এটি এখনও বজায় আছে। এটি কিন্তু বিশ্বব্যাংকের স্যাপ কর্মসূচির পরিপন্থী। একাজটি সরাকার করলো শুধুমাত্র এই কারণে যে- সে সময় সার নিয়ে কৃষকরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল- এমনকি বুকের রক্তও ঢেলে দিয়েছিল।
এছাড়াও আমাদের গ্যাস, বন্দর, কয়লা এসব নিয়েও দাতাগোষ্ঠীদের বিভিন্ন চক্রান্ত সফল হয় নি, বা গণতান্ত্রিক সরকারসমূহ বাস্তবায়ন করতে পারেনি- সেগুলোকে নিয়ে আন্দোলনের ফলেই।
সুতরাং পুরোটাই নির্ভর করছে, আমাদের জনগণ কতখানি সচেতন ও কিভাবে ক্রিয়া করছে তার উপর।
তথ্যসূত্রঃ
উন্নয়ন অন্বেষণ এর গবেষণাপত্র এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০০৬।
[বন্ধু নাস্তিকের ধর্মকথার অনুরোধে তিনটি পোস্ট (দুটি লেখা) কে একত্রিত এই পোস্ট তৈরি করেছি, অনেকেরই এটি আগেই পড়া হয়ে থাকতে পারে।]
কৌশিক বলেছেন:
আমি তাড়িয়ে তাড়িয়ে পড়েছি।
সাইফুর বলেছেন:
নো ওয়ে..সরাসরি প্রিয় পোষ্টে
দিনমজুর বলেছেন:
এর সাথে যুক্ত করুন সাম্প্রতিক সময়ের বিশ্বব্যংকের প্রস্তাবনা....
বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নের জন্য বিশ্বব্যংকের অনেক দরদ, সেই দরদ দেখিয়ে এবারো সরকারের সাথে চুক্তি করেছে একটি প্রকল্পে। প্রকল্পের নাম: "দি ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট"।
৫ বছর করে তিন ধাপে মোট ১৫ বছরের প্রজেক্ট শুরু হবে আগামি মে মাসে। এ প্রকল্পের ব্যয় হচ্ছে ৮ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ৫৩৮ কোটি টাকা- যার মধ্যে বিশ্বব্যংক দিবে ৬ কোটি ২৬ লাখ ডলার, ইফাদ দিবে ১ কোটি ৯৪ লাখ ডলার ও বাংলাদেশ সরকার দিবে ২৬ লাখ ডলার।
খাতওয়ারি ব্যয়টিও একটু দেখে নিই...
প্রকিউরমেন্ট (ক্রয়) খাতে ৩ কোটি ৮৩ লাখ ডলার, পরামর্শক খাতে ১ কোটি ৬৭ লাখ ডলার, পরিচালনাগত ব্যয় ২৮ লাখ ডলার, কর্মচারি খাতে ৬৭ লাখ ডলার।
নেমেসিস বলেছেন:
প্রিয়পোস্ট
রণদীপম বসু বলেছেন:
কৃষিনির্ভর দেশে কৃষিবিরোধী ব্যবস্থাপনার দুঃখজনক প্রভাব এতদিনে টের পাওয়া যাচ্ছে। শিল্পনির্ভরতার পক্ষে যারা চিৎকার চেচামেচি করতেন, এখন এরা কোথায়? তারা কি এখন আর ভাত খান না? আসলে আমাদের দেশের রাজনীতিবিদরা তো তরলপদার্থের মতো বহুরূপি, আর ব্যবসায়ি- এদের তো কোন চরিত্রই নেই। এদের কেই বোধয় কসাই বলে! ধন্যবাদ দিনমজুর, এরকম পোস্ট ব্লগকে সমৃদ্ধ করে।
লেখক বলেছেন:
শিল্প কোথায়???
আমাদের সব শিল্প তো নাই হয়ে গেছে........
তথাকথিত দর্জিগিরি এখন আমাদের প্রধান শিল্প!!!!!!!!!!!
কৌশিক বলেছেন:
স্টকি পোস্ট করে সামহোয়ার বিষ্মিত করেছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে।
জানি না সেক্ষেত্রে সা.ইন কে 'অবহিত' করতে হবে কিনা।
তবে আমি জোর দাবি জানাচ্ছি আপনার কাছে এটাকে কোন দৈনিকে প্রকাশ করার।
ভাল থাকুন।
কিসলু বলেছেন:
+
নেমেসিস বলেছেন:
ধন্যবাদ কর্তৃপক্ষকে এই পোস্টটিকে স্টিকি করার জন্য ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
+
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
ধন্যবাদ কর্তৃপক্ষকে এই পোস্টটিকে স্টিকি করার জন্য ( যদিও কোন ব্যাপারেই কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে এখন লজ্জাবোধ হয়!!!)
মণিপুরী বলেছেন:
দারুণ একটি পোস্ট। ++++++
BangladeshCiroJibiHok বলেছেন:
লেখককে ধন্যবাদ তথ্যবহুল পোস্টের জন্য।লেখক বলেছেন
এ সমস্যার সমাধান একটাই। বিশ্বব্যাংক-আইএমএফ এর কবল থেকে বেরিয়ে স্বাধীন অর্থনীতি গড়ে তোলা, রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানসমূহকে পুনরুজ্জীবিত ও সক্রিয় করা, রাষ্ট্রীয় পরিকল্পনায় ও বাজেটে কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া।
কিন্তু আপনার কি মনে হয় যতদিন প্রথম অন্ধকার ও ডেইলি বাস্টার্ডের মত দালাল পত্রিকা ও সিপিডির মতো সাম্রাজ্যবাদীদের পদলেহী গবেষণা প্রতিষ্ঠান আছে ততদিন আইএমএফ বা ওয়ার্ল্ডব্যাংকের কবল থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে?
লাল দরজা বলেছেন:
চোখ খুলে দেয়া চিন্তা। এক বার পড়ছি দৌড়ের উপর, আরেকবার আস্তে ধীরে পড়ে নিতে হবে। আপনার আলাদা আলাদা পোষ্ট গুলি পড়া হয়নি আগে, পড়ে নিব। আর একটা সবিনয় অনুরোধ, এই বিষয়ে কিছু মিনি ভার্শন লেখা পোষ্ট করবেন দয়া করে। এ দৃষ্টি কোনের লেখা এ ব্লগের ব্লগারদের কাছে পৌছানো উচিত বলে মনে করছি। কিন্তু দৈর্ঘ্য বড় ব্লগ গুলো অনেক সময় সাধারন ব্লগাররা ঠিক পড়তে চান না মনে হয়। এটা একান্তই আমার ব্যাক্তিগত পর্য্যবেক্ষন, আপনার সুচিন্তা সকলকে ছুঁয়ে যাক কামনা করছি। শুভ কামনা।
বোঘদাদি হেকিম বলেছেন:
দিনমজুর সাহেবের রাজনীতিক বামধারায় আছেন বলে জানি। তো উনি বেশ চমতকার একটা আর্টিকেল লিখসেন, সেখানে বেস কিছু উপাত্ত এবং বিশ্লেষন আছে। আমি পুরা লেখাটিকে ভবিষ্যতে আরো ডাইসেকট করার আশা রাখি। তবে এ মুহুর্তে সময়ের অভাবে উনার ভর্তুকি সম্পর্কে বিশ্লেষনটি সম্পর্কে আলোকপাত করতে চাই। উনি বলেছেন"আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ ভর্তুকির কারণে বিশ্বব্যপী কৃষিপণ্যের দাম কমে যায়। আর উল্টো দিকে তৃতীয় বিশ্বে ভর্তুকি হ্রাস, বেসরকারী খাতে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, রাষ্ট্রীয় উদ্যোগ হ্রাস প্রভৃতি কারণে কৃষি উৎপাদনের খরচ বাড়তে থাকে। আবার অন্যদিকে মুক্তবাজারের কারণে উন্নত দেশসমূহের কমদামী পণ্যের সাথে প্রতিযোগীতার মুখে উন্নয়নশীল দেশের পণ্য টিকতে পারে না। ফিলিপিন, ভারত, শ্রীলংকা সহ উন্নয়নশীল দেশসমূহের অসংখ্য চাষী দেউলিয়া হয়ে পড়েছে। ফিলিপন বিশ্লেষক এইলেন কও বলেছেন, শস্যের মূল্য একবার কমে যাওয়ার কারণে দেখা গেছে, প্রতিযোগীতায় টিকতে পারবে না বলে অনেক কৃষক ভুট্টা জমিতেই রেখে এসেছেন এবং সেগুলো জমিতেই পঁচে নষ্ট হয়। ঘানায় মাঠের পর মাঠ পতিত পরে থাকতে দেখা যায়, তারই পাশে দেখা যায়- আমদানীকৃত খাদ্য শস্যের বস্তা। ভারতের অন্ধ্রপ্রদেশে শুল্ক উদারনীতির প্রতিক্রিয়ায় ১৯৯৮ সালে কমপক্ষে ২৩৩ জন কৃষক আত্মহত্যা করে, আর ২০০২ সালে ২৬০০ এর বেশী কৃষক আত্মহত্যা করে। "
আমেরিকা তে এগ্রিকালচারে ভর্তুকি দেওয়া হয় যাতে সব চাষ যোগ্য জমিতে চাষ করলে অতিরিক্ত উতপাদন হবে এবং তার ফলে যোগান বেড়ে যাবে যার ফলে শস্যের মূল্য পড়ে যাবে। তাই সরকার থেকে পুরো বছরের চাহিদা ক্যালকুলেট করে তারপর ঠিক সেই পরিমান জমিতে চাষ করা হয়, যাতে শষ্যের মুল্য উঠতি পড়তির দিকে না থাকে বরং বাজার একটি ষ্ট্যাবেল চাহিদা এবং যোগানের মধ্যে দিয়ে যায়। ইওরোপেও একই ব্যাপার। উতপাদন কমানো এবং শস্যের মুল্য উতপাদনকারী এবং ভোক্তার জন্য প্রতিযোগীতা মুল্যের জন্য এটা করা হয়। আর বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে। ভর্তুকি দেয়া হয় উতপাদন বাড়ানোর জন্য। এটা শুধুমাত্র কাঠাল পাতার আমসত্ব নয়, একটা জোয়াচুরি। আপনি যদি জানেন যে আপনে কম উতপাদন করলে ভর্তুকি পাবেন, আপনি কি আর ইচ্ছা করে বেশী উতপাদন করবেন। যেখানে আপনি কম পরিশ্রম করে বেশী টাকা পাবেন সেটা কি ভাবে উতপাদন বাড়াতে সাহায্য করবে। এটা প্রথম ধাপ বাংলাদেশের ভর্তুকির সমস্যা।
এখন ভর্তুকির টাকা আসে কোথা থেকে, সরকারী কোষাগার থেকে, সরকার টাকা কই পায়, কর থেকে। সরকারের যদি এনাফ কর না পায় তাইলে বাজেট ঘাটতি হয়, তখন যদি আরো বেশী ভর্তুকি দিতে হয় সরকার ব্যান্ক ব্যবস্হা থেকে লোন নেয়। তাতে বাজারে বেসরকারী উদ্যোক্তাদের জন্য লোন কমে যায় এবং সুদের হার বেড়ে যায়, আর অর্থনীতিতে নতুন উদ্যোগ কমে যায় এবং তার ফলশ্রুতিতে বাজারে রিসেশন দেখা যায়। আরেকটা উপায়ে সরকারে বাজেট অসমতার মধ্যে ভর্তুকি দিতে পারে, সেটা হচ্ছে নতুন মুদ্রা ছাপাইয়া, তাতে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দিবে, আর টাকার মুল্য পড়ে যাবে, যে জিনিষ আগে ৫ টাকায় বিকাতো সেটা ৫০ টাকায় বিকোবে। কোন ফ্রি লানচ নাই। সরকারকে বাজার নিয়ন্ত্রনে নামতে হলে নিজের টাকায় করতে হবে, লোন করে বা মুদ্রা ছাপাইয়া করলে সেটা কোন সমস্যার সমাধান হবেনা।
আর বিশ্ববাজারে গত ৬ বছরে তেলের মুল্য বাড়ছে ২৫ ডলার থেকে একন ১০০ ডলার। এগ্রিকালচারের কাচা মাল এবং অন্যান্য উতপাদন উপাদানের সাথে তেলের মুল্য জড়িত, যেহেতু কাচা মালের দাম বাড়ছে সেহেতু ফাইনাল প্রডাক্টের দাম বাড়বে সোজা হিসাব। একন তেলের মুল্য বাড়চে কারন , তেলের উতপাদন চাহিদার সাথে বাড়েনা, তেলের মুল্য ধরে রাখার জন্য ওপেক তেলের কোটা দিয়ে রাখসে। এক জায়গা কোটা আরেকটা উপাদানে সমস্যা ক্রিয়েট করে।
ধন্যবাদ
লেখক বলেছেন:
আপনার দীর্ঘ কমেন্ট পড়লাম.... কমেন্টের জন্য ধন্যবাদ। তবে কিছু জায়গায় আমার দ্বিমত রয়েছে....
প্রথমত, আপনার কমেন্ট পড়ে মনে হয়েছে- উন্নত বিশ্ব যে ভর্তুকি দেয় সেটি দেয় উৎপাদন কমানোর জন্য, কেননা উৎপাদন কমলে দাম বৃদ্ধি করা সহজ হয়। এটিকে কমন ফিচার হিসাবে তুলে ধরেছেন। এটি ঠিক নয়। একসময় ইউরোপের কিছু ওয়েলফেয়ার কান্ট্রি কৃষকদের জমি পতিত রাখার জন্য ভাতা দিত, কেননা- চাহিদার অতিরিক্ত উৎপাদিত ফসল বিক্রি না হলে কৃষকরা দাম পেত না, এবং এই কৃষকদের রক্ষা করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছিল, আরেকটি কারণ- পর্যায়ক্রমে জমিকে বিশ্রাম দেয়া।
কিন্তু আপনি আমেরিকার যে গল্পটি দিলেন, সেটি অসত্য। যুক্তরাষ্ট্র একসময়, বেশ আগে একাজটি কিছু কয়েকবার করেছে, অনাবাদের জন্য কৃষকদের ভর্তুকি দিয়েছে- এটিকে কমন ফিচার বলাটা হাস্যকর। কানাডা, জাপান প্রভৃতি দেশের সয়েল প্রিপারেশনেই যে বিশাল ঝক্কি, এবং খরচ- সেটার দায়িত্ব পুরো সরকার নিয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স থেকে শুরু করে এইসব উন্নত বিশ্বের দেশসমূহ- কৃষিতে ভর্তুকির মাধ্যমে উৎপাদন বাড়িয়েছে, এবং এই ভর্তুকির একটা বড় অংশ ব্যয় করেছে রপ্তানী খাতে- যাতে যে দেশে কৃষি পণ্যটি যাচ্ছে সেখানে স্থানীয় পণ্যের সাথে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে থাকতে পারে। যেমুহুর্তে, স্থানীয় পণ্যটিকে হারিয়ে হটিয়ে দিতে পেরেছে- সেই মুহুর্তেই তারা আবার পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে। এটা কমন ফিচার। এসব দেশের কৃষি-রপ্তানী আয় গত ১০-২০ বছরে অনেক অনেক বেড়েছে। কানাডার কৃষি রপ্তানী ৭৯-৮১ তে ছিল ৬৮০০ মিলিয়ন ইউএস ডলার, ৯৯-০১ এ এটি হয় ১৫৮৭৮ মিলিয়ন এবং ২০০৪ এ এসে সেটি দাঁড়ায় ২০০৫৭ মিলিয়ন ডলার। ফ্রান্সে ৭৯-৮১ তে ১৭২৫০ মিলিয়ন, ৯৯-০১ এ ৩৩৮৪৪ মিলিয়ন এবং ২০০৪ এ ৪৬৬৪২ মিলিয়ন ডলার। নেদারল্যাণ্ডে ৭৯-৮১ এ ১৫৪০৫ মিলিয়ন, ৯৯-০১ এ ৩০০৩৪ মিলিয়ন এবং ২০০৪ এ ৪৭৮১৮ মিলিয়ন ডলার। আর যুক্তরাষ্ট্রে এই পরিসংখ্যানটি দেখুন(যুক্তরাষ্ট্রের কৃষি-রপ্তানী আয় সবচেয়ে বেশী): ৭৯-৮১ এ ৪১৪১৮ মিলিয়ন ডলার, ৮৯-৯১ এ ৪৪৬৬৮ মিলিয়ন, ৯৯-০১ এ ৫৫,২৯৩ মিলিয়ন ডলার এবং ২০০৪ সালে সেটি ৬৩৮৯৩ মিলিয়ন ডলার। সবকটিতেই কৃষি-রপ্তানী আয় বেড়েছে। এসব দেশে এই কৃষি রপ্তানী আয় বাড়ার পেছেনে আছে কৃষি ভর্তুকির ভূমিকা, এবং কর্পোরেশন গুলোর কৃষি বাণিজ্য।
সুতরাং আপনার কথার কোন ভিত্তি নেই। এখন কোন দেশই ল্যাণ্ড ফেলে রাখার জন্য ভর্তুকি বা ভাতা দেয় না!!
লেখক বলেছেন:
উপরের অংশটুকুর তথ্যসূত্রঃ FAO
লেখক বলেছেন:
আর, আমাদের দেশের সরকার কিভাবে ভর্তুকি দিবে??
আমি বলবো এরজন্য নতুন নোট ছাপানোরও প্রয়োজন নেই, লোন করারও দরকার নেই।
অর্থনীতিতে বলা হয়- কৃষি ও শিল্প হলো আপনার প্রোডাক্টিভ সেক্টর। এই সেক্টরে অর্থ খাটানো হলে, সেটির রিটার্ণ সেখান থেকেই সম্ভব। সুতরাং সরকার এখানে নির্দিধায় টাকা খাটাতে পারে, এতে কোন মূল্যস্ফীতির সম্ভাবনা নাই, এবং এটার মাধ্যমে তার জিডিপি ই স্ফীত হতে পারে।
এখন, স্যাংশন আসবে কিভাবে যদি বলেন- তবে বলবো বাজেটে বিভিন্ন খাতওয়ারি যে এলোকেশন থাকে- সেটাকে রিশাফল করতে হবে। বিগত আমলে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দ, রাস্তার ডিভাইডার ভাঙ্গা ও গড়া, ও তথাকথিত হাস্যকর বিউটিফিকেশনের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করতে, আর, অহেতুক মিলিটারি খাতে বেশি বেশি বরাদ্দ দেয়া তো আছেই (বাজেট নিয়ে আলোচনা বিস্তারিত পরে করবোখন)। এর বাইরে এই সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। তাহলে, বছরে ৩০ হাজার কোটি কালো টাকা উদ্ধারকে আয়ের খাতে ধরে কৃষিতে এলোকেট করা যায়, আবুল বারাকাতের হিসাব অনুসারে- ব্যবসায়িরা বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে ৫ বছরে গড়ে প্রতি বছর ৫৬ হাজার কোটি টাকা লুট পাট করেছে, আর এই সরকারের আমলের প্রথম ১ বছরে ব্যবসায়িদের লুটের পরিমাণ ৭০ হাজার কোটি টাকারও বেশি!! সেটি উদ্ধার হলে, সেই টাকার খুব সামান্য একটি অংশ কৃষিতে লাগাতে পারলেই চলে।
পুতুল বলেছেন:
@বোগদাদী হেকীম বলেছেন: আমেরিকা তে এগ্রিকালচারে ভর্তুকি দেওয়া হয় যাতে সব চাষ যোগ্য জমিতে চাষ করলে অতিরিক্ত উতপাদন হবে এবং তার ফলে যোগান বেড়ে যাবে যার ফলে শস্যের মূল্য পড়ে যাবে।
এখানে লাভ লোকশানের হিসাবটা প্রয়োজনের তুলনায় বড়।
" আর বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে। ভর্তুকি দেয়া হয় উতপাদন বাড়ানোর জন্য। এটা শুধুমাত্র কাঠাল পাতার আমসত্ব নয়, একটা জোয়াচুরি। আপনি যদি জানেন যে আপনে কম উতপাদন করলে ভর্তুকি পাবেন, আপনি কি আর ইচ্ছা করে বেশী উতপাদন করবেন। যেখানে আপনি কম পরিশ্রম করে বেশী টাকা পাবেন সেটা কি ভাবে উতপাদন বাড়াতে সাহায্য করবে। এটা প্রথম ধাপ বাংলাদেশের ভর্তুকির সমস্যা।"
সমস্যাটা ধরতে পেরেছেন! তাই, বাংলাদেশে "লোভী এবং অলস কৃষকদের ভর্তুকী দেয়া হচ্ছে না! খুব সঠিক বিশ্লেসন?
দাতা দেশ গুলো সর্তদিয়ে গরীব দেশ গুলোর কৃষিভর্তুকী বন্ধ করেনি!
"আর বিশ্ববাজারে গত ৬ বছরে তেলের মুল্য বাড়ছে ২৫ ডলার থেকে একন ১০০ ডলার। এগ্রিকালচারের কাচা মাল এবং অন্যান্য উতপাদন উপাদানের সাথে তেলের মুল্য জড়িত, যেহেতু কাচা মালের দাম বাড়ছে সেহেতু ফাইনাল প্রডাক্টের দাম বাড়বে সোজা হিসাব। একন তেলের মুল্য বাড়চে কারন , তেলের উতপাদন চাহিদার সাথে বাড়েনা, তেলের মুল্য ধরে রাখার জন্য ওপেক তেলের কোটা দিয়ে রাখসে। এক জায়গা কোটা আরেকটা উপাদানে সমস্যা ক্রিয়েট করে।"
একে উৎপাদনের উপকরনের উপড় নিয়ন্ত্রন বজায় রাখা (?) র কৌশল বলা যাবে?
যাই হোক আসল কথা হল লাভ।
পৃথিবী এক দিকে অনেক ক্ষুধা,
অন্য দিকে প্রচুর খাবার। এতবেশী খাবার যে, সব আবাদ যোগ্য জমিতে চাষ করা হয় না। পাছে খাদ্যের দাম কমে যায়!
আপনার বিশ্লেসনটি চমৎকার।
পুতুল বলেছেন:
লাল দরজা, সহমত
রন্টি চৌধুরী বলেছেন:
দুর্দান্ত লিখেছেন।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
চমৎকার ।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।
মাহবুব সুমন বলেছেন:
আগের খন্ডগুলো পড়েছি, এবারো পড়লাম। দারুন ও তথ্য বহুল লেখা যা ব্লগে বিরল।
পজিটিভ বলেছেন:
নো ওয়ে..সরাসরি প্রিয় পোষ্টে
মিয়াভাই সিলটী বলেছেন:
তত্বপূর্ন লেখা। অসংখ্য ধন্যবাদ।++++++

















