তোমায় আমি ভালোবাসি নাকি প্রার্থনা করি
আজও বুঝতে পারিনি আমি
আমি তোমার প্রেমের কাঙাল নাকি ভালোবাসার?
আজও দ্বিধাবিভক্ত আমি.....
হে মৃত্তিকা আমায় গ্রাস করে নাও তুমি
আমার দেহ, প্রাণ, মন, হৃদয়.....সব
আমার সর্বস্ব গ্রাস করে তোমার ক্ষুধা মেটাও
আর নতুন বৃক্ষশিশুটির সাথে আমায়
আবার জন্ম দাও নতুন করে.....
নতুন করে বাড়তে শেখাও, নতুন করে বাঁচতে
জন্ম দাও নতুন সুরের ঐকতানে
বসন্তের নতুন পাতাটির সাথে নতুন কচি ডালে।
ধীরে ধীরে বেড়ে ওঠা আমার নতুন অস্তিত্বে
নতুনভাবে দেখার শক্তি দাও....
দান করো অসীমতা, করো আমায় অবিচলতার প্রতিমূর্তি
দ্বিধাবিভক্ত করো না আর আমায়।
যার জন্য হৃদয়ে লালন করেছি অদ্ভুত অনুভূতি
বুঝিনি সে কি প্রেম?
নাকি স্পর্শহীন অপার ভালোবাসা।
যদি তা হয় ভালোবাসা, তবে হে মৃত্তিকা
ছায়াদানকারী বৃক্ষ করো আমায়....
আমার ছায়ায় যদি তার তনু জুড়ায়
তবে সার্থক আমার অন্তর্ধান।
ছায়ার আড়ালে দেব ঢেলে ভালোবাসা
জানবে না সে ভালোবেসেছে কে তারে
সবচে বেশী, সবচে আপন ক'রে।
হয়তো তার শ্রান্ত দেহ ঢলে পড়বে ঘুমে
অনিচ্ছায় তবু নির্ভাবনায় এই বৃক্ষতলে।
তখন আমার সর্বস্ব দিয়ে ঢেকে রাখবো তাকে
স্নিগ্ধ পরশ বুলাবো রাতজাগা ক্লান্ত আঁখিতে
তার অধর ছুঁয়ে যাওয়া অবাধ্য বাতাস স্পর্শে
অনুভব করব তারে নিস্তরঙ্গ প্রকৃতির সাথে।
নয় কোন কামনা, সে শুধু আমার ভালোবাসা
নিষ্পাপ ঢেলে দেব তারে অকৃপণ...........
...............একাকীত্ব।
উৎসর্গ: তাকেই যার নাম লুকিয়ে আছে কবিতার কোন এক চরণে...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


