মূল লেখা
রেফারেন্স
চলতি উইকলি ব্লিটজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংসহ ভারতীয় কর্তৃপক্ষের বারংবার ফাঁকা প্রতিশ্রুতি ছাড়া বাংলাদেশের টেলিভিশন চ্যানেল সে দেশে প্রচারের বাস্তবিক কোনো সদিচ্ছা নেই। দুই সপ্তাহ আগে ভারতীয় ক্যাবল নেটওয়ার্কে বাংলাদেশি টিভি চ্যানেল অনুমতির বিষয়টি দেশটির সংসদীয় কমিটির সভায় উত্থাপিত হওয়া মাত্রই তা বাতিল করা হয় এই বলে যে বাংলাদেশি টিভি চ্যানেলে ভারতবিরোধী ও উস্কানিমূলক বিষয়বস্তু থাকে, যা ভারতের নিরাপত্তা ব্যাহত করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অম্বিকা সেন ওই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন এই বলে যে, 'প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বহুসংখ্যক নীতিপ্রণেতা ভারতীয় ক্যাবল নেটওয়ার্কে বাংলাদেশি টিভি চ্যানেলের অনুমতি দেবার ধারণার বিরোধী।' বিষয়টিতে ড. মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির প্রতিশ্রুতির উল্লেখ করা হলে অম্বিকা সেন বলেছেন, 'এ ধরনের কোনো প্রতিশ্রুতিই দেয়া হয়নি'।
প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ ভারতের প্রায় সবকটি টেলিভিশন চ্যানেলসহ আঞ্চলিক কয়েকটি চ্যানেল সম্প্রচারের অনুমতি দিয়েছে। বিনিময়ে প্রতিমাসে বাংলাদেশ থেকে ভারতীয় পে-চ্যানেলগুলো লাখ লাখ ডলার উপার্জন করছে এবং নিয়মিতভাবে ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশি প্রযোজকদের কাছে 'টাইম চাঙ্ক' বা 'সময় পরিধি' বিক্রি করছে। সম্প্রতি একইভাবে 'জি টিভি' তা শুরু করেছে।
তবে ব্লিটজের ওই প্রতিবেদনের দাবি, এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন তাদের জানিয়েছেন যে, 'ডা. দীপু মনি দেশের স্বার্থে কাজ করছেন না। যদি তার আচরণ ও কর্মকাণ্ড ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মতো না হয়, তবে তা বেতনভুক্ত ডেপুটি মিনিস্টারের মতো মনে হবে।' ওই সূত্রটি জানিয়েছে, 'দীপু মনির অন্তসারশূন্য কূটনীতির কারণে ভারতের ইচ্ছার কাছে আমরা সবকিছু দিয়ে দিলেও, বিনিময়ে কিছুই পাইনি।' তাতে আরো বলা হয়, ইতোমধ্যে সরকার ভারতীয় ছায়াছবি আমদানির অনুমতি দিয়েছে, যা দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করবে। মনে হবে, দেশটি ভারতের প্রদেশে পরিণত হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশি টিভি চ্যানেল মালিক, অনুষ্ঠান প্রযোজক, পরিচালক ও কলাকুশলিদের সোচ্চার হওয়া উচিত, নতুবা বাংলাদেশি ক্যাবল নেটওয়ার্কে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধে সরকারকে বাধ্য করা দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




