আজ একটা মেসেজ পেলাম। অনেক আগের এক বন্ধু। হারিয়ে গিয়েছিলো। আবার খুঁজে পেলাম এই ব্লগের কারণে। খুব ভালো লাগলো।
আমি নিজে বন্ধুসুলভ কিনা জানিনা, তবে আমার বন্ধু ভাগ্য নিঃসন্দেহে অনেক ভাল। আমি যেখানেই গিয়েছি, সেখানেই পেয়েছি নিখাদ বন্ধুতার পরশ। সকল ব্যাকরণ ভুলে অকারন আড্ডা, হৈচৈ আর আনন্দে কেটেছে অসংখ্য প্রহর। নির্ধিদ্বায় আমি বলি - আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং সম্পদ আমার বন্ধুরা।
তবে আমার মত ঘরকুনোর জন্য বন্ধুতার আরেক জগত হলো অনলাইনের আড্ডাঘরগুলো। এর একটা ভাল দিক হচ্ছে সহজে সবার সাথে সবকিছু শেয়ার করা যায়। যে কোন বিষয়ে কেউ না কেউ মন্তব্য, পরামর্শ বা সহযোগিতা করে। জাগতিক বন্ধু মহলে সবাই সবসময় সবটা পেরে ওঠেনা। বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনার আড্ডায় কেউ শার্ল বোদলেয়ারের কবিতা'র ব্যখ্যা দিতে পারেনা। তার জন্য দৌড়াতে হয় অন্য কোন খানে। আর অনলাইনের বন্ধুদের দলে স্থান কাল আর অবস্থানের বাধা না থাকায় সবধরনের বোদ্ধারাই একটা জায়গায় সমবেত হন। এর একটা আলাদা সুফল আছে। আর সান্নিধ্য ও সময়ের সাথে সাথে সাথে তারাও হয়ে ওঠে কাছের মানুষ।
তাইতো কারো যদি আর খোঁজ না পাওয়া যায়, প্রিয়জন হারাবার মতোই বেদনাতুর হয়ে উঠি।
বন্ধুরা তোমরা কেউ হারিয়ে থেকোনা। সবাই ভাল থাকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


