বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কালো টাকা সাদা করার তথ্য প্রকাশ করল আওয়ামী লীগ। আজ রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ তথ্য প্রকাশ করেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়া ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৬-০৭ পর্যন্ত এক কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭১০ টাকা কালো টাকা বা অপ্রদর্শিত আয় সাদা করেছেন। এ টাকা সাদা করতে গিয়ে তিনি জরিমানাসহ কর দিয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার টাকা।
২০০৭ সালের ৬ আগস্ট খালেদা জিয়া জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেন বলে হানিফ জানান। তিনি বলেন, বিএনপির শাসনামলে অর্থমন্ত্রী সাইফুর রহমানও জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেন।
হানিফ বলেন, সাধারণ নাগরিক হয়তো ভুল করতে পারে। তারা সময়মতো কর না দেওয়ায় অপ্রদর্শিত অর্থ বৈধ করে নিতে পারে। কিন্তু খালেদা জিয়া ও সাইফুর রহমানের মতো ক্ষমতাবান ব্যক্তি, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাঁরা ভুল করবেন, এটা কারও বিশ্বাসযোগ্য হতে পারে না। কেউ মেনে নেবে না।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার এক জনসভায় খালেদা জিয়ার বিরুদ্ধে কালো টাকা সাদা করার অভিযোগ করেন। পরে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন খালেদা জিয়া এক টাকাও সাদা করেননি বলে দাবি করেন। আজকের সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়ার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রকাশ করে কালো টাকা সাদা করার বিস্তারিত তথ্য প্রকাশ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




