![]()
আমার তূনেও ছিল বিষাক্ত সে তীর
আর বৃদ্ধাঙ্গুলির ক্ষ্যাপাটেপনা
আবেগের ঔরসে সমূলে বিদ্ধ প্রেম অথবা আনুমানিক সুন্দর ভবিষ্যৎ
তীক্ষ্ণ ফলায় সে চিত্রপট আঁকতে অপটু নিশ্চয়ই নই!
তবুও গন্তব্যের চোরাগলিতে হারিয়েছি বহুকাল
পথ হারাবার সে এক অসহ্য যন্ত্রনা!
পাঠশালার সাদা ক্যানভাসে ইচ্ছাগুলোর প্রশস্ত চিত্রায়ন
ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার
সাধনার নয়তো মানবতার
ধনুকের দৃঢ় থেকে সুদৃঢ় প্রস্তুতি; সবই অর্থহীন কেবল
কালো কাপড়ে বাধা চোখ; নির্মিমেষ অন্ধকার!
সুখের সোঁদা গন্ধ নিয়ে অঙ্কুরিত হয়েছিল প্রেম
স্বপ্ন চারাগুলোর মাথাচাড়া দেবার সে কি স্পর্ধা
অন্তহীন চাওয়া-পাওয়ার বিপুল উপাখ্যান।
আমিও আবেগী যুবক; অন্ধত্ব নিয়েই ছুড়েছি তীর, বারংবার!
সফলতার চৌকাঠ কিংবা উর্ধারোহনের ধারাপাত
অস্পৃশ্য, অধরা; যেন অলীক কোন দ্বার
কুটিল মল্লযুদ্ধে আমি পরাজিত প্রতিবার!
আমি চোখবাঁধা তীরন্দাজ;
শেলবিহীন গোলন্দাজ;
ডানপিটে ভাগ্যের সাথেই আমার অঘোষিত সংসার।
তুমি দেখে যেও নিশ্চিন্ত আমায়; হে খেয়ালি ধর্মাবতার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


