إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং নামায প্রতিষ্ঠিত করে ও আদায় করে যাকাত; আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে। _________________________________
তথ্য সূত্র: কোরআন [৯:১৮ ] / সূরা-তাওবা: আয়াত ১৮
ব্যাখ্যা: উপরের আয়াতটিতে মসজিদ কমিটির সদস্যদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ অর্থাৎ তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করবে না। কিন্তু পরিস্থিতি দেখে মনে হয়, একমাত্র আল্লাহ ছাড়া আর সবকিছুকেই ভয় করে মসজিদ কমিটির ঈমানদাররা। তাই পাড়ার সবচেয়ে দুর্নীতিবাজ আর বাজে লোকরা ভিড় জমায় মসজিদ কমিটিগুলোতে। যেখানে ঘুষ দেয়া ও ঘুষ নেয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে এসব ঘুষখোর আর দুর্নীতিবাজদের টাকাতেই গড়ে ওঠছে মসজিদগুলো। মসজিদ কমিটিগুলো ঘুষখোর আর বদমাশদের জান্নাতের গ্যারান্টি দিয়ে তাদের পকেট থেকে টাকা হাতানোর ধান্দায় থাকে। অথচ কোরআন ও সুন্নায়; ঘুষখোর, সুদখোর ও দুর্নীতিবাজদের ব্যাপারে যে ভয়ংকর শাস্তি ও ঘৃণার কথা উচ্চারিত হয়েছে তা তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারত বাংলাদেশের তিন লক্ষ মসজিদ। তা না করে এসব অসৎ লোকদের পা চেটে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই কমিটিগুলোর একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। আফসোস! তিল লক্ষ মসজিদের দেশ বার কয়েক চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। এর কারণ একটি-ই। কোরআনে বর্ণিত মসজিদ কমিটির সদস্যদের যে গুন ও যোগ্যতা থাকার কথা ছিল, তা আজ মসজিদ কমিটি থেকে হারিয়ে গেছে। তা হল একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকেই ভয় না করে, বজ্র কণ্ঠে অন্যায় অবিচার, বর্ণবাদ, সীমাহীন শোসন, লুটতরাজ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা।
কিন্তু দুঃখের ব্যাপার, তা না করে, এসব ঘুষখোর, দুর্নীতিবাজদের টাকায় নিজের আখের গোছানো ও মসজিদ উন্নয়নের কাজে ব্যস্ত কমিটিগুলো। যেখানে হযরত মুহাম্মদ স. নিজের মেয়ে ফাতেমাকেও জান্নাতের গ্যারান্টি দিতে পারেনি, সেখানে মসজিদ কমিটিগুলো পাইকারী হারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে দুশ্চরিত্র, দুর্নীতিপরায়ন রাঘব বোয়ালদের। তবে এ পথ থেকে সরে এসে কুরআন ও সুন্নার আলোকে সত্যিকারের দায়িত্ব পালনে সচেষ্ট হলে, সমাজ গঠন ও সংস্কারের ভূমিকায় খুব বড় ধরনের অবদান রাখতে পারবে মসজিদ কমিটিগুলো।
http://www.islaminbox.tk
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১০ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



