# # # # # # # # # # নাম চাই # # # # # # # # # # #
____________________________________
নতুন ইকো পার্ক ও রিসোর্টের জন্য একটি সুন্দর নাম
প্রয়োজন। পছন্দসই নামের জন্য আকর্ষনীয় পুরস্কারের
ব্যবস্থা আছে। নামটি যে কোন ভাষায় হতে পারে। তবে
শ্রুতিমধুর হওয়া বাঞ্ছনীয়। যে গ্রহটিতে পার্কটি করা হচ্ছে,
সেই গ্রহটিও, এই নামে পরিচিত হবে। নির্ধারিত গ্রহটি হচ্ছে
মিল্কি ওয়ে গ্যালাক্সির 'সূর্য' নামের নক্ষত্রের তৃতীয় গ্রহ।
আগ্রহীদের জন্য 'নিমোপিডিয়া' থেকে নেয়া গ্রহ সংক্রান্ত
তথ্যাবলী নীচে দেয়া হলো।
জমাকৃত সকল এন্ট্রির জন্য ৫০% ডিসকাউন্ট কুপন
সরবরাহ করা হবে। যা দিয়ে আগামী ১০ বছরের ভেতর
তারা যেকোন সময় রিসোর্টে সর্বোচ্চ ৩ মাস থাকতে পারবে
*(শর্ত প্রযোজ্য)। বাছাইকৃত ১০০ টি এন্ট্রির প্রেরকরা
গ্যালাক্সি ট্যুরস এর ৭৫২ টি গ্রহের ১২০০ রিসোর্টের যে
কোনটিতে ৭৫% ডিসকাউন্টে থাকার সুযোগ পাবেন।**
(শর্ত প্রযোজ্য)। নির্বাচিত নামের প্রেরককে গ্যালাক্সি ট্যুরস
এর পক্ষ থেকে গ্যালাক্সি ভিসা প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ
তার ও তার পরিবারের (সর্বোচ্চ চার সদস্য) আজীবন ভ্রমণ
খরচ বহন করবেন *(শর্ত প্রযোজ্য)।
নাম পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ ই. সার্কেলের ভেতরে
'CMN-209.08.305.1.344.1' ঠিকানায়। গ্যালাক্সি ট্যুরস
কর্তৃপক্ষ যেকোন নাম গ্রহন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
বিঃদ্রঃ EARTH বা 'পৃথিবী' বা এই জাতীয় নাম প্রেরণ না
করার অনুরোধ করা যাচ্ছে। কর্তৃপক্ষ সকল ধরণের মিথোলজির
প্রতি যথাযথ সন্মান প্রদর্শনে অঙ্গীকার বদ্ধ।
______________________________________
নিমোপিডিয়া থেকে সংকলিত-
মিথোলোজি ও রূপকথা থেকে ধারণা করা হয়, অতীতে কোন
এক সময় সূর্য নক্ষত্রের তৃতীয় গ্রহটিতে মানব সভ্যতার বিকাশ
ঘটে। মহাকাশ অভিযান শুরু করার তিনশ সৌরবছরের ভেতরেই
গ্রহটি মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়ায়, পরিত্যক্ত ঘোষণা
করা হয়। অজানা কারণে বর্তমানে প্রচলিত সকল ধর্মের মূল গ্রন্থেই
এই গ্রহটিকে বিশেষ সন্মান প্রদান করা হয়।
নিমোপিডিয়া- version- 203.45.2.30
(ই.সার্কেল নিউজের 223.558.239.109 সংখ্যায় প্রকাশিতব্য একটি বিজ্ঞাপন অনুসারে ব্লগের জন্য সংশোধিত আকারে রচিত)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



