সাদা সাদা তুলোর মতো তুষার পড়া দেখে মনে পড়লো তোমায়। তুমি বলেছিলে কোনোদিন হাত দিয়ে ছুয়ে দেখবে আসলেই তুষার ফোটায় অশ্রু জমা রাখে কিনা! আমার ইদানিং খুব ঐ পাহাড়টায় উঠতে ইচ্ছে করে যার পিছনে প্রতিদিন সূর্যটা ডুবি ডুবি খেলে। আমিও খেলতে চাই একদিন, দেখতে চাই নিঃশব্দে পাহাড়ে তুষারের কনসার্ট!
আজকে যাই দেখছি শুধু তোমাকেই মনে পড়ছে, আর তিনটা মাস পর তোমার জন্মদিন, কি করবে এবার? ভাবছি। বলেছিলে আমার সাথে যদি তোমার কোনোদিন ছাড়াছাড়ি হয় তুমি খুব দ্রুত বিয়ে করে ফেলবে, আমার মতো বোকা সেজে অপেক্ষা করবে না। এখনো চুপিচুপি খবর নেই, তোমাকে ফোন দেই, ইদানিং তুমি কেন ফোন ধরো না জানি না। অবিরাম রিংটোন বাজতে থাকে, আমার বুকের হার্টবিট টাও বাড়তে থাকে। তোমার মুখে "হ্যালো" শব্দটা শুনতে মন চায়, অলস সময়গুলোতে তোমার ঐ হ্যালো শব্দটা নিয়ে গবেষনা করতে মন চায়। তুমি এখনো কেনো বিয়ে করছো না? এখনো কেন সংসার শুরু করছো না, এটার কারন জানতে মন চায়!
তুমি কি জানো আমি এখানে কত সুখে আছি? খুব সুখে আছি, প্রতিদিন রাতে যখন শুতে যাই তখন নিঃসঙ্গ নামের বন্ধুটি আমার চোখের পাতায় খেলা করে, বুকের শ্বাস প্রশ্বাসের শব্দে সে মিশে গিয়ে জানাতে চায় আমি কতটা নিঃস্ব, নিঃসঙ্গ! বাইরে তুষার ঝড়ে বাতাসের শব্দটাও চাপা পড়ে যায়, চাপা পড়ে যায় বরফের স্তুপ কেটে পথ বানানোর এক অদ্ভূত শিল্পকর্মের কর্মযজ্ঞ! যখন খেতে বসি তখন ভাবি মায়ের হাতের খাবার কতদিন খাই না, বোনের হাসি কতদিন শুনি না, বাবার গল্প কতদিন শুনি না!
আমি তোমাকে কোনোদিন দোষ দেই না, তোমাকে ভালোবাসাটা ছিলো আমার অপরাধ, আমি তাই নিজেই নিজেকে শাস্তি দিচ্ছি, আমার অপরাধের প্রায়শ্চিত্ত করছি। মাঝে মাঝে সমস্যা এটাই আমার নিঃসঙ্গ নামের বন্ধুটা আমাকে আটকাতে পারে না, তুমি আর তোমাদের চিন্তায় আমি খুব ভেঙ্গে পড়ু, চোখটা বন্ধ করে মূমুর্ষ কুকুরের মতো গুঙ্গিয়ে কাদতে থাকি। আমার কান্নার শব্দটা যাতে চার দেয়ালের বাইরে না যায় সে জন্য মাথাটা বালিশ চাপা দেই। এভাবে কেটে যায় ঘন্টার পর ঘন্টা!
শুধু তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো, তাই আজ আমরা অনেকদূরে। সময়গুলো চলে গেলো যেনো এক অর্থহীন আবেগে। সময়টা গেয়ে যায় তার গান যে গানটা আর কখনো শুনতে পারবো না, সে কেন গায় সেটা জানাতেও পারবো না। শুধু স্মৃতিতে ভাসে আজও তোমারো ছবি, হয়তো তোমার জায়গায় আমি কাউকে বসাতেও পারবো না। শুধু জানতে মন চায় তুমি কেন সংসার শুরু করো না? মনের মতো কেন কাউকে ভালোবাসো না?
বয়সটা বাড়ছে গুটিগুটি পায়ে, একদিন দেখবো আকাশ ছুবার নেশায় হাটতে হাটতে ইশারা নাড়বে মৃত্যু খুব কাছ থেকে। তখন যদি হিসাব নিকেশের খেড়োপাতা নিয়ে বসি ভুল করে, হয়তো বুকের ভিতর ডুকড়ে কাদবে তোমাকে না পাবার হতাশা, তোমাকে পাইনি বলে সবাইকে ফেলে একা হয়ে যাওয়াটা অর্থহীন ভাববো বৈকি! কি হারালাম, হারিয়ে কি পেলাম, খুব জানতে চায় এই মন। তুমি কি জানতে চাও না? ধরা যদি আমি সেই ছোট ছেলেটির মতো কান ধরে মাথা পেতে সব ভুল গুলো নিজের কাধে তুলে নেই, তাহলে? ভেবে দেখবে?
তোমার ছবিগুলো আজও দেখি প্রতিদিন, কখনো ল্যাপটপে কখনো চোখ দুটো বন্ধ করে!
ভালো থাকো!
বিঃদ্রঃ: মনটা ইদানিং বিচ্ছিন্ন। হয়তো ভয় যেটা ছিলো সেটাই হয়েছে! আমি অবসেসড হয়ে গেছি তার প্রতি! নিজেকে আর ফেরাতে পারলাম না, অনেক তো চেষ্টা করলাম! দেশে আসতে চেয়েছিলাম, মনে হয় আসবো না, কোনোদিনও না! এভাবে দেশে আসবার মানে হয় না!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



