কোনো পুরুষ দীর্ঘ সময় ধরে ল্যাপটপ ব্যবহার করলে তার দেহে শুক্রাণু উৎপাদন ক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়ে। কিছুদিন আগে চিকিৎসা সংক্রান্ত এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর এবার আরেক বিপত্তির কথা জানা গেছে। দীর্ঘ সময় 'ল্যাপটপ' ব্যবহারের ফলে পা বা হাঁটুর উপরের দিকের অংশের চামড়ার ত্বক পুড়ে যেতে পারে। এমনকি তা ক্যান্সারে রূপ নেওয়ায় অস্বাভাবিক নয়।
ল্যাপটপ ব্যবহারের ফলে ব্যবহারকারীর দেহের সংশ্লিষ্ট অংশে পুড়ে যাওয়ার মতো দাগ সৃষ্টির কয়েকটি ঘটনা ভাবিয়ে তুলেছে পাশ্চাত্যের কম্পিউটার ব্যবহারকারীদের। যারা দীর্ঘ সময় ধরে পা বা কোলের ওপর রেখে ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন তাদের অনেকেই এর ঝুঁকি নিয়ে শঙ্কিত। এ সম্পর্কে গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে ব্রিটেনের দ্য সান অনলাইনে।
ল্যাপটপ কম্পিউটার ব্যবহারে বেশকিছু সুবিধার পাশাপাশি কিছু স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে। সম্প্রতি ইউরোপ ও উত্তর আমেরিকায় এ ধরনের কয়েকটি ঘটনায় এমন ঝুঁকির বিষয়টি আলোচনায় উঠে এসেছে। প্রতিবেদনে একটি ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, ১২ বছর বয়সী একটি ছেলে প্রায় দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কম্পিউটারে গেমস খেলত। কয়েক মাসে ধরেই সে ল্যাপটপে এভাবে খেলে সময় কাটাত। একসময় দেখা যায়, তার হাঁটুর উপরের পেশিবহুল অংশ বা উরুর চামড়ায় পুড়ে যাওয়ার মতো এক ধরনের দাগ। কাছ থেকে দেখতে এই দাগ অনেকটা পরজীবী স্পঞ্জের মতো। বাঁ পায়ে আবার এই দাগ বেশি দৃশ্যমান। ত্বকের এই পোড়া অনেকটা আগুনে ছেঁকা লাগার মতো। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অধিবাসী এক আইনের ছাত্রীও অনুরূপ পরিস্থিতির শিকার হয়েছেন। জানা গেছে, তিনি প্রতিদিন গড়ে প্রায় ছয় ঘণ্টা ল্যাপটপ কোলের উপর রেখে কাজ করতেন। এসময় কম্পিউটারের নিম্নাংশের তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত এই তাপের স্পর্শে তারও উরুর ত্বক ক্রমান্বয়ে বিবর্ণ হয়ে গেছে। এমনকি এজন্য তাকে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়েছে।
এ বিষয়ে সুইজারল্যান্ডের গবেষকরা গতকাল তাদের অনুসন্ধানের ফল চিকিৎসা সংক্রান্ত একটি সাময়িকীতে প্রকাশ করেছেন। তারা ১২ বছর বয়সী ওই শিশুর ত্বকের সমস্যা সম্পর্কে লিখেছেন, 'ওই ছেলেটির বাঁ পায়ের দিকের অংশে ল্যাপটপের তাপমাত্রা বেশি লাগায় এর প্রভাবে ওই দিকটায় বেশিমাত্রায় পোড়া দাগ পড়েছে। ল্যাপটপ নাড়াচাড়া বা স্থান পরিবর্তন না করে ব্যবহার করায় এরকমটা ঘটেছে। বিজ্ঞানীরা এ রোগের নাম দিয়েছেন 'ট্যোসটেড স্কিন সিনড্রোম'। তারা আরও বলেছেন, সাধারণভাবে এ রোগ ক্ষতিকর নয়; তবে এর কারণে ত্বক স্থায়ীভাবে বিবর্ণ হয়ে যেতে পারে। এমনকি তা ক্যান্সারেও রূপ নিতে পারে। তাদের পরামর্শ, দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কম্পিউটার পা বা কোলের ওপর রেখে ব্যবহারকারীদের উচিত হবে 'ক্যারিং কেস' বা তাপ নিরোধক বস্তুকে ত্বক ও ল্যাপটপের মাঝে আড়াল হিসাবে ব্যবহার করা।
কালের কন্ঠ। ৫।১০/২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

