উইকিপিডিয়ার সংজ্ঞানুসারে এ্যাক্টিভিজম হলো সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন আনার জন্য স্বপ্রণোদিত কার্যক্রম। (http://en.wikipedia.org/wiki/Activism) তবে এ্যাক্টিভিজমের বিষয়টি এত ব্যাপক যে এই সংজ্ঞা তাকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। আমার উপলব্ধি অনুসারে এ্যাক্টিভিস্টরা একইসঙ্গে জ্ঞানী ও কর্মী, এমনকি সংগঠকও।
বিষয় বা ক্ষেত্র এবং মাধ্যম, এই দুই পরিপ্রেক্ষিতে এ্যাক্টিভিজমকে বোঝা যেতে পারে। কী কী রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন এ্যাক্টিভিস্টরা আনতে চান, তা জানা গেলেই, এ্যাক্টিভিজমের ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব। এ্যাক্টিভিজম মানেই প্রতিরোধ ও প্রতিবাদ। এখন এই প্রতিরোধের ক্ষেত্রগুলো হতে পারে সাম্রাজ্যবাদ, জি-এইটের স্বার্থানুকূল পুঁজিবাদী বিশ্বায়ন, এগ্রেসিভ কর্পোরেট কালচার, বিজ্ঞাপননির্ভর ভোগবাদিতা, মৌলবাদী জঙ্গিপনা, ঢালাও বেসরকারীকরণ, উন্নয়নের নামে পরিবেশধ্বংস, পুরুষতান্ত্রিকতা এবং সর্বোপরি যেকোনো ধরনের পীড়ন ও শোষণ। আর এই অ্যাক্টিভিজমের মাধ্যম হতে পারে বিচিত্র -- গৃহকোণে বসে লেখালেখি-ব্লগিং থেকে শুরু করে রাজপথে প্রতিবাদ পর্যন্ত। এক হিসেবে এ্যাক্টিভিজম বামপন্থী ঘরানার কাজ মনে হলেও, অ-বামপন্থী লিবারেল বা সচেতন গণতান্ত্রিক চেতনাসম্পন্ন নিযুত মানুষ বিশ্বব্যাপী নানা মাত্রার এ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত। এককথায় বলা যায় এ্যাক্টিভিজমের লক্ষ্য হলো মানবমুক্তি।
বাংলাদেশ একটি এ্যাক্টিভিজমপ্রবণ দেশ, বাঙালিও সাধারণভাবে একটিভলি এ্যাক্টিভিস্ট। বাংলাদেশ নামক রাষ্ট্র জন্মের আগ পর্যন্ত বাঙালিরা মূলত রাজনৈতিক এ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত ছিল, স্বাধীন দেশে এ্যাক্টিভিজমের বিচিত্র ক্ষেত্র পরিলক্ষিত হচ্ছে।
কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশে বাস করে কি আদৌ এ্যাক্টিভিস্ট হওয়া সম্ভব -- আরও সুনির্দিষ্টভাবে বললে সৎ ও খাঁটি এ্যাক্টিভিস্ট হওয়া? আমার উপলব্ধি, সম্ভবত, না।
আমার ব্যক্তিগত নিরবতার কথাটিই বলা যায়। আমি ১৯৯৯-২০০২, এই সময়কালে তিন বছরের বেশি সময়কালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতায় যুক্ত ছিলাম। ঐ বিভাগের সেলিম রেজা নিউটন, (ব্লগার) আ-আল মামুন, কাবেরী গায়েন এবং অন্য বিভাগের বেশ কয়েকজন সমমনা সহকর্মীর সান্নিধ্যে আমিও একরকম এ্যাক্টিভিজমে যুক্ত হই -- সমাজ, রাষ্ট্র, বিশ্বের নানা বিষয় নিয়ে পাঠ, আলোচনা, লেখালেখি, প্রকাশনা থেকে শুরু করে রাজপথে প্রতিরোধ সবই করি। সেই কয়েকটা উজ্জ্বল বছর ছিল আমার দীক্ষাগ্রহণের সময়, বন্ধুদের কাছ থেকে কিংবা নিজে নিজে।
২০০২ সালের মার্চে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি।
সবাই তো সব বিষয়ে এ্যাক্টিভিস্ট হয়না। আমার পেশাগত ও আগ্রহের জায়গা থেকে যেকয়েকটি বিষয়ে আমার এ্যাক্টিভিজম পরিব্যাপ্ত রাখতে চাইতাম তা হলো:
১. আমি সাম্রাজ্যবাদবিরোধী ছিলাম
২. আমি সাম্রাজ্যবাদের নমনীয় রূপ এনজিওদের কার্যক্রমের বিরোধী ছিলাম
৩. আমি বিশ্বায়নবিরোধী ছিলাম (সেহিসেবে বিশ্বব্যাংক, আইএমএফবিরোধী)
৪. আমি শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরোধী ছিলাম (সেহিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধারণার বিরোধী ছিলাম)
৫. আমি মৌলবাদী জঙ্গিপনার বিরোধী ছিলাম।
৬. আমি মিডিয়ার তৎপরতাকে ক্রিটিকালি দেখতাম
৭. আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেজুড়বৃত্তির রাজনীতির বিরোধী ছিলাম
... ইত্যাদি
ঢাকায় চলে আসার পরে আমি দেখলাম বেতন পাই সাকুল্যে প্রায় ১০ হাজার টাকা, একটা সাধারণ ভদ্রস্থ বাসা ভাড়া করলাম, ভাড়া সাড়ে ছয় হাজার। ঘনিষ্ঠ এক আত্মীয়ের সঙ্গে সাবলেটে থাকতাম। স্ত্রী সবে চাকরিতে ঢুকেছেন, বেতন অতি সামান্য। কিন্তু কিছুকালের মধ্যেই আমরা বাবা-মা হলাম, স্ত্রী চাকরি ছাড়লেন তার অতি-কাঙ্ক্ষিত সন্তানকে পৃথিবীতে আনার জন্য। সংসার বড়ো হতে থাকলো। আয় বাড়াতে হবে। নানা জনের সঙ্গে পরামর্শ করলাম, পার্টটাইম কী করা যায়? উত্তর এলো প্রাইভেট ইউনিভার্সিটি, এনজিও। কেউ কেউ বিশ্বব্যাংকের অনুবাদের কাজও দিতে চাইলেন। সবগুলোই আমার দিক থেকে চিহ্নিত সংস্থা, আমার এ্যাক্টিভিজমের লক্ষ্য।
সিদ্ধান্তহীন আমি উদভ্রান্তের মতো ঘুরি। পকেটে পয়সা নেই, ঘরে সন্তানের জন্য ব্যয়বহুল শিশুখাদ্য নেই, বাসাভাড়া বাকি, উপরি হিসেবে আছে আমার নীতিবাগিশতার প্রতি স্ত্রীর কটাক্ষ।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

