আমি বৃষ্টিতে ভেজা গাছ দেখতে যেমন ভালোবাসি, তেমনি বৃষ্টিতে ভিজতে থাকা মানুষ দেখতেও পছন্দ করি, অবশ্য মানুষগুলি যদি স্বেচ্ছায় ভেজে। আমাদের এই মহান বিশ্বে এখনও অনেক মানুষ রয়েছে যারা ফুটপাতে রাত কাটায়; এরা কখনই সেচ্ছায় বৃষ্টিতে ভেজে না,বৃষ্টির ইচ্ছায় ভেজে। আমি এদের মধ্যেই এই বিশ্বের এমন একজন আরাম প্রিয় লোক, যে-ওই সমস্ত লোকদের পাশে কখনও ছাতা নিয়ে দাঁড়াই না; দু'টাকার সিগারেটের অফার পেলে গ্রহণ করি,মদ খাওয়ার দাওয়াত পেলে সাঁতার কাটি মদের দিঘীতে। মদ পান করতে কেমন লাগে, আপনারা কেউ বলতে পারবেন? এই প্রশ্নে শ্রোতারা বোধ হয় খুবই বিরক্ত হচ্ছেন, ঠিক আছে মূল কথাই শুরু করছি :
চব্বিশ-পঁচিশ বছর বয়সে একদিন রিক্সাওয়ালাকে একশো টাকার এক নোট ভাঙিয়ে ভাড়া দেওয়ার জন্য, ভাঙতি টাকা না পেয়ে বাধ্য হয়ে দুটো সিগারেট কিনলাম, ওইটাই ছিলো আমার প্রথম সিগারেট কেনা। সিগারেট দুটো খেয়েছিলাম তারও একদিন পরে; যখন বুঝতে পেরেছিলাম ওদেরকে না পোড়ালে ওরা দুঃখ পাবে। আসলে পৃথিবীর কোনো জড় বস্তুকেও দুঃখ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। জানি, মৃত্যুর পর মানুষও জড় পদার্থ হয়ে যায়, যার অপর নাম জৈবসার। আমার খুব ইচ্ছা যখন জৈবসার হয়ে যাবো আমার কবরে যেন প্রচুর গাছ জন্মায়।
গাছগুলোকে কেন যে অতীত ও বর্তমান ঈশ্বর কথা বলতে দিলেন না, বুঝি না। আপনাদের কথা দিচ্ছি, যদি কখনও ঈশ্বর হই- তবে গাছদের কথা বলার শক্তি দেব; গাছেরা কথা বলতে শুরু করলে জানি পৃথিবীর বেশির ভাগ অন্যায়ই দূর হয়ে যাবে।
কী ব্যাপার আপনারা চোখ বড় বড় করে তাকাচ্ছেন কেন? আমি কি প্রসঙ্গের বাইরেই চলে যাচ্ছি আবারও? ঠিক আছে মূল কথাই বলছি, শুনুন :
আসলে যে-জীবন আমি যাপন করি, সেখানে দিনের প্রায় পঞ্চাশ পার্সেন্ট সময় আমি সম্পূর্ণ একা থাকি; অলস-ভাবনা ভাবি, সিগারেট কিনি না। পঁচিশ পার্সেন্ট সময় থাকি অধূমপায়ীদের সাথে,ফালতু বিষয় নিয়ে কথা বলি, সিগারেট খাই না। অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট সময় আমি সম্পূর্ণ ধূমপানমুক্ত। তহলে দেখা যাচ্ছে বাকি পঁচিশ পার্সেন্ট সময়ই আমি সাধারণত সিগারেট খাই; অর্থাৎ ওই সময়টা আমার কাটে আহাম্মক ধূমপায়ীদের সাথে। তাহলে কি সঙ্গদোষেই লোহা ভাসে? ভাসলে অসুবিধা কী, লোহা ভাসে বলেই তো লোহার তৈরি লঞ্চে বা জাহজে চড়ে আমি গ্রামের বাড়িতে যেতে পারছি, আহা কতদিন লঞ্চে চড়ে গ্রামের বাড়িতে যাই না...
২.
অদৃশ্য দর্শকদের হৈ হৈ শব্দে আমাদের এই দার্শনিকের সিগারেট বিষয়ক প্রলাপ হঠাৎই বন্ধ হয়ে যায়!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৮ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


