ব্যারিস্টার আনিসকে বিশেষ কমিটিতে রাখা নিয়ে জাপার বৈঠকে হট্টগোল
শামছুদ্দীন আহমেদ: সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে দলের প্রতিনিধি নির্ধারণ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে মহাঐক্যজোট শরিক জাতীয় পার্টিতে (জাপা)। এ নিয়ে গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত জাপার জরুরি প্রেসিডিয়াম বৈঠকে উত্তপ্ত বিতণ্ডাও হয়েছে।
দলের প্রেসিডিয়াম সদস্যদের সিংগভাগ বৈঠকে বলেছেন, জাপার সঙ্গে কোনো আলোচনা না করেই সরকার এই বিশেষ কমিটি গঠন করেছে। জাপার প্রতিনিধির নাম না চেয়ে সরকার নিজ থেকেই কমিটিতে জাপার প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে বৈঠকে আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদুল হাসানের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটে।
বৈঠকে সভাপতিত্বকারী জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ঠিক আছে, ব্যারিস্টার আনিস বিশেষ কমিটির বৈঠকে যাবেন। তবে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’, ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার বাদ দেয়া হলে সংবিধান সংশোধনে তার দল সমর্থন দেবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপার একটি বৈঠকের আয়োজনের উদ্যোগ নেয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি নিয়ে আলোচনা উঠলে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, কমিটিতে প্রতিনিধি হিসেবে কাকে রাখা হবে সেটি জাপার দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। দলের অজান্তে একজনকে সদস্য করার বিষয়টি দুঃখজনক। তাকে সমর্থন করেন মাহমুদুল হাসান ও কাজী ফিরোজ রশীদসহ বেশিরভাগ সদস্য। কেউ কেউ এ নিয়ে বৈঠকে উপস্থিত থাকা ব্যারিস্টার আনিসের কাছে ব্যাখ্যা চাইলে তিনি বলেন, তার নাম দেয়ার বিষয়ে তিনিও কিছু জানতেন না। বিতর্কের একপর্যায়ে মাহমুদুল হাসান আসন থেকে উঠে দাঁড়িয়ে ব্যারিসটার আনিসের দিকে তেড়ে যেতে উদ্যত হন। এসময় বৈঠকে তীব্র হইচই শুরু হলে এরশাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জাপার প্রেসিডিয়ামের আরেক সদস্য মশিউর রহমান রাঙ্গা বৈঠকে প্রস্তাব দিয়ে বলেন, যেহেতু সরকার একের পর এক জাপাকে উপেক্ষা করছে, সর্বশেষ বিশেষ কমিটি গঠনের বিষয়েও জাপার সঙ্গে কোনো আলোচনা করা হয়নিÑ সেজন্য অন্তত অভিমান থেকে হলেও জাপার উচিত দু’তিন দিন সংসদে না যাওয়া। কয়েকজন তার প্রস্তাবে সমর্থন দিলেও ব্যারিস্টার আনিস বলেছেন, এটি করা ঠিক হবে না। উল্লেখ্য, গতকাল ‘বিশেষ কমিটি’ গঠনের সময়ও এরশাদসহ জাপার বেশিরভাগ সংসদ সদস্য সংসদে অনুপস্থিত ছিলেন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




