এ জীবন দোয়েলের, ফড়িংয়ের...

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩১

শেয়ারঃ
0 0 0

এই সেদিন, মানে ২১ সেপ্টেম্বর। ২২-এ আমার জন্মদিন। ওই রাতে আমার নাইট ডিউটি। মায়ের সাথে আমার দুই কন্যা অন্যতমা আর বর্ণমালা বেড়াচ্ছে খালার বাসায়।
আমি রাত ১১টা সংবাদ শেষ করে নামছি, রিসিপশনে দেখি আমার দুই কন্যা অন্য-বর্ণ, সঙ্গে শিপলু! ছোট্ট একটি কেক নিয়ে অপেক্ষা করছে আমার মেয়েরা। বাজানের জন্মদিনের ১২টা ০১-এ কেক কাটবে ওরা। ওরা আমাকে বাজান বলে ডাকে।
আমাদের যৌথ পরিবার। শিপলু এ বাড়িতে বউ হয়ে আসার পর রেওয়াজটা চালু করেছে। পরিবারের সদস্যদের জন্মদিনের ১২টা ০১-এ কেক কাটার আয়োজন করে। বড় পরিবারে যা হয়, প্রতি মাসেই কারো না কারো জন্মদিনটিন কিছু একটা থাকে।
আমার মেয়েরা জন্মের পর থেকে দেখছে, মধ্যরাতে কেক কাটা হচ্ছে। ওরা বড় মজা পায়। অন্যতমা তো আগে ভাবত, ওর জন্মদিনেরই কেক কাটা হচ্ছে। প্রতিমাসেই ওর জন্মদিন। ও কেক খায় না একফোটাও। তবে ফুঁ দিয়ে মোমবাতি নেভানোতে, কেকে ছুরি চালানোতে আর হাততালি দিতে ওর বড় আনন্দ। আমার সেই মেয়েরা তাদের বাজানের জন্মদিনের ১২টা ০১-এ কেক কাটবে না!
কেক হাতে আমার মেয়েদের দেখে রাতের ডিউটি শেষ করে বাড়ির পথধরা আমার সহকর্মীরা ৬তলা থেকে আবার উঠল ৯তলায়। ৬তলায় আমাদের রিসিপশন আর ৯তলায় নিউজরুম। সবাই হৈচে করে ছোট্ট কেকটা কাটল। আমি কলিগদের সামনে লাজুক মুখে দাঁড়িয়ে। আমার ওই লজ্জানীল মুখে চুমু খেল আমার দুই কন্যা।
রাতে ওরা খালার বাসা ফার্মগেটে থেকে যাবে। আমি চলে যাব বাসায়। অফিসের গাড়িতে ওদের তুলে নিলাম। ফার্মগেটে যখন ওদের নামিয়ে দেব, তখন বর্ণমালা কান্না শুরু করল- বাজানকে ও ছাড়বে না।
অনেক বুঝিয়ে-সুঝিয়ে নামালাম। আমার গাড়ি ছেড়ে দিল। রাতে খোলা হাওয়ায় ভেসে আসছিল তখনো বর্ণর কান্না।
আর... আর আমি কাঁদছিলাম গাড়ির ভিতর। এই জীবনের ওই অসামান্য সুখে।
কত কিছু না পাওয়ার, অতৃপ্তির আর অপমানের এই জীবনে আর কী দরকার- এই ভালোবাসার চেয়ে! মনে হয়, এ জীবনই দোয়েলের, ফড়িংয়ের- মানুষের সাথে তার হয় যে গো দেখা...

** আমার দুই কন্যা- অন্যতমা আর বর্ণমালা। ছবিটা অবশ্য ২ বছর আগের। যখন লিখছি, হাতের কাছে তখন ওদের আর কোনো ছবি ছিল না।

 

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
তপন বাগচী বলেছেন: গিয়াস ভাই, আপনার লেখাটা সুন্দর। মানুষ আনন্দেও কাঁদে এবং কেঁদেও সুখ পায় এই চিরায়ত সত্যটাকে চমৎকারভাবে তুলে এনছেন আপনার এই নাতিদীর্ঘ রচনায়। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
আপনার জন্মক্ষণটাকে বার্ষিক হিসেবে না পালন করে যদি মাসিক হিসেবে অর্থা প্রতি মাসের ২১ তারিখ উদযাপন করা যেত, তাহলে অন্য-বর্ণ খুব খুশি হতো।
ভালো থাকুন। কষ্টে হাসুন, আনন্দে কাঁদুন।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, দাদা। সুন্দর বলেছেন্।
আমার জন্সদিন ২২-এ। ওরা এসেছিল ২১-এর রাতে, স্বাভাবিক।
ঠিক আছে, আপনি আর আমি একই জায়গায় কাজ করি যেহেতু, সেহেতু একই সঙ্গে কষ্টে হাসব, কষ্টে কাঁদব।

২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
নুশেরা বলেছেন: শুভ (বিলম্বিত জন্মদিন), গিয়াস ভাই!
বাচ্চারা খুবই মিষ্টি দেখতে। তাদের অনেক অনেক আদর।

ভাগ্যিস জন্মদিনটা গেল; আর শিপলুভাবীর প্রতিও কৃতজ্ঞতা। নইলে আপনার লেখা আর পেতাম! :)
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: তোমার সাথে আমার নেট ভিলেনগিরি করছে। আগে দুইবার রিপ্লাই দিলাম সেভ নিল না!
সবিশেষ ধন্যবাদ তোমাকেও। তোমার মতো আমার পুরনো বন্ধুদের জন্য আবার ব্লকে লিখলাম। দেখি রেগুলার হওয়া যায় কিনা।

৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
আরশাদ রহমান বলেছেন: শুভ জন্মদিন গিয়াস ভাই। অনেকদিন কথা হয়না। আর আমি ব্লগে আসার একেবারেই সময় পাই না। তবে এখন থেকে চেস্টা করব নিয়মিত হবার।

জুবায়ের ভাই কে আপনি চিনতেন কিনা জানিনা। উনি মারা গেছেন! মিলন ভাই (ইমদাদুল হক) আর আল মনসুর ভাই (বেলাল ভাই) হয়তো জানে তবে যদি কথা হয় তো খবরটা দিয়েন।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আরশাদ। আমি নিয়মিত না ব্লগে। হঠাৎ হঠাৎ পুরনো বন্ধুদের এখানে পেয়ে ভালো লাগে।
তোমার মেয়েরা কেমন আছে? ওদের ছবি দেখে এত ভালো লাগে!

জুবায়ের ভাইকে চিনতাম না। ওনাকে নিয়ে ব্লগে লেখা পোস্টটা পড়ে মন খারাপ হলো।

তুমি ভালো থেকো।

৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
মেসবাহ য়াযাদ বলেছেন: বাহ ! শিরোনামটাই মন ভরিয়ে দিলো।
কেকটা একলাই খাইলেন, আমারে দিলেন না ??
আমার বাড়ির সামনে দিয়াই তো যান আর আসেন...

অন্য, বর্ণ আর আপনাদের দীর্ঘ জীবন কামনা করছি
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আর কেক খাওয়ারে ভাই! বয়স হিসাব করলে মাথার চুল খাড়ায়া যায়। বুড়া হইয়া গেছি। আপনের তো চুল পড়ে যাচ্ছে, চুল নিয়া সমস্যা নাই আপনার। বাঁচছেন।
জানেন, বয়সের হিসাব করার সময়, মনে হয়- সেই কোন ছোটকালে পাটীগণিত শিখছিলাম, এখন ভুলে গিছি, হিসাবে তাই ভুল হচ্ছে... আহারে জীবন।
আপনার ফ্যামিলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জন্যও শুভকামনা।

৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫
তপন বাগচী বলেছেন: গিয়াসভাই, মেয়েদুটোর নতুন ছবি চাই। সঙ্গে তাদের মামণির ছবি হলে আরো ভালো লাগবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: বাঘা'দা, ঠিক আছে, তাই হবে।
তবে আমার মেয়েদের এই ছবিটা আমার বড় প্রিয়। সব সময় পার্সেই থাকে।

৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
মাহবুব সুমন বলেছেন: দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা।

আজকাল সন্তান-পিতা-মাতৃত্ব নিয়ে আগ্রহ বেড়েছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ, মাহবুব।

চিরন্তন, শাশ্বত কিংবা ইউনিভার্সেল ট্রুথ বলে কিছু শব্দ আছে না! 'সন্তান-পিতা-মাতৃত্ব' সে রকম। আছে, থাকবে এবং চলবে এই বলাবলি।

৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৬
তপন বাগচী বলেছেন: আপনার মেয়েদুটি যা মিষ্টি! দেখতে দেখতে আমাদেরও প্রিয় হয়ে ঊঠেছে। ওদের জন্য অনেক আদর। আর আপনার মতো সন্তানপ্রিয় মানুষকেও শুভেচ্ছা।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: অন্তর ছুঁয়ে যাওয়া এই মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ, দাদা। দোয়া করবেন আমার কন্যাদের জন্য।

৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
মাবরুকা তোয়াহা বলেছেন: ওরা অনেক বড় হোক ... ... অনেক অনেক বড় ... ...
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু।
বর্ণমাশার খুব জ্বর। মনটা খারাপ হয়ে আছে। দোয়া করবেন আমার মেয়েদের জন্য।

 

মোট সময় লেগেছে ১.৩৯২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাংবাদিকতা করি।
আড্ডা, বন্ধুতা আর ঘোরাঘুরিটা দারুণ প্রিয়। এই তো আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ