কেন বাড়লো, কীভাবে বাড়ানো হলো- জানি না। শুধু জানি, ওয়ারিদ, একটেল, বাংলালিংক, গ্রামীণ সবাই তাদের কলচার্জ বাড়িয়েছে এবং সেটা সুকৌশলে।
পত্রিকায় এমনভাবে খবর এসেছে যাতে মনে হয় প্রতিটি কোম্পানিই গ্রাহকদের মুখের দিকে তাকিয়ে কলরেট কমিয়েছে। কিন্তু প্রতিটা গ্রাহকই বুঝতে পারছেন কোন চতুরতায় কোম্পানিগুলো এই চার্জ বাড়িয়েছে।
আমরা প্রায় সবাই এখন মোবাইল ফোন ব্যবহার করি। মোবাইল ছাড়া আমরা এক প্রকার অচল। কোম্পানিগুলো এই সত্য কিংবা আবেগটাকে ধরেই ব্যবসা করে যাচ্ছে। সরকার এখানে কতোটুকু কী করছে জানি না, কিন্তু আমাদের গাঁটের থেকে টাকা বেরুচ্ছে তো বেরুচ্ছেই।
এর প্রতিবাদ হওয়া দরকার। কলচার্জ বৃদ্ধির প্রতিবাদে আগামী এক মাস আমরা কি সপ্তাহের একটা দিন একটা নির্দিষ্ট সময়ে মোবাইল ফোনটিকে বন্ধ রাখতে পারি না? এই সময়ে আমরা মোবাইলটিকে পুরোপুরি বন্ধ রাখবো। যাতে নিজেরা কল না করতে পারি, এবং অন্য কেউ কল করে আমাদের না পায়।
এই পৃথিবীকে বাঁচানোর জন্য কয়েকদিন আগে সারা বিশ্বে এক ঘণ্টা ইলেকট্রিসিটি বন্ধ করে মানুষ পরিবেশ রক্ষার এক প্রতীকী আন্দোলনে শরিক হয়েছিলো, এই গরীব দেশে কৌশলে মানুষের পকেট কাটার প্রতিবাদে আমরা কি একটি মাস সপ্তাহে একদিন করে মোবাইল ফোনটি বন্ধ রাখতে পারি না?
আপনারা কী বলেন? রাজি থাকলে ব্লগারদের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া যেতে পারে। সময়-দিন-তারিখ ব্লগাররাই ঠিক করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

