আবাদী জমির কোনো দেখা নেই আজ,
চারিদিকে হাহাকার, টুটোফাটা মাঠ,
বুকে বেঁধে বহুদিন বৃষ্টির আশ
কিষাণেরা মাঠ চষে, হাটুরেরা হাট।
খরতাপ রৌদ্রের দাবদাহ স’য়ে
কঠিন জমিন চষে কৃষক সকল,
পেটের দায়ের কাছে পরাজিত হয়ে
ক্লান্ত শরীর আর মানেনা ধকল।
খেতের আলের রঙ হয়েছে ধূসর
অনাদরে পড়ে আছে লাঙ্গল-জোয়াল;
চাষার ঘরেতে নেই সুখের বাসর,
শুন্য ভাঁড়ের মতো শুকনো গোয়াল।
সহসা আকাশ কালো হলো পশ্চিমে,
ধেয়ে এল দ্রুতবেগে ভয়ানক ঝড়।
বরষার ধারা নামে এই মরুভূমে
প্রাণ ফিরে পায় তাতে ধরণীর ধড়।
কিষাণীর বুকে জাগে আশার স্বপন,
আবার সোনার ধান করব ফলন,
র’বেনা ক্ষুধার জ্বালা, মিলবে যতন,
গভীর নিশিথে সুখে থাকবো মগন।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


