অনেকদিন পর শুরু করলাম এই শিরোনামহীন সিরিজ। বেশ কিছু পুরনো কবিতা জমে গেছে। সেগুলো দিয়েই আবার শুরু করলাম।
কথা রহস্য
প্রান্জল কথা রহস্যরাও ভাতঘুমে দুপুর পার করে অপরাহ্নের চা নাস্তায় দ্বিধার ঝড় তুলে রহস্যভেদ অথবা অভেদের মাঝে ধোঁয়া হয়ে উড়ে যায় মনের দোটানার এক অদৃশ্য আকাশে। মেঘ হয়ে জমাট বাঁধে কথা রহস্যের আকাশে। বৃষ্টি বাদলের পরিসংখ্যান বদলে গেছে আজকাল। সময়ের বৃষ্টি অসময়ের স্বপ্ন মাঝে বিড়ম্বনা বাড়ায়। কথা রহস্যের মেঘ জমেছে অথচ বৃষ্টির দেখা নেই সময়ে অসময়ে।
বিদায় আন্তরিককতা
যদিও বারবার বিদায় ক্ষণের এই আন্তরিকতারও ঋতু পরিবর্তিত হয় ভাল থাকা আর না থাকার সীমার সর্বোচ্চ আর সর্বনিম্ন পারদ স্কেলের ওঠা নামার ওপর, তার মধ্যবর্তী সীমার জীবনটা বিদ্রোহী কন্ঠে বিচ্ছেদের যে সুর শুনিয়েছিল তৎকালীন ভালবাসা বাসির অব্যবহিত কিছু কাল পরের বিব্রতকর ভালবাসা প্রকাশের শেষ বিন্দুতে, সেখানে বিদায়ের ক্ষণে বিচ্ছেদের কালিমা জানিয়ে দেয়- তথাপি এ বিদায়ই, ঘটিত পরিচিত বিচ্ছেদ নয়।
অশরণ কথামালা
১.
তবুও অনেক কথাই পৌঁছাতে পারেনি তোমার অবগুন্ঠিত সমাজ জীবনের লৌকিক লোকাচারের ভীড় ঠেলে। কথাগুলো সত্য ছিল।পবিত্র ছিল তার বলন। গ্রহণ না হয় নাই করলে তবুও ছুঁয়ে দেখতে। শুদ্ধতার আঁচলে পাপীরাও বিভ্রান্তিতে পড়ে যায়। ক্ষণকাল ভুলে যায় নিকৃষ্ট পাপাচার। তুমি অনেক উন্নত, পাপী নও। তবু কেন যে শুভ্র কথাগুলো তোমাকে খুঁজে পেল না!
২.
তুমি চলে যাবার পর কিছু জীবন্ত অনুভূতি ঘিরে বেঁচে ছিলাম কিছুকাল। অনুভূতিগুলো আজ আগের মতো রোমাঞ্চিত করে না। রাতে ঘুম ভেঙ্গে গেলে কাঁদায় না কিম্বা ভর দুপুরে উঠোনের তপ্ত রোদে তাকালে চোখ ঝা ঝা করে না। অনুভূতিগুলো অনেক পুরোনো। ছায়া দিয়ে রেখেছিল নিঃস্বার্থ ভালবাসা হয়ে। আজ হৃদয় জুড়ে পুরোনো অনুভূতির ভীষণ হাহাকার। নতুন কিছু অনুভূতির পেষণে আজ তোমার হারিয়ে যাওয়ার আয়োজন চূড়ান্ত। এভাবেই হয়তো হারিয়ে যাই আমরা। বিদায় প্রিয়, বিদায়।
বুক পকেট এবং শিরোনামহীন সিরিজ সমগ্র
ছবিঃ ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




