






নিহত এক সেনা কর্মকর্তার চুরি বা লুট করে নেয়া মোবাইল ফোনে দুই বিডিআর জওয়ানের কথোপকথনের একটি টেপ পাওয়া গেছে। ১২ জন সেনা কর্মকর্তার মোবাইল উদ্ধার করা হয়েছে। চলছে অন্য মোবাইলগুলোও উদ্ধারের চেষ্টা। সব কর্মকর্তার মোবাইল নম্বর ও সেট নম্বর দিয়ে ট্র্যাক করার চেষ্টা করছে র্যাব। সূত্র জানায়, বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল এলাহীর মোবাইলে ঘটনার দিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টায় একজন বিডিআর জওয়ান অনেক কথা বলেছে বিদ্রোহী অপর জওয়ানের সঙ্গে। এর মধ্যে একজন সিপাহি রমজান। দুই জওয়ান মোবাইলে কথা বলার সময় একজন জানতে চেয়েছে, ডিজিকে কি মারা হয়েছে? অন্য জওয়ান বলেছে, ডিজিকে মারা হয়েছে। অপর দিক থেকে বলা হয়েছে, মৃত্যু হয়েছে এটা নিশ্চিত করার জন্য টেকনিক অবলম্বন করেছিল? উত্তর এসেছে, সবই করা হয়েছে। ডিজি শেষ। আর নাই। অপর জওয়ান তখন বলেছে, শাবাশ শাবাশ! ওকে! ওয়েলডান, চালিয়ে যাও।
প্রায় আট ঘণ্টার ওই টেপে দেখা যায়, জওয়ানরা হই-হুল্লোড় করছে। উল্লাস করছে। আর ক্ষণে ক্ষণে খবর নিচ্ছে কোন কোন অফিসারদের মারা হয়েছে। কর্নেল এলাহীর মোবাইল ফোনে ফোন করেছিলেন রংপুরের একজন ব্রিগেড কমান্ডার। তখন ওই মোবাইল বেহাত হয়ে চলে গেছে সিপাহি রমজানের কাছে। ওই জওয়ান ফোন কলটি ইচ্ছা করেই রিসিভ করেনি। লাইনটি কেটে দিতে গিয়ে রিসিভ বাটনে টিপ পড়ে যায়। ফোন আধঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। ওই আট ঘণ্টার কথোপকথন রেকর্ড করা ছাড়াও ওই সময়ে ওই ব্রিগেড কমান্ডার সংশ্লিষ্টদের খবর দিলে পরে কর্নেল এলাহীর মোবাইল ফোনের কথোপকথন রেকর্ড করা হয়। ফোনের কথোপকথন থেকে গোয়েন্দারা নিশ্চিত হয়েছে সাবেক ডিজি জেনারেল শাকিলকে ১১টার মধ্যেই মেরে ফেলা হয়েছে। বিদ্রোহীদের কাছে অনেক মোবাইল ছিল। তারা মোবাইল ফোনে হত্যার নির্দেশ দিয়েছে। সূত্র জানায়, জওয়ানরা ঢাকায় বিদ্রোহ শুরু করার পরপরই বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বিদ্রোহ করার জন্য বার্তা পাঠিয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বিদ্রোহ শুরু হয় মুহূর্তের মধ্যে। বিদ্রোহের দু’দিন ও পরে বিভিন্ন মোবাইল ফোনের কললিস্ট ধরে অনেক তথ্য পাওয়া গেছে। বিডিআর বিদ্রোহে সহযোগিতা করেছেন এমন কিছু প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। ওই তালিকায় বিভিন্ন পেশার মানুষ রয়েছে। সূত্র আরও জানায়, একজন জওয়ান বিদ্রোহ শেষ করে অস্ত্র নিয়ে পালিয়ে গেছে। সে তার মোবাইল ফোনে কথা বলেছে অন্য জওয়ানের সঙ্গে। ওই অস্ত্র লুকিয়ে রেখেছে সে। তার মতো আরও অনেক জওয়ানই অস্ত্র নিয়ে পালিয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


