মেঘাঙ্গী বিগতাম্বরা শবশিবারূঢ়া ত্রিনেত্রা পরা
কর্ণালম্বিত বানযুগল লসিতা মুন্ডাবলী মন্ডিতা।
বামাধোর্ধ্ব করাম্বুজে নরশিরঃ খড়গঞ্চ সবেৎতরে
দানাভীতি বিমুক্তকেশনিচয়া ধ্যেয়া সদা কালিকা।
অনেক দূর থেকে দেখলে সমুদ্রের জল নীল দেখায়। যখন সমুদ্রের নিকট যাওয়া হয় তখন দেখা যায় জলের কোন রং নেই। দূরকে অন্তরে এনে উপলব্দি করতে পারলে পরম সত্যের উদঘাটন করা যায়। সত্য উপলব্দি করতে পারলে পরম সত্যের উদঘাটন করা যায়। সত্য উপলব্দির তাগিদে সনাতন সম্প্রদায় চিরকাল অসীমের সাথে বন্ধুত্ব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই রবি ঠাকুর লিখেছেন,
সীমার মাঝে অসীম তুমি
বাজাও আপন সুর
আমার মধ্যে তোমার প্রকাশ
তাই এত সুমধুর।
অগ্নি ছাড়া স্ফুলিঙ্গ নেই। হিন্দুর দেবদেবী অনুভব এই স্ফুলিঙ্গের মতো অসংখ্য। সকল স্ফুলিঙ্গ যেমন অগ্নি তেমনি সকল দেবদেবী একেরই বহু প্রকাশ। সাধক সজ্জনদের আত্ম উন্নয়নের জন্য দেবদেবীর রূপ কল্পনা প্রাচীন ঋষিদের এক অপূর্ব পরিকল্পনা। আমাদের সকল দেবদেবীর নানান আকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শক্তিময়ী মা কালীর ও রয়েছে গভীর তাৎপর্য। " কালী" শব্দটি উপনিষদের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি। মুন্ডক উপনিষদে শক্তিকে সাতটি অগ্নি শিখারূপে বর্ণনা করা হয়েছে।
এই সপ্ত অগ্নিজিহ্বার প্রধান হলেন কালী। আবার সাধারণভাবে বলা হয় যিনি কালকে ধারণ করেন তিনিই কালী। মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে মহাকাল সর্বজীবেরই কলন বা গ্রাস করেন। সেই মহাকালকে ও যিনি নিজ অঙ্গে লয় করেন, তিনিই কালী। মহাকালের প্রচন্ড আঘাতে ক্ষতবিক্ষত আমাদের হৃদয়। মহাকালের কাছে কেউ অপরাজিত নন। আমরা যারা প্রতিনিয়ত অহংকার জ্ঞানে মানুষকে লজ্জিত করে চলেছি কালের প্রচন্ড থাবায় একদিন আমাদের অহংকার চূর্ণ হয়ে যাচ্ছে। তাইতো শংকারাচার্য বলেছেন,
মা কুরু ধনজন যৌবন গর্ব্বং
হরতি নিমেষা কালঃ সর্ব্বং
ধনও যৌবনের অহংকার করোনা, কাল এসবকে নিমিষে হরণ করেন। কালের অতল স্রোতে সবাইকে একদিন না একদিন ডুব দিতে হয়। আর এই কালকে গ্রাস বা কলন করতে পারেন মা কালী। কালী তন্ত্রে বলা হয়েছে,
কাল নিয়ন্ত্রাৎ কালী তত্ত্বজ্ঞান প্রদায়িনী
মহাভারতের বিভিন্ন জায়গায় কালীর কথা পাওয়া যায়। সৌত্তিক পর্বে দেখা যায় মৃত্যুর পর পুত্র অশ্বথামা পান্ডব শিবিরে প্রবেশ করেছেন। গভীর অমানিশায় দানবরূপী অশ্বথামা পান্ডব বীরদের একের পর এক হত্যা করে চলেছে। মৃত্যুপথযাত্রী আক্রান্তরা সংহাররূপিনী কালীকে দেখতে পেয়েছেন।
কালীং রক্তাস্যনয়নাং রক্তমাল্যনুলেপনাম্ ।
রক্তাম্বরধারমেকাং পাশ হস্তাং কুটুঙ্গলীম।।
দদৃশুঃ কালরাত্রিং তে গায়মানামবস্থিতাম্ ।
নরাশ্ব কুঞ্জরান পাশেবর্দধ্বা ঘৌরে প্রতুস্থষীম।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



