যে চূড়া নতজানু, তা পর্বতের নয়,
যে পাখি গানহীন, তা অরণ্যের নয়,
যে আকাশ একঘেঁয়ে, তা পৃথিবীর নয়,
যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়।
যে শিশির অস্থির, তা ঘাসফুলের নয়,
যে নদী বাউন্ডুলে, তা সমুদ্রের নয়,
যে মেঘ ডানাহীন, তা বৃষ্টির নয়,
যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়।
যে জীবন বিনীত, তা বিপ্লবীর নয়,
যে জীবন মসৃণ, তা স্বাপ্নিকের নয়,
যে হাসি পার্থিব, তা শিশুদের নয়,
যে চোখ মায়াহীন, তা হরিনের নয়।
যে হাত একলা, তা প্রেমিকের নয়,
যে তারা পথভোলা, তা নাবিকের নয়,
যে ডানা জলহীন, তা আকাশের নয়,
যে জীবন তুমিহীন, তা আমার নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


