তোমাকে অনেক কিছুই হয়নি বলা সলজ্জতায় , যদিও
অজস্র চেনা অচেনা শব্দে মুখরিত করেছি দৈনন্দিন ,
বুকের লোনাকাঠ বেয়ে বয়ে গেছে অনেক শব্দস্রোত ,
তবুও একমুঠো আঁধার কোথাও জমে আছে , কিছু অশ্রুত শব্দ ,
বিক্ষত হৃদয়ে স্ফটিকের মত গেঁথে আছে , জমে আছে ।
কিছু অনুভূতি তোমায় জানানো হয়নি , যদিও
তোমার চোখের দিকে তাকিয়ে আমি মানচিত্রের মত
উন্মোচন করেছি কৃষ্ণচূড়ার আগুনে ঝলসানো , দিকভ্রান্ত
শালিকের ঝাঁক , তবুও মনে হয় , এখনো ভীষণ গুরুত্বপূর্ণ
কিছু অনুভূতি তুমি বুঝতে পারোনি , শুনতে পাওনি কিছু হৃদকম্পন ।
মুঠোফোন হাতে মৃতের মত বসে থাকি , নৈঃশব্দ্য পেরুলেই তোমার কন্ঠ
তবুও বলা হয়না কিছুই ,
চিরঅশ্রুত , অবহেলায় পড়ে থাকে আমার শব্দাবলী আমারই কাছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

