আর কেউ বলেনা তোমার মত এলোমেলো কথা , কারও কাছে
নেই আর অবশিষ্ট একবিন্দু তৃষ্ণার জল , মরূভূমিসম সব চোখের
কাছে পরাজিত হতে হতে আমি ফিরে আসি তোমারই কাছে
পরম শ্রদ্ধায় পাঠ করি তোমার চিঠিগুলো , ভালোবাসায় হাত রাখি
আমার করতলে দেয়া বটের ছেঁড়া পাতাটিতে , যেন তুমি অগোচরে
লিখে দিয়েছ তোমার নাম তাতে , আছে তোমার সুঘ্রাণ মিশে ।
সুবর্ণরেখার মত পথ চলতে চলতে আমি ক্লান্ত , আমি আমার দুচোখ
আর খুলে রাখতে পারছিনা বইয়ের পাতার মত , আমার মৃত্যুর মত ,
দুচোখ ভরে , বৃষ্টির পানির মত ঘুম আবশ্যক । আমার পথগুলো ক্রমশ
স্থবির , ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে । তোমার কথা ভাবে আর ছোট
ছোট দীর্ঘশ্বাসের জাল বুনতে বুনতে আমি ক্লান্ত , এই মহাপরাক্রমশালী
হিংস্র রাত্রি , আমার স্নায়ুর সীমানা ছাড়িয়ে সূর্যের মত সত্য ।
মৃত্যুর মত সত্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


