আজ খোলাজানালায় বৃষ্টির ফোঁটায় আর কালো মেঘে ,
তোমার কথা মনে পড়লো ভীষণ , যেন , কপাট খুলে
নিমিষে বেরিয়ে আসবে তুমি কলহাস্যে , মুখর করে দেবে
নোংরা , স্বার্থপর , কৃমিকীটভরা এই শহরটিকে ।
ঠোঁটে রক্তাক্ত সিগ্রেট বাগিয়ে , হয়তো গুনগুন মনে ,
স্বপ্ন শোনাবে আমাদের ; বিক্ষত হৃদয়ের মন্ত্রমুগ্ধতায় ,
হয়তো আবার ফিরে আসবে তুমি।
ঢাকা মেডিকেলের কোন শিক্ষার্থীর দিকে তাকিয়ে অহর্নিশি ,
হয়তো তুমি বলে যাবে তোমার না বলা স্বপ্নগুলো । হয়তো , কখনো
কোন গোপন প্রেয়সীর ঠোঁটে বেজে উঠবে , ভালোবাসায় ।
ঠাসবুনোটের নোটে নোটে যেন এঁকে দেবে , কোন গান ,
যা তুমি সারাক্ষণ গাইতে চেয়েছিলে , কোন বিষন্ন সময়ে ,
যা হবে অসময়ের নিখাদ বন্ধু , আত্নার পরম পাথেয় ।
তুমি ছিলে , তাই আমরা স্বপ্ন দেখতাম , কোন একা দীর্ঘ পথ
কোন নিঃসঙ্গ রাত্রিতে পাড়ি জমাবার , কোন জোছনার রং , কোন
কান্নার ছোঁয়া স্পর্শ করার , তুমি ছিলে তাই , আমরা , বুকপকেটে
গোলাপ রেখে বলতে পারতাম , আমরা স্বপ্ন দেখতে জানি ।
হবিগন্জের চা-বাগান ঘেরা তোমার ভালোবাসার গাছগুলো আজও আছে, তোমার প্রিয় পান্তাভাতের সানকিতে জমানো জল ,
এই নষ্ট শহরে , নাম না জানা যেকোন মাস্তানের ভালোবাসায় ,
আজও উচ্চারিত হয় তোমার নামটি । ছোট্ট কিংবদন্তী , আজও
দু'হাত বাড়িয়ে খোঁজে তার বাবার প্রিয় মুখ , আজও কোন কোকিলের
শীষে , কখনো বর্ষার মেঘে , শুনি তোমার পদধ্বনি ।
শুধু তুমি নেই , সণ্জীবদা , শুধু তুমি নেই ।
( বি.দ্র. লেখাটি প্রিয় গায়ক , প্রিয় স্বপ্নমানব , সণ্জীব চৌধূরীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গিত )
[ সন্জীব চৌধূরী : জন্ম - ২৫ ডিসেম্বর ১৯৬২ , মৃত্যু - ১৯ নভেম্বর ২০০৭ ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





