আমি দহনের সাথে পালকের ধূলো জমিয়ে রেখেছি ,
কোন অবিশ্রান্ত অপার্থিব জোছনার তুলিতে রেখেছি গোপন
সযত্নে কোন নাম , বুকের আরশিতে কোন পদচিহ্ন ,কালো পাখির
চোখে টলটলে কোন অশ্রুতে গাঁথা । তুমি দেখে নি্ও ।
আমি রক্তে রোপন করেছি সন্ন্যাস , চুলে রুদ্রাক্ষ ,
তক্ষকের সুরে বেধেছি গান , কোন বিদ্যুচ্চমকে দেখেছি মেঠো পথ
আর রাখালের সুরে বাঁধা একটি সবুজ শীষ ।
আমি তোমাকে দেখাব বলে জমিয়েছি , গাঢ় লাল রং
আর সকল কথাকাহন , ক্ষণিকের মেঘে জমা আঁজলাভরা বৃষ্টি ,
চোখে একআকাশ তৃষ্ণা নিয়ে কোন নির্বাক শালিক ।
তুমি দেখে নিও । যদি অবসরকালে কখনো বেজে ওঠে নুপূর ,
কখনো যদি মনে হয় কোন নীল চিলেকোঠার দিনগুলো ,
মনে পড়ে যদি , দুর্বাঘাসের আলোর জড়ানো কোন রক্তজ্বলা চোখের অর্ঘ্য ।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


