বসফোরাসের তীরে অথবা ভাসমান কোন খুপরিতে বসে ,
মানুষ বংশের কথা বলে , ভবিষ্যতের কথা বলে , মানুষ কাঁদে ,
লজ্জা এবং কষ্ট হয় , কামে অথবা সংগ্রামে বাঁচে , কখনো তার মন ,
আকাশের আরশিতে নিজের ছবি দেখে , কখনো হাসে ,
কখনো ভাবে , এই আমার রুপান্তরের কথকতা ।
সহজ শব্দগুলো দুর্বোধ্য ধাঁধার মত পতিত হয় বৃষ্টির মত ,
আমার কাছে কোন কিছুই প্রয়োজনীয় হয়ে ওঠেনা আর ,
সেই দিকভ্রান্ত জীবনযাপন , ইটের বালিশে মাথা গুজে সুখ
আর ড্রাফট , জীবনের না মেলা হিসাব , সেই হয়তো ভালো ;
এতোটা অসহ্য হত না তখন বেঁচে থাকা ঠাসবুনোটে ।
আমি মানুষ দেখি , স্রোতের মত আমার চারপাশে বয়ে চলা ;
কখনো কারো কারো আলিঙ্গনে আবদ্ধ হই আমি , কখনো প্রিয় কোন
সুহৃদ কোন পুরনো আড্ডায় ভুলবশত উচ্চারণ করে আমার নাম ,
আমি জানি একদিন ঠিকই তারা এই ভুলটি আর করবে না ।
আমি আমার ব্যাগ গুছিয়ে ফেলেছি , মা , কাল সকালে ডেকে দিও ,
কোথাও যেতে হবে , কোখাও গাঁথা আছে পাখি কোন দেয়ালে ,
আমার স্পর্শ পেলেই ফুল হয়ে উড়ে যাবে ।
বসফোরাসের তীরে অথবা ভাসমান কোন খুপরিতে ,
কোথায় লেখা আছে , আমার নাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



