কোন দুর্বোধ্য আকাশ নই , নই কোন দিকভ্রান্ত সমুদ্রমানব , অথবা
কোন অস্থির অশ্বের হ্রেষা অথবা ক্লান্তিতে ভেজা নিশিকাব্যে
আমার আসক্তি নেই ; ভালো লাগেনা পিকাসো অখবা ফ্লয়েড ,
তোমাদের পানপাত্র ভরা সফেন আনন্দে আমার লোভ নেই ।
আমি কোন রক্তের ক্ষুধা বা ক্ষমতার লোভ নই , কোন আত্নাহুতি,
অথবা বিবর্ণ রংয়ের ক্যানভাস নই , আমি দুহাত বাড়িয়ে বারবার
বলতে চেয়েছি , চমৎকার কোন পোশাকে আমার অস্বস্তি লাগে ।
কোন সবুজ টিয়ে বা শিশুর আধো হাসি , আমায় ছুঁতে পারে না ,
কোন করোটির পাপ অথবা বেদনাবিদ্ধ প্রশ্ন আমায় আহত করে না ,
তেপান্তরের ফেলে আসা মুখগুলো আমায় আহবান করে না , আমি
বসে থাকি আপন অন্ধকার কোণে , একাকী এবং ক্লান্ত ।
কোন সুগন্ধী ফুল আমার হবে না , কোন নরোম প্রেমিকা অথবা মেঘ
কোন নদীর বুকে কচুরিপানার ফুল আমার নাম ধরে ডাকবেনা কোনদিন ,
আমি জানি , আমি এমন কখনো কিছুই করিনি , যা আমায় তোমাদের
মাঝখানে , চায়ের আড্ডায় ফিরিয়ে আনবে ।
আমার অমরত্বের লোভ নেই , আমাকে আত্মসত্ত্ব দা্ও ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



