তোর আকাশ অথবা মুঠো ছাই , মাঠের পর মাঠ জুড়ে থাকা লাল কাঁটা ,
পা কেটে ফালিফালি কাঁচে , তবু ঘুড়ি ওড়াবার আজন্ম চিৎকার রক্তে ;
তোর পাখি অথবা মুঠোর মাঝে বন্দী কোন জানালা ; এক চিলতে রোদ
অথবা একবিন্দু ঘুমের অবগাহনে দেয়ালে দেয়ালে আমার নিরন্তন ছুটে চলা ।
কোন এলোচুলে পানির ফোঁটার স্পর্শ , কোন চাহনিতে লুকিয়ে থাকা কাজল ,
একশ বছর বাঁচবার স্বপ্ন , আমার ভাঙা সাইকেল আর সন্ধ্যার সাইরেন ;
তোর নীলে নীলে ছড়ানো কোন আঁজলা জমা কষ্ট , অস্ফুট কোন কোলাহল ,
তোর নদী অথবা সাঁই সাঁই হুইসেলের ট্রেন , চলেছে কুয়াশার বুকে ।
সে এক সময় ছিল আমাদের , চায়ের কাপে পুরনো শব্দগুলো ঘুরে আসে ,
আমি ঠোঁটে বারুদ নিয়ে বসে থাকি , কখন সকাল হবে তার আশায় ।
আমি , তোর পৃথিবী , অথবা কেউ না ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




