জোনাকি
অসংখ্য সবুজ শিমে শিমলতা পাতা ভরে আছে ;
শিম পাড়ি ; মেয়েটিও আছে কাছে কাছে ;
চার বছরের ছোট মেয়ে ;
কাঁপছিল হিমে ;
আঁচল ফেলেছে ভরে শিমে ;
জায়গা নেই যে এক তিল ,
তবু সে বাড়াল হাত - তারপর থেমে গিয়ে নিজ মনে বললে,
'কেমন নীল-
কেমন সুন্দর নীল শিমগুলো -
ঐ শিমগুলো ,বাবা ,গাছেই থাকুক ।'
নদীর মতো টলমল চোখে তাকাল সে - তারপর মুখ
নামিয়ে সে চলে গেল -
বেলা শেষ হলে
শুনলাম ডুবে গেছে পুকুরের জলে ।
অনেক গভীর রাতে দেখা গেলো জোনাকি পোকার সাথে নক্ষত্রের তলে
শিমগুলো খেলা করে শিশিরের জলে ;
আমাকে দাঁড়াতে দেখে বলে তারা : ' বুঝেছ তো কে এই জোনাকি ?'
' চিনেছ? ' বললে রাতের লক্ষ্মীপাখি ।
--------------------------------------------------------------------------------------
কত দিন তুমি আর আমি
কত দিন তুমি আর আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভিতর
খড়ের চালের নিচে, অন্ধকারে -সন্ধ্যায় ধূসর সজল
মৃদু হাত খেলিতেছে হিজল জামের ডালে - বাদুর কেবল
করিতেছে আসা- যাওয়া আকাশের মৃদু পথে - ছিন্ন ভিজে খড়
বুকে নিয়ে সনকার মতো যেন পড়ে আছে নরম প্রান্তর ;
বাকা চাঁদ চেয়ে আছে - কুয়াশায় গা ভাসায়ে নেয় অবিরল
নিঃশব্দ গুবরে পোকা -সাপমাসী -ধানী শ্যামাপোকাদের দল ;
দিকে দিকে চালধোয়া গন্ধ মৃদু - ধুসর শাড়ির স্বর
শোনা যায় - মানুষের হৃদয়ের পুরনো নীরব
বেদনার গন্ধ ভাসে - খড়ের চালের নিচে তুমি আর আমি
কত দিন মলিন আলোয় বসে দেখেছি বুঝেছি এই সব;
সময়ের হাত থেকে ছুটি পেয়ে স্বপনের গোধূলিতে নামি
খড়ের চালের নিচে মুখোমুখি বসে থেকে তুমি আর আমি
ধূসর আলোয় বসে কতদিন দেখেছি বুঝেছি এই সব ।
-------------------------------------------------------------------------------------
মনে হয় একদিন
মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর ;
দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে একঝাড় জোনাকি কখন
নিভে যায় - দেখিব না আর আমি এই পরিচিত বাঁশবন ,
শুঁকনো বাঁশের পাতা -ছাওয়া মাটি হয়ে যাবে গভীর আঁধার
আমার চোখের কাছে - লক্ষ্মীপূর্ণিমার রাতে সে কবে আবার
পেঁচা ডাকে জোছনায় - হিজলের বাকা ডাল করে গুঞ্জরন ;
সারা রাত কিশোরীর লাল পাড় চাঁদে ভাসে - হাতের কাঁকন
বেজে ওঠে : বুঝিব না - গঙ্গাজল ,নারকোলনাড়ুগুলো তার
জানি না সে কারে দেবে - জানি না সে চিনি আর সাদা তালশাঁস
হাতে লয়ে পলাশের দিকে চেয়ে দুয়ারে দাড়ায়ে রবে কি না ...
আবার কাহার সাথে ভালবাসা হবে তার - আমি তা জানি না;
মৃত্যুরে কে মনে রাখে ?... কীর্তিনাশা খুঁড়ে খুঁড়ে চলে বারো মাস
নতুন ডাঙার দিকে - পিছনের অবিরল মৃত চর বিনা
দিন তার কেটে যায় - শুকতারা নিভে গেলে কাঁদে কি আকাশ ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




