কালের কণ্ঠ ডেস্ক[/sb]-------------
বাংলাদেশকে 'আসল' ইসলামী রাষ্ট্রে পরিণত করতে খরগোশ নয়, কচ্ছপের গতিতে এগিয়ে চলছে জামায়াতে ইসলামী। তারা স্বল্পমেয়াদি কোনো প্রাপ্তি নিয়ে ভাবে না, তাদের লক্ষ্য সুদূরপ্রসারী। গত বছর ৩ জানুয়ারি ওয়াশিংটনে এমন মূল্যায়ন পাঠায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। গত মঙ্গলবার তারবার্তাটি ফাঁস করে দেয় উইকিলিকস।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার সঙ্গে কথোপকথনের ভিত্তিতে বার্তাটি প্রস্তুত করা হয়। বার্তাটির
শিরোনাম 'জামায়াত-ই-ইসলামী : খরগোশ নয়, কচ্ছপ'।
যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিনের পাঠানো তারবার্তায় বলা হয়, ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার জামায়াতকে প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মজলিশ-ই-শুরার রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ কিংবা আসন বাড়ানোর মতো স্বল্পমেয়াদি প্রাপ্তি নিয়ে জামায়াত চিন্তিত নয়, বরং জামায়াতের আসল লক্ষ্য বাংলাদেশকে একটি প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত করা।'
মুহাম্মদ কামারুজ্জামানও একই কথা বলেন বলে তারবার্তায় উল্লেখ করা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা কর্মকর্তাদের জানান, তাঁদের একটি রাজনৈতিক আদর্শ আছে, যা দুটি প্রধান দল বিএনপি বা আওয়ামী লীগের মতো নয়। তাঁর মতে, 'বাংলাদেশের সমস্যাগুলো দূর হবে শুধু ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের মাধ্যমে।'
কাদের সম্পর্কে নিকোলাস ডিন মন্তব্য করেন, 'পাকিস্তানের জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি ভালোই জ্ঞান রাখেন এবং তিনি দাবি করেন, পাকিস্তানের দলটির সাবেক নেতা মাওলানা ফায়জুর রেহমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব আছে।' যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে আলোচনায় শিবির নেতারাও ছিলেন। এ সময় তাঁরা অন্য ছাত্র সংগঠনের সঙ্গে তাঁদের বিভিন্ন সংঘর্ষের অসংখ্য ছবি বারবার দেখানোর চেষ্টা করেন। তাঁরা দাবি করেন, সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির নির্যাতনের শিকার হচ্ছে। তবে শিবির নেতা-কর্মীর নির্যাতনের শিকার ছাত্রদের বিষয়ে নিশ্চুপ ছিলেন তাঁরা।
শিবির নেতারা দাবি করেন, তাঁদের তহবিলের একমাত্র উৎস বর্তমান ও সাবেক সদস্যদের দেওয়া চাঁদা। কিন্তু নিকোলাস ডিন মনে করেন, মগবাজারের মতো জায়গায় শিবিরের প্রধান কার্যালয় এ দাবির অসারতা প্রমাণ করে। বিএনপি ও আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মতো শিবিরও চাঁদাবাজি করে।
জামায়াত ও শিবির নেতাদের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের এ কূটনীতিক বলেন, তাঁরা নিজেদের যতই গণতান্ত্রিক দাবি করুন না কেন, সব সিদ্ধান্ত আসে ওপরের স্তর থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


