এখন নাটোর,ঢাকা অথবা আমার শহর নারায়ণগঞ্জের কথাই ধরো
একজন বনলতাও নেই। শহর জুড়ে আছে,
লাল লাল চুল,অবাক তরুণী। যারা চোখেতেই শ্যাষ,নেই
হৃদয়ের ধারে কাছে।
এখন হাতে হাত ধরার ব্যাপারও ভীষন সহজ। হয়ওনা ধরা,
অমন আপন করে।
হাতের কী দোষ বলো? হাতও ভয়ানক ব্যস্ত থাকে সে কি
হাতের চেয়ে মুঠোফোন চেপে ধরে।
এখন কানগুলোও আগের মতো নেই,সেসব
কেঁপে কেঁপে ওঠে বাজারি প্রেমের ঝড়ে,
প্রথম শব্দেই প্রেমিকাকে চেনে না সে,
সব শব্দই প্রেমিকার মনে করে।
স্মৃতিগুলো আজ পাল্টে যেন,প্রতারণাতেই খুশি
নির্ভরতা তাই মেমোরি চিপে,
আধুনিকতার দেশেতে গোপন প্রেম
ঘুরে ঘুরে ফেরে সিডিতে,ভিডিও ক্লিপে।
যে কারনে জীবনানন্দ,বলেও আসেনি ফিরে
এই দেশেতে শঙ্খচিল বা দূর শালিকের ডানায়।
ইশতিয়াকও পায়না আশার আলো,
প্রফেশনাল প্রেম! তাকে কি কখনো মানায়?
এখন বুকের জমিনে নেই কোনো একক গেরস্থালি
অচেনা সব-ই যা যা ছিল চিরচেনা,
বুকও হয়ে গেছে হাউজিং কোম্পানীর
প্লট করে চলে আত্মার বেচাকেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


