" জীবনের যে কোন সম্পর্কই পুরনো হলে একঘেয়ে হলে, তাতে ক্লান্তি আসে, বিরক্তিও। খুবই কম মানুষ জানে সম্পর্ক নতুন রাখতে। পৃথিবীটা এমনই তাই পথ চলতে চলতে যতটুকু ভালোবাসা ভালো ব্যবহার পাওয়া যায় সেটুকুই মনের কোনে জমিয়ে রাখতে হয়। কোন বর্ষার দিনে, একা জানালায় বসে, ঘরের ভিতরের অন্ধকারকে ভুলে গিয়ে ঘরের বাইরের একটা আলোকিত বারান্দার দিকি চেয়ে কেয়া ফুলের গন্ধ ভরা বাতাসে মুখ তুলে জীবনের গ্লানিকে ভুলতে হয়।
সবার জীবনেই অন্ধকার ঘরটাই বাস্তব, তার মাঝেই বছরের সবদিন গোনা তবু আবার সবার জীবনেই একটা করে আলোকিত বারান্দা থাকে, সে বারান্দার স্বপ্ন দেখেই আমাদের সবার দিন কাটে।
কখনো কখনো বা প্রত্যেকে কোন সুন্দর মহুয়ার গন্ধ ভরা চাদঁনীরাতে বা স্তব্ধ শীতের সোনালী দুপুরে পা টিপে টিপে সেই বাসমতি বারান্দায় এসে দাড়াই, এসে দাড়ালেই বুকের মধ্যে তোলপাড় করে, ইচ্ছে করে সমস্ত জীবন এই বারান্দাতেই আনমনে দাড়িয়ে থাকি, কিন্তু তা হয় না। সেই একঘেয়ে পুরনো সামাজিক চাহিদা বা কর্তব্য ভিতরপানে ডাক দেয়, আমরা সকলেই আবার ঘরের অন্ধকারে ফিরে আসি।
প্রত্যেকেই চোখের আড়ালে কান্না লুকিয়ে বেড়াই, কখনো সখনো, ছ'মাসে ন'মাসে, ঘুমে বা স্বপ্নে বা জাগরনে যখনই সেই আলোকিত বারান্দায় এসে দাড়াই একা একা, তখনই সেই কান্না বাইরে আসে, চোখে ঝাপসা হয়ে যায়। জীবনের সেই একফালি বাঙ্ময় ও আলোকিত বারান্দাটুকুর জন্যে বেচেঁ থাকি।
ঘরটা বড় অন্ধকার, বড় স্যাঁতসেঁতে।"
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


