বন্ধু,
চেনা দেয়ালে তোমার আগের সেই সাদা-কালো পোট্রেটটা আমরা খুব মিস করি। যদিও এখন তুমি এই গাঢ় হলুদ-সবুজ ছবিটিতে আরও বেশী করে চোখের সামনে। প্রিয় সঙ্গীদের নিয়ে আশা করছি ভাল কাটছে তোমার পরবাসি দিন-রাত্রি। তোমাদের সোনামনিটা ভাল আছেতো?
কিছুদিন আগে হঠাৎ করে মা'কে দেখতে ঢাকায় এসে আবার ফিরে গেছো তাও জেনেছি তোমার লেখা পড়ে। মা ভাল আছেন এখন? আমিও খুব বেশী 'মায়ের মেয়ে'। নিজে মা হওয়ার পরেও এখনও একটুও বদলাইনি। সুযোগ পেলেই মাকে জ্বালাই; আমার চে' ছোট ভাই-বোনদের বেশী আদোর করার অকারণ অভিযোগে। জড়িয়ে ধরে কোলে মুখ গুঁজে দিয়ে মায়ের সুগন্ধ নিয়ে আগের মতই ভুল করে বলি, মা তুমি কি মেখেছো? অন্য রকম একটা মিষ্টি গন্ধে পাগল হই সেই বরাবরের মতই। মায়েরা এমনই হন, সব মায়ের বুকেই বুঝি এমনই এক বিশেষ সৌরভ আছে। মায়ের কোলের মত এমন শান্তিময় নিরাপদ আশ্রয় আর কি আছে!
দেশের বর্তমান পরিস্থিতিতে অন্য আর সবার মত আমাদেরও কষ্ট হলেও প্রিয় মানুষদের হারিয়ে স্বজনদের এই আহাজারি ও আর্তনাদ সহ্য করতে পারি না বলে টেলিভিশনে সংবাদ দেখিনা গত কয়েকদিন। ভাবি, বৃদ্ধের কথা, যঁাদের এই ভার নেবার মানসিক সামর্থ কোনভাবেই নেই! ভেবে আতংকিত হই আমাদের শিশুদের কথা! এ,সব বাস্তবতা যখন ওদের চোখে পড়ে, ওদের ভেতরে কি অনুভূতি তৈরি হয়! দুর্ভাগ্য ওদের! ওরা হানাহানি দেখেই বড় হবে! স্বদেশ- সেতো মা'ই। মায়ের কোলেও বারুদের গন্ধ ঢুকে পড়ে যখন তখন! কি ভয়ানক নিরাপত্তাহীনতা!
এই সময় প্রতিদিনের কাজের পাশাপাশি মনটা বিক্ষিপ্ত ও বিষাদময় থাকায় জীবনযাপনে কোথাও যেন খানিকটা সুর কেটে গেছে। এই আকাশ-বাতাস ভারি করা বেদনা, প্রার্থনা, আশা-নিরাশা, হতাশা- আশংকার বোঝা ---- এ,সব তো পূর্নবয়স্কের জন্যই যথেষ্ট ভারী। কিন্তু শিশুদের বেলায়??!!
গত সন্ধ্যার একটি অদ্ভুত অভিজ্ঞতা আমাকে বেশ এলোমেলো করছে, কাজে মন দিতে পারছি না। অনেক ভেবে পছন্দের মানুষ, কোন একজন মা'কেই বেছে নিলাম আমার সেই অদ্ভুত অভিজ্ঞতা (কষ্ট!) ভাগাভাগি করে নেয়ার জন্যে।
আমাদের মেয়ে কিন্নরি। মাত্র পাঁচ বছর বয়স। হাসিখুশি, খানিকটা লাজুক এবং শান্ত। প্রথম ভাষা নরউয়্যিজিয়ান হলেও, মাতৃভাষার শাব্দিক অর্থ যদি করা হয়, তবে মায়ের ভাষাটাও 'ও' চমৎকার বলে এবং বোঝে। পাশাপাশি ইংরেজী ও ফরাসি ভাষায়ও অভ্যস্ত হয়ে উঠছে প্রয়োজনে। যদিও বেশীরভাগ সময় নরউয়্যিজিয়ান ভাষাটাই বলে থাকে। এতটুকু মেয়ে আমার কাল সন্ধ্যায় অদ্ভুত এক কথা বলেছে ওর মা'কে। খেলতে খেলতেই হঠাৎ করে ছুটে এসে জড়িয়ে ধরে মিষ্টি করে বাংলায় বল্লো, 'মা, তুমি জানো আমি তোমাকে কত ভালবাসি?' কোন উত্তরের অপেক্ষা না করে আরও শক্ত করে জড়িয়ে ধরে বল্লো ' অনে---ক অনে----ক'। এ,টুকু নতুন কিছু নয়, প্রায় প্রতিদিনই একবার দু'বার ঘটে । অন্যান্য দিনের মত আমিও ওকে আদোর করে বলতে থাকি,' আমিও সোনামনি আমার, আমিও তোমাকে অনে-----ক ভালবাসি। (সাধারনত আমরা তিনজন বাসায় প্রায় কখনও ইংরেজী বলি না দরকার নেই বলে)।---- আবার আমরা একসাথে খেলতে শুরু করলাম। একটু পরে ওর ঘুমোতে যাবার প্রস্তুতি সেরে প্রতিদিনের মতই ওর পছন্দের একটি বই নিয়ে পড়তে শুরু করেছি। এটা ওর ঘুমের ওষুধ বলা যায়। কিন্তু মেয়ে আমাকে থামিয়ে দিয়ে খুব কাছে এসে ইংরেজীতে বল্লো, 'Don't die mamma, never die, i don't want you to'.....শেষ করলো না কথাটা। আমি সম্ভবত কিছুক্ষনের জন্য বোধ হারিয়ে ফেল্লাম। "ওর মুখের দিকে চেয়ে আছি, ছঁুয়ে আছি, কিম্বা আলতো করে বুকে তুলে নিয়েছি- জানি না! ওকে যেন দেবশিশু মনে হচ্ছে অথবা নিজেকে অন্যকিছু! মন্ত্রচালিতের মত শুধু বলি ' তুমি কি বলছো সোনামনি, আমি বুঝি না, বুঝতে পারছি না।'
একটা বিচিত্র ভাবনাময় দীর্ঘ সময় আর নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমিয়ে থাকা একটি নিষ্পাপ মুখ আমায় জাগিয়ে রাখে সারাটারাত, জাগিয়ে রেখে দেবে প্রতিদিন।
ভালবাসা তোমাদের জন্যে।
ভাল থেকো সবসময়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


