আমার আম্মা এবং সুন্দর: ফ জ ল শা হা বু দ্দী ন
স্বদেশের কাছে আমার কিছু প্রার্থনা আছে
প্রার্থনার মতোন করে আমি সেইসব কথা স্বদেশকে
দীর্ঘদিন বলতে চেয়েছি
এখনো বলতে চাই -
যেমন আম্মার কাছে একদিন আমার কিছু প্রার্থনা ছিলো
এবাদতের মতোন সেইসব কথার শব্দ. ভাষা
আমি আমার আম্মাকে
একদা বলতে চেয়েছিলাম
আমার এই প্রার্থনা আর এবাদতের কথা
আমি আমার আম্মাকে বলতে পরিনি সেই সময়
বলতে পারিনি
আম্মা, আপনার মতো সুন্দর এ পৃথিবীতে আর কেউ নেই
বলতে পারিনি
আপনার চেয়ে সত্য আমার জীবনে আর কোনো সত্য নেই
বলিনি কোনোদিন
আম্মা, আপনার চোখের চেয়ে গভীর আর সর্বগ্রাসী
কোনো কিছু নেই এই বিশ্বভুবনে
আপনার চুলের চেয়ে আন্দোলিত মন্থিত
উথাল পাথাল আর নিবিড়
আর কোনো প্রকৃতি নেই ইহপরকাল জুড়ে
বলতে পারিনি
আম্মা, আপনার অবিশ্বাস্য আশ্রয় থেকে আপনার অংশ হয়ে
আমি উৎক্ষিপ্ত হয়েছি এই পৃথিবীতে
বেঁচে থাকা নামক আশ্চর্য এক সঙ্গীতের অবিচ্ছিন্ন ধারায়-
আমার এইসব প্রার্থনা মেশানো সংলাপ
আমি আমার আম্মাকে কোনোদিন বলতে পারিনি-
আম্মা আজ আর বেঁচে নেই
জানি কোনোদিন আর বলতে পারবোনা আমি
আমার রক্তের ভেতর থেকে অনুচ্চারিত ক্রমাগত এইসব প্রার্থনার কথা
আমার আম্মাকে পারবোনা বলতে কোনোদিন
কিন্তু স্বদেশ এখনো বেঁচে আছে আমার
এবং স্বদেশ তো বেঁচে থাকবে চিরকাল অনন্তকাল
এক প্রারম্ভ থেকে অন্য এক প্রারম্ভ পর্যন্ত
আমি তো বলতে পারি স্বদেশের কাছে আমার প্রার্থনার কথা
বলতে পারি অনায়াসে-
আমার স্বদেশ তুমি , হে আমার বাঙলা আমার একান্ত বঙ্গলোক
তুমি আমার মায়ের মতোই-
তোমার আত্মায় মৃত্তিকার মধ্য দিয়ে
চিরকালের সব সুন্দর ছবিতে ভরা
প্রবাহিত যে অসংখ্য নদীর প্রবাহ
তাদের তুমি রক্ষা করো চিরকাল
তাদের স্রোতধারাকে বাঁচিয়ে রেখো প্রাচীন বাতাসের
স্পর্শে পবিত্র ক’রে রেখো অজস্র বৃষ্টির বিন্দু বিন্দু প্রাচুর্যে
কোটি কোটি মুহূর্তের আত্মায় প্রবাহিত মন্ত্র উচ্চারণের মতো
চিরকালের প্রভঞ্জনের ঔদার্যে
তুমি আমার আম্মার মতো হে আমার স্বদেশভূমি
আমার চিরকালের সত্য তুমি, আমার চির জীবনের উৎকণ্ঠিত মোনাজাত
তোমারি হাজার বছরের ইতিহাসের ছায়ায়
আর ঐতিহ্য সংস্কৃতি ও বিশ্বাসের কোলে আমি লালিত
তোমার সবুজ পাহাড় সুদীর্ঘ পর্বতমালা
উপত্যকা সরোবর কীটপতঙ্গ আর প্রজাপতির বর্ণাঢ্য উৎসবকে
তুমি তোমার অনিন্দ্য অঙ্গে ধারণ ক’রে রেখো আজীবন
কখনো নষ্ট হতে দিয়োনা
শ্যামলিমাঘন তোমার বনচ্ছায়া
বৃক্ষিরাজিতে পরিপূর্ণ, নিত্যকার জোয়ার ভাটায় আপ্লুত
তোমার প্রসারিত সুন্দরবন
যে অরণ্য আমার আম্মার চুলের মতোই এক জীবন প্রকীর্ণ অন্তর্গত প্রকৃতি
জলের শব্দ পাখিদের উড়াল মেঘ ও রৌদ্রের খেলা
আর পত্রমর্মরে বেঁচে থাকার এক ঘনিষ্ঠ শব্দ
এই পাহাড় অরণ্য এই সুন্দরবনকে তুমি ধ্বংস হতে দিয়োনা কোনোদিন
দক্ষিণলোকে আমাদের বেঁচে থাকার এক বিশাল খোলা জানালা এই সুন্দরবন
যেখানে তোমার সুন্দরবন আর তার খোলা সমুদ্র বাতাস
সেখানেই আজো আমরা বেঁচে আছি এখনো বেঁচে থাকি
আমরা বেঁচে থাকতে চাই চিরকাল এই বঙ্গলোকে
এই সুন্দরবনের বৃষ্টিভেজা জানালায় বাতাসের সামনে দাঁড়িয়ে
তোমার সবুজ পাতা আর বহুবর্ণ ছড়ানো পুষ্পভরা
পুরোনো হওয়ায় আন্দোলিত দরোজাকে
তুমি বিপন্ন হতে দেবেনা কখনো
আমার স্বদেশ তুমি তোমার কাছে আমার ক্রমাগত প্রার্থনা
এবাদতের মতোন ক’রে বলতে দাও
যেখানে আমার আম্মা এবং যেখানে সুন্দরবন আর সমুদ্র বাতাস
সেখানেই বেঁচে আছো তুমি বেঁচে আছি আমি
বেঁচে আছে আমাদের বঙ্গলোক।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




