রাজধানীসহ সারা দেশে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। পুলিশের ভাষায়, ছাত্রলীগ এখন বেসামাল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, সরকারের মতো তাঁদেরও এখন বড় মাথাব্যথা 'ছাত্রলীগ'। সারা দেশ থেকে প্রতিদিন গড়ে ৩০০ অভিযোগ আসছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। সারা দেশে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও দখলবাজের গোপন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২৬০-এর বেশি ছাত্রলীগ নেতা-কর্মীর নাম। গতকাল বুধবার এই তালিকার এক নেতা ঢাকা কলেজের গালিবকে (ছাত্রলীগ, রিপন গ্রুপ) ৫৭ রাউন্ড গুলিসহ পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তাদের মতে, সরকার ও দলের উচ্চপর্যায় থেকে কাউকে ছাড় না দেওয়ার কথা বলা হলেও স্থানীয় রাজনীতিবিদদের কারণে থানা পুলিশের পক্ষে তাদের ধরা সম্ভব হচ্ছে না। অথচ তাদের সামাল দিতে না পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটবে। আর ব্যর্থতার অভিযোগে 'বলির পাঁঠা' হবে পুলিশ। গত কয়েক দিনে পুলিশের বিশেষ শাখা ও সদর দপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গোপন তালিকায় উঠে আসা ২৬০-এর বেশি নামের মধ্যে অন্তত ২০ জন রয়েছেন, যাঁরা নেতৃত্বপর্যায়ের। সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর ক্রমানুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়।
সুত্র: কালের কন্ঠ ১৮ মার্চ ২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



