একদিন হেঁটে হেঁটে, কখনো বাসে, অটোরিকশায়, নৌকায় পার হয়ে
বুড়িগঙ্গা নদী, ফের হাঁটাপথে, দীর্ঘ থেকে দীর্ঘ পলাতক মানুষের মিছিলে
প্রাণের দায়ে ছুটে চলা; সেই দিন।
সন্ধান করি একটি নিরাপদ গ্রাম; অযাচিত মৃত্যু যেখানে দেবে না হানা।
চারদিকে শুধু পোড়া ঘরবাড়ি, ছড়ানো-ছিটানো ভয়ার্ত মানুষের মুখ;
ক্ষুধা-ক্লান্ত পিপাসা-কাতর মুখ। শস্য-শ্যামলা বাংলার মাটিতে অজস্র বারুদ
মিশে গেছে ধূলার মতই।
আমরা ছুটে চলি বেদিশা হয়ে, পেছনে পড়ে থাকে আমাদের ভবিষ্যত।
কাঠপট্টি, ষাটনল, নৌকা পথে পুনরায় কোনো এক অজানার দিকে যাত্রা শুরু
আকাশে কালো মেঘের ঘনঘটা, কিংবা দূরের কোনো প্রজ্জ্বলিত গৃহস্থের বাড়ি
নদীর চরে হয়তো বা জাগ দেওয়া পাটের গাদায় লাশ টানাটানি করে
বেওয়ারিশ কুকুর; লাশ অথবা কুকুর পরিচয় তার বেওয়ারিশ।
আমরা ছুটে চলা কিংবা পলাতক সব পরিচয়হীন, অপরিচিত সব;
কার কোন ঠিকানা, আশ্রয়, সবই অজানা। তবু সবার প্রধান একটি মিল ছিলো
আর তা হলো পলাতক; প্রাণভয়ে ভীত। পেছনে ফেলে আসা ভবিষ্যত; অগণিত লাশ।
তবুও সবার উদ্দেশ্য ছিলো এক- একটি নিরাপদ গ্রামে আশ্রয়।
২২.১০.২০১০
____________________________
***ভিন্ন ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ ভোর ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



