ভাবনাগুচ্ছ - ১১
১
সোনামুখী সূঁচে হয়না প্রেমের কারুকাজ
দর্জির আজ তাই সেলাইয়ে মন নেই
বোতাম অলক্ষ্যে মুখ টিপে হাসে
ম্যাচিং সূতোয় রিপু হতে হতে
সম্পর্কছিন্ন করে পরকীয়া ব্লাউজ।
২
পাঞ্জাবীর পকেটে সুগন্ধী রুমাল
আতরে সুখ খোঁজে মাতাল রাত
স্লীম-কোমর গ্লাসে হুইস্কির বুদ্বুদ
মাদকতা ছড়ায় রমনীর ঠোঁট
গ্রীবার নীচে প্রশান্তির ঢেঁকুর।
৩
দূর্বাঘাসের সজীব উত্থান
শিশির নেতিয়ে পরে কোমল মাটিতে
বীজ খুঁজে পায় শেকড়ের সন্ধান
ক্রমশঃ ডালপালা ছড়ায় বাতাসে
ঘরে ঘরে আজ তাই নবান্নের উৎসব।
৪
সলতের চুমুতে জ্বলে ওঠে প্রদীপ
তেলে ডুবে থাকে অমরত্বের স্বাদ
প্রণয়ের সাধে সাজে বিষণ্ন ধূপ
সানাইয়ের সুরে নাচে পিপীলিকা
প্রেম মন্ডপে পুড়ে মরে পুজারীনি।
৫
প্রজাপতির ডানায় নাচে বিবর্ণ ব্যাঙ
ডাহুকের পায়ে বাজে ক্রন্দসী নূপুর
ক্যানভাসে কথা বলে বিব্রস্ত নারী
তুলির নিপূণ আঁচড়ে দিগন্তের ছাপ
ঘূণধরা চার দেয়ালে ভালবাসা পাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

