হাঁসেরা নেমে গেল জলে,যখন তারা ছোট ছোট নৌকা হয়, পুকুর তখন বড় হতে হতে সমুদ্দুর হয়ে ওঠে।
কেটলি, ধোঁয়া ফুসফুস। তারপর চা পাতারা কিছুটা ঘুরল, কিছুটা ছুটল, দেখলুম আকাশ ভরা সূর্য তারা আর তার তত্বকথা ছাড়িয়ে আকাশের রঙান্তর।
নরম তালের খলবলে খলবলে শাঁস, ছাড়াতে ছাড়াতে যে বিরক্তির জন্ম,যৌনকামনার ভেতর আর কোনও পর্দা যখন চাই না, যদিও তার আগে জালি জালি ব্যান্ডেজের ভেতর সম্পূর্ণ শরীরটা ফুটে উঠতে থাকে,ভেঙে যাওয়া ও জ্বীব্বা পড়ে থাকে অবিচল।
আমার ছোটবেলার ঘুড়িগুলি জানি উড়ে গেছে সাত সমুদ্দর পার হয়ে কোন চম্পক নগরীতে, তাদের ভেতরে ছিল বুদ্ধবাবুর অনূদিত বোদলেয়ার আর সাত ঘোড়ায় টানা রথের জিন, তাই তারা কেউ আজ আমার কাছাকাছি নেই, হায়, আমার প্রেমিকারা।
আসলে জীবন কি আন্দোলন? সাইন-কস-কার্ডিওয়েড!
সে এক তুমুল কাণ্ড বটে, এতকিছু একসঙ্গে ছুটে এলে, টিয়ার গ্যাস, লাঠি, বুলেট- আমরা ছত্রাখ্যান হয়ে পড়ি, এলোমেলো বিছানার চাদর, আলোর ঘুলঘুলি বটপাতারা, ঘুড়ি বাতাস কেটে উড়ে উড়ে চলে যাওয়া সমুদ্দুর পার।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


