আজকাল এত বেশী জ্যাম; সারাদিনই রাস্তায় গাড়ির ভীড়; মনে হয় বিরাট গাড়ির হাট বসেছে রাস্তায় । সব কটা নিলামে বিক্রি হবে!
আর গরম এর কথা কি বলব । বাসে এসি কবে পাব !!!
অনেক ক্লান্ত-শ্রান্ত হয়ে বাসায় ফিরলাম । আম্মা প্রতিদিন বলছে, চেহারার কি হাল হয়েছে আজকাল ! সময় কই হয় আয়নায় নিজেকে দেখার প্রতিদিন ! গরম, ধুলো আর ছুটোছুটিতে আমি কুপোকাত ! আহ্ ! মাসে একবার পারসোনার কল্যানে তাও লাবন্য মলিন হতে হতে প্রাণ ফিরে পায় ...
ইফতারের আগে আর পরে একটু ব্লগে উঁকি দিলাম; উদ্দেশ্য একটু রিচার্জ হওয়া। ব্লগার সারওয়ার চৌধুরীর একটা পোস্ট পড়তে গিয়ে তালাত মাহমুদের দু'টা গান মনে পড়ে গেল । সারওয়ার ভাই -ও নাছোড়বান্দা টাইপ হয়ে একটা গানের লিরিক চেয়ে বসলেন ।
সিডিটা ছেড়ে কানে হেডফোন লাগাতেই ক্লান্তি ভাবটা দূর হয়ে গেল ! ছোট ছোট কথায় সহজ প্রকাশ। টাইপ করে ফেললাম ছটপট...গানের কথার সাথে যদি বাদ্যযন্ত্রের মাধূর্যতাও লিখে প্রকাশ করতে পারতাম তাহলে আরো ভাল হতো... সিডিতে গানটা এখনো চলছে.........
*********************************************
রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার
কাছে কেউ না এলে এবার ?
মনের ওই এতো মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার ।
ও নুপূর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে
যদি কেউ না থাকে দেবার ।
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
রঙিন ওই দিনগুলি কি এমন রবে
সাড়া কেউ দেবে না যে আর ।
***********************************************
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



