করোটির প্রকোষ্ঠে প্রকোষ্ঠে ধাবিত গরল,
ধমনীর বার বার সংকোচনে সংকীর্ণতা মনেও,
ফুসফুসে জমা বিষাক্ত প্রশ্বাসে দূষিত বাতাস;
এক উন্মাদ জেগে উঠে!
রাঙা চাউনিতে বিভীষিকার ইশারায়
নেচে ওঠে পালিত শাবকেরা
কল-কাঠি নাড়ে কেবা আবডালে; মুখোশে।
প্রচ্ছন্ন অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর - ঘণীভূত।
রামরাজ্যে রাবণের ছায়া!
দশাননে খেলে কূমন্ত্রণা-
দখলের লালসা কেবলি তাড়ায়!
বশীকরণ মন্ত্রে মানবেরা যন্ত্র!
হাত-চোখ-মুখ বাঁধা পড়ে আছে
অলিখিত দলিল-দস্তাবেজে কঠোর গোপনে।
প্রজাতে প্রজাতে প্রজাতি বিভেদ প্রকট অতি।
কেউ অটল; কারো দুর্ভেদ্য প্রাচীরে ফাটল; কূচক্রী সক্রিয় চালে।
মেরুদণ্ডের টক্কর লুকানো অস্ত্রের সাথে;
দামামা, হল্লায় জ্বলে ওঠা, ফুঁসে ওঠা;
পাশা পালটে যায়, বদলে যায় চাল ।
অন্ধকার সাম্রাজ্যে খসে খসে পড়ে ইট-কাঠ!
এ আধিপত্যও গত হয়ে বিগত হবে!
৮ই অক্টোবর ২০০৯
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




