বারোয়ারি যাতাকলে হিসেবি জীবন চুঁইয়ে চুঁইয়ে বাঁচে।
আভিজাত্যের বিলাসী চেতনায়
দু’চোখ মরা মাছের মত ঘোলাটে হতে না হতেই
নাকে-মুখে গোঁজা সকাল।
নোনতা ঘামে ভিজে জবজবে আরো এক খরখরে দিন।
ব্যয়বহুল পসরায় বিত্তহীন নিম্নবিত্ত,
মধ্যবিত্তের গৎবাঁধা টানাপোড়ন।
রোজকার নিশ্চিত-অনিশ্চিত কামলায়,
হয় না! হয় না !
চিমসে যাওয়া বুক-পেট রাতারাতি ফুলে-ফেঁপে, থলথলে মাংসল হয় না!
কোষাগারে নাকি উপচে পড়ে সমৃদ্ধি!
ওদিকে টেবিল তলে নীতির রগরগে সওদা,
পকেটে ঠাসা অর্থ-বোধ।
সাদা-কালো মতবাদে, মতভেদে রমরমা টক-শো অর্থনীতি।
কোনটা যে ঠিক! আর কোনটা সঠিক!
ভুলের হিসেব বলো কে করে?
পুঁজিহীন দৈন্য করতল বারবার ঘেমে ওঠে পুঁজিবাদী তত্ত্বে।
---------------------
২২শে সেপ্টেম্বর ২০০৯
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


