******আতাউর রহমান, দৈনিক সংবাদ রিপোর্ট - ৬ জুলাই ২০১০
জামায়াত নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদী গোয়েন্দাদের হাতে জামায়াত-শিবিরের বিভিন্ন অপরাধের ভিডিও ফুটেজসহ নানা ধরনের তথ্য-প্রমাণ দেখে চমকে ওঠছেন। জিজ্ঞাসাবাদে ওই তিন নেতা তাদের অপকর্মের কোন কিছু অস্বীকার করলেই কর্মকর্তারা তাদের সামনে ভিডিও ফুটেজ এবং অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ তুলে ধরছেন। গোয়েন্দাদের এ ধরনের কৌশলী জিজ্ঞাসাবাদে রিমান্ডে থাকা জামায়াত নেতারা বিব্রত হয়ে পড়ছেন। কোন কোন বিষয়ে তারা নিজেদের দোষ স্বীকার করে নিলেও স্পর্শকাতর বিষয়ে তারা তাদের মতো করে ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছেন। গতকাল সাঈদীকে প্রথা-বিরোধী লেখক হুমায়ুন আজাদ হত্যাকা- এবং নিজামীকে পতেঙ্গা সারকারখানা থেকে ১১৮২ টন বিস্ফোরক (রক সালফার) লুট ও জেএমবি কানেকশন সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদকারী একাধিক কর্মকর্তা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদকারী সূত্র জানায়, গতকাল জামায়াত নেতা দেলাওয়ার হোসেইন সাঈদীকে প্রথা-বিরোধী লেখক হুমায়ুন আজাদের হত্যাকা- সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হুমায়ুন আজাদের হত্যাকা- নিয়ে জিজ্ঞাসাবাদে সাঈদী বিব্রতবোধ করেন। গোয়েন্দারা তার কাছে জানতে চান, আপনি তো প্রথা-বিরোধী লেখক হুমায়ুন আজাদকে হত্যা করিয়েছেন। এ সময় সাঈদী বলেন, অসম্ভব। আমি তাদের নাস্তিক কার্যক্রম পছন্দ করতাম না। এ সময় গোয়েন্দারা তাকে বলেন, আপনি একাধিক ওয়াজ ও মিটিংয়ে জনসম্মুখে হুমায়ুন আজাদকে হত্যার হুমকি দিয়েছিলেন। এবারও তিনি অস্বীকার করলে গোয়েন্দাদের কাছে থাকা এ সংক্রান্ত ওয়াজের অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ শোনানো হয় সাঈদীকে। অডিও এবং ভিডিও ফুটেজ দেখে দেলাওয়ার হোসেন সাঈদী আঁতকে ওঠেন।
রিমান্ডে থাকা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে জোট সরকারের আমলে পতেঙ্গা ফার্টিলাইজার কারখানা থেকে বিস্ফোরক জাতীয় ১১শ' ৮২ টন রক সালফার লুটের ঘটনায় গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লুট হওয়া এ বিপুল পরিমাণ সালফার কি করে জেএমবি জঙ্গিদের হাতে গেলে এ নিয়ে নিজামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তরা নিজামীর কাছে জানতে চান, লুট হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক কি করে জেএমবি'র হাতে গেল? এ সময় তিনি নিশ্চুপ থাকেন। এক পর্যায়ে কৌশল নিয়ে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তরা তাকে বলেন, আপনি জেএমবি ও বাংলা ভাই'র পৃষ্ঠপোষক এবং আড়ালে আপনাদের মাধ্যমেই জেএমবি পরিচালিত হচ্ছে। এ সময় নিজামী তা অস্বীকার করেন। পরে গোয়েন্দাদের কাছে থাকা বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জেএমবি নেতা সাইদুর রহমানসহ অপর জঙ্গিদের বক্তব্য নিজামীকে শোনানো হলে তিনি চুপ হয়ে যান। পরে ১১শ' ৮২ টন রক সালফার লুটের ঘটনায় নিজামী ওই সময়কার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর দোষ চাপিয়ে দেন। তিনি বলেন, এগুলো সারকারখানা থেকে কী করে সরিয়ে ফেলা হয়েছে তা তার জানা নেই। তৎকালীন সময়ের শিল্পমন্ত্রী হিসেবে তিনি দায় এড়াতে পারেন কি না-গোয়েন্দারা এমন প্রশ্ন করলে নিজামী আবারো চুপ হয়ে যান বলে সূত্র জানায়।
এদিকে রাষ্ট্রপতির গাড়িবহরে হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় মুজাহিদ ও সাঈদীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন তদন্ত কর্মকর্তা। আদালত নিজামীসহ ওই তিন নেতাকে এ মামলায় তিনদিনের রিমান্ড দিলেও গতকাল এ মামলায় নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই শামসুর রহমান গতকাল 'সংবাদ'কে জানান, রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা করে দেশে বড় ধরনের সঙ্কট সৃষ্টির চেষ্টা করেছিল জামায়াত নেতারা। এমন তথ্য তারা তদন্তে পেয়েছেন। এজন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, রিমান্ডে থাকা জামায়াত নেতা মুজাহিদ ও সাঈদী এ হামলার কথা স্বীকারও করেছে। তবে তারা দাবি করছে দেশে কোন সঙ্কট সৃষ্টি নয়, সরকারকে চাপে রাখতেই সেদিন এ ঘটনা ঘটানো হয়েছে। তাছাড়া সেদিন গাড়ি ভাঙচুরসহ কোন সহিংস ঘটনারও নির্দেশ ছিল না বলেও তারা দাবি করেন।
=========================================
দৈনিক কালের কন্ঠ রিপোর্ট
যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে ১০ সদস্যের কমিটি!
রিমান্ডে জামায়াতের তিন নেতার তথ্য
মাসুদ কার্জন
বহুল আলোচিত যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে ১০ সদস্যের একটি কমিটি গঠনের কথা স্বীকার করেছেন পুলিশের রিমান্ডে থাকা জামায়াতের স্থানীয় তিন নেতা। তাঁরা জানান, ব্যারিস্টার রাজ্জাকের নেতৃত্বে এই কমিটির কাজ তাদের (জামায়াত) পক্ষে জনমত গড়ে তোলা। প্রাথমিকভাবে এ কাজের জন্য ৬৬ লাখ টাকার তহবিলও বরাদ্দ আছে। এ ছাড়া যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে জামায়াতের মধ্যে বিদ্যমান নানা বিরোধের কথাও স্বীকার করেছেন জামায়াত নেতারা। তাঁরা তিনজনই দাবি করেন, গ্রেপ্তারের পর এ বিরোধ আরো মাথাচাড়া দিতে পারে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে রিমান্ডে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল সোমবারও তাঁদের কখনো একা, কখনো একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
'জেএমবি, জঙ্গি বা বাংলা ভাই সম্পর্কে আমার কিছুই জানা নেই।' পুলিশ জামায়াতের সঙ্গে জেএমবির যোগাযোগের প্রসঙ্গ উত্থাপন করতেই অনেকটা ক্ষোভের সঙ্গে এমন মন্তব্য করেন রিমান্ডে থাকা জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। পরে 'বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি'_মন্ত্রী থাকাকালীন নিজামীর বক্তব্যসংবলিত পত্রিকার কাটিং ও ভিডিও ক্লিপিংস উপস্থাপন করে পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহের প্রসঙ্গ তুললে তিনি বিব্রত বোধ করেন। জিজ্ঞাসাবাদকারীরা তখন জানতে চান, সরকারের মন্ত্রী থেকে এ রকম মন্তব্য বাংলা ভাইকে বাঁচানোর জন্য কি না। এ প্রশ্ন শুনে নীরব হয়ে যান নিজামী। এ প্রসঙ্গে আর কথা বলতে চাননি তিনি। সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা নিজামীকে জিজ্ঞাসাবাদের ঘটনা এভাবেই বর্ণনা করলেন। বাংলা ভাই, জেএমবি ছাড়াও চারদলীয় জোট সরকারের আমলে চট্টগ্রামের পতেঙ্গায় টিএসপি কারখানা থেকে এক হাজার ১৮২ টন রক-সালফার (এক ধরনের বিস্ফোরক) গায়েব হওয়ার ঘটনায় নিজামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব বিস্ফোরক পরে জেএমবির হাতে যায়। তা দিয়ে জেএমবি বোমা তৈরি করেছিল বলে এর আগে জিজ্ঞাসাবাদে জেএমবির প্রধান সাইদুর গোয়েন্দাদের জানিয়েছে।
এদিকে রিমান্ডে থাকা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ড. হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার দেখানো হতে পারে। এ ব্যাপারে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টতা মিলেছে বলে সূত্রগুলো দাবি করেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, রবিবার রাত ২টা পর্যন্ত নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সোমবার সকালে তিনজনকে পাশাপাশি বসিয়ে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের একাধিক দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। একেক দল একেকটি বিষয় নিয়ে তাঁদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করছে।
সূত্রমতে, মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে পতেঙ্গার টিএসপি কারখানা থেকে রক-সালফার গায়েব হওয়ার ঘটনা ঘটে। ওই সময় কারখানাটির স্টোর ইন-চার্জ ছিলেন আহলে হাদিস নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবের ভাতিজা জেএমবির এহসার সদস্য সালাফি। বিপুল পরিমাণ বিস্ফোরক গায়েব হওয়ার ঘটনায় মামলা হয় এবং সালাফি গ্রেপ্তার হয়। কিন্তু ওই মামলাটি বেশি দূর এগোয়নি।
গতকাল জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মতিউর রহমান নিজামীর কাছে কেন এই মামলাটির এ রকম পরিণতি হয়েছিল, জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, মামলা দেখভালের দায়িত্ব তো পুলিশের। জিজ্ঞাসাবাদকারীরা পাল্টা প্রশ্ন করেন, 'আপনার মন্ত্রণালয়ের অধীনে থাকা কারখানা থেকে এত বড় একটি চুরির ঘটনা ঘটল, আপনি তা ছাড় দিলেন কেন?' নিজামী জবাব দেন, 'ব্যস্ততার কারণে সবকিছুর খোঁজ রাখা সম্ভব ছিল না।' জিজ্ঞাসাবাদকারীরা প্রশ্ন করেন, 'ব্যস্ততা, না ইচ্ছাকৃত?' তখন অনেকটা চুপ হয়ে যান নিজামী। তাঁকে জানানো হয়, বিপুল পরিমাণ এসব বিস্ফোরক পরে জেএমবির হাতে যায়। জেএমবি প্রধান সাইদুর রহমানও জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে অনেক কথা জানিয়েছেন। সাইদুর বিস্ফোরকের কিছু অংশ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার কথাও গোয়েন্দাদের জানিয়েছে।
পুলিশ জানায়, সালাফিকে মতিউর রহমান নিজামীই চাকরি দিয়েছিলেন। কেন তাকে ওই কারখানায় চাকরি দিয়েছিলেন_এমন প্রশ্নেরও সঠিক জবাব দিতে পারেননি নিজামী।
জামায়াতের শীর্ষ কোনো নেতার সুপারিশ ছাড়া বাংলাদেশের কেউ মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। কিন্তু জেএমবির অনেক সদস্যই মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধরা পড়ার পর জেএমবির একাধিক সদস্য জিজ্ঞাসাবাদে পুলিশকেও এ তথ্য দিয়েছে। বর্তমানে জেএমবির শুরা সদস্য শাহেদ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সে এখন জেএমবির আমির পদের দাবিদার। মদিনা বিশ্ববিদ্যালয়ে এসব জঙ্গিদের ভর্তির বিষয়ে জামায়াত নেতারা কেন সুপারিশ করেছেন, এমন প্রশ্নের জবাবে নিজামী বলেন, 'বিষয়টি আমার জানা নেই।'
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর কাছে হুমায়ুন আজাদ সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু কোনো কথা বলেননি তিনি। জিজ্ঞাসাবাদকারীরা তখন সাঈদীকে উদ্দেশ করে বলেন, 'হুমায়ুন আজাদের ওপর হামলায় তো আপনি খুশি হয়েছিলেন।' সাঈদী বলেন, 'তা কি হয় নাকি?' তখন তাঁর একটি 'ওয়াজ'-এর ক্যাসেট বের করা হয়। ক্যাসেটটিতে হুমায়ুন আজাদকে কাফের, ইসলামের শত্রু বলে আখ্যা দিয়েছিলেন সাঈদী। এর কিছু দিন পরই একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমীর সামনে তাঁর ওপর হামলা হয়। হামলার পর সাঈদী তাঁর ওয়াজে বলেছিলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাফের ছিল, তার শাস্তি হয়েছে।' ক্যাসেট শুনে সাঈদী পরক্ষণে বলেন, 'ওয়াজের সময় কথা প্রসঙ্গে অনেক কিছুই বলতে হয়।' জিজ্ঞাসাবাদকারীরা বলেন, 'তাহলে কি ওয়াজ মাহফিলের নামে আপনি রাজনীতি করেন?' পরে সাঈদীকে শোনানো হয় তাঁর ওয়াজ মাহফিলের আরেকটি ক্যাসেট। যেখানে তিনি বলছেন_'ইসলামের জন্য সশস্ত্র জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে।' কেন এই কথা তিনি প্রচার করেন জানতে চাইলে সাঈদী কোরআন-হাদিসের ব্যাখ্যা দিয়ে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেন।
হাজতে কথাকাটাকাটি : সূত্র জানায়, ডিবির হাজতখানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে জেএমবির এহসার সদস্য সৈকতকে। রবিবার এই এহসার সাঈদীকে দেখেই ক্ষেপে যান। সাঈদীকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করেন। তাঁকে কাফের আখ্যা দেয়। সৈকত বলে, 'আপনি ওয়াজ করেন একরকম আর কাজ করেন নিজের সুবিধামতো।' এ ছাড়া সৈকত নিজামীর পেছনে নামাজ পড়তেও অস্বীকৃতি জানায়। এক কর্মকর্তা জানান, রবিবার রাতে নামাজের সময় হলে নিজামী নামাজে দাঁড়ান। অন্য আসামিরা নিজামীর পেছনে নামাজে দাঁড়ালেও সৈকত নিজামীকে ইসলামের লেবাসধারী আখ্যা দিয়ে তাঁর পেছনে নামাজ না পড়ে আলাদাভাবে নামাজ আদায় করে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১০ সকাল ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


