হৃদয় ছলকে ওঠা আর্তনাদের তীব্রতা
নিয়তই বয়ে চলি- গায়ে, মাথায়, রক্তের
প্রতিটি বিন্দুতে। অমোঘ মধ্যটানে কেবলই
প্রোথিত হই দৈনন্দিন দ্বিধার জমিনে।
মধ্যবিত্ত বোধ, সংকোচ, সামাজিক দায় দেনা
সবকিছু মেনে চলি, তুমিই অচেনা..
আয়নার এপারে ওপারে
নিজের সাথেই আজন্ম যুদ্ধ এক
নিজেকেই খুন করি- আবারো বাঁচাই
এ এক দারুণ খেলা।
বেগবান সময়ের ভাঁজ খুলে তবু..
স্বপ্নপ্রাপ্ত মালিশের শিশি হাতে
কে এক ফেরিওয়ালা সমানে হেঁকে চলে
আহা যদি এমন হত..
কোন এক মায়াবী প্রহরে
লোকভয়, ধর্মের বিভ্রান্ত দেয়াল, সমস্ত
নিষেধ মানা, মানবিক চৌকাঠ-
আচমকা পেরিয়ে গিয়ে
সমগ্র দ্বিধাজাল নিমেষেই ছিঁড়ে খুঁড়ে
তোমার ঘরের কাছে নিঃসংকোচ পৌঁছে
যাই। তোমাকে ছিনিয়ে আনি তোমার
ভেতর থেকে, তোমাকে ফিরিয়ে আনি
হৃদয়ের নিঃশব্দ চিৎকারকে
নিরঙ্কুশ প্রণতি জানিয়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


