নাহ্! আমি কোনো জড়োপাসক নই।
এই মৃন্ময় আসমানে ভাসমান এক জলবিম্ব বলে
আমি শুধু জলের জড়িমা ছাড়তে পারিনি।
আমার জলবন্ত সত্তার সজীব জৌলুশ
এই জিজীবিষু জীবনের জাফরান জামদানি-
সে তো জলেরই অঞ্জলি।
একদিন জীবনের জমজমে আতীব্র তৃষ্ণায়
আকণ্ঠ চুমুক রেখেছি বলেই
আজ আমার দেহময় বহমান অজস্র জাহ্নবী
আমি জলের পরাগে ফোটা প্রাণের কুসুম
বিশুষ্ক এ মৃত্তিকার পরিব্যাপ্ত শূন্যতায়
আমি তো জয়িষ্ণু জলধির চলিষ্ণু জয়ন্তী।
হতে পারি জলের জরায়ু ছেড়ে আসা যুযুৎসু জাতক
তবু এই জলের জাজিম-আমার আজন্ম জায়নামাজ।
একে তোমরা জলগূঢ়ৈষা বলো-আপত্তি নেই
কিন্তু বস্তুভজনার অবিমৃষ্য অপবাদ কেনো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

